জিয়াসহ তিন নেতার ছবি টাঙানোর ঘোষণা খন্দকার মাহবুবের
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ তিন নেতার ছবি আবার টাঙানো হবে। যতবার ছবি নামানো হবে প্রয়োজনে রক্তের বিনিময়ে তা আবার টাঙানো হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কক্ষে টানানো তিন নেতার ছবি নামানোর প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। গতকাল রোববার সমিতির সভাপতি কক্ষে জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর ছবি টাঙানো নিয়ে আইনজীবীদের মধ্যে হইচই ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার ব্যবধানে সরকার সমর্থক আইনজীবীরা ছবি নামিয়ে ফেলে। এ নিয়ে আইনজীবী সমিতি প্রাঙ্গণে ছিল উত্তাপ।গত ১৭ নভেম্বর এক সভায় সমিতি তিন নেতার ছবি টাঙানোর সিদ্ধান্ত নেয়। এরপর ২০ নভেম্বর এক সভায় সমিতির সরকার সমর্থক অংশ এর প্রতিবাদ জানায়। ওই সিদ্ধান্ত অনুসারে গতকাল পৌনে একটার দিকে সমিতির সভাপতি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিপরীত পাশে দেয়ালে তিনজনের ছবি টাঙানো হয়। আজকের প্রতিবাদ সভায় সমিতির সভাপতি বলেন, এ ঘটনায় যেসব আইনজীবীর নাম এসেছে তাঁরা ব্যক্তি স্বার্থে এ জঘন্য কাজ করেছে। ইতিহাসে তাঁদের নাম জঘন্যভাবে লেখা থাকবে। সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে ছবি নামানোর ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়। একই সঙ্গে পুনরায় ছবি টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবাদ সভায় আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস কাজল প্রমুখ বক্তব্য দেন।