খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অর্থ পাচার মামলার রায় ‘আইনগত বৈধ নয়’ বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল অভিযোগ করেন, কোকো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। সরকার অতি ক্ষিপ্রতার সঙ্গে আদালতকে ব্যবহার করে কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাত্র ১৭ দিনের মধ্যে সাজা দিয়েছে। কোকোকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি।কোকো কেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি— সাংবাদিকদের এ প্রশ্নের জবাব না দিয়ে সংবাদ সম্মেলন শেষ করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও আবদুল মঈন খান উপস্থিত ছিলেন। কোকোর সাজার প্রতিবাদে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দৈনিক বাংলা, ফকিরাপুল হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রদলের ঢাকা মহানগর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী শ্রমিক দলও কোকোর সাজার প্রতিবাদে গতকাল মতিঝিলে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনার কারণ নেই: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বলে সংবিধানে কোনো কিছু নেই। তাই এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনার কোনো কারণ নেই। জাতীয় প্রেসক্লাবে গতকাল ‘প্রস্তাবিত সংবিধান সংশোধন ও গভীর সংকটে দেশ’ শীর্ষক এক সেমিনারে মওদুদ এ কথা বলেন। তিনি বলেন, সংবিধান সংশোধন নিয়ে সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে উত্তরণের জন্য রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই।বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সেমিনারের আয়োজন করে। ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারও বক্তব্য দেন।