জীবন ও পণ্যের নিরাপত্তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন, শ্রমিক ও পণ্যের নিরাপত্তা চাইলেন ব্যবসায়ীরা। স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁরা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হলে তাঁরা আরও বিনিয়োগ করবেন।দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় গতকাল রোববার এসব কথা বলা হয়েছে।মতিঝিলে এফবিসিসিআইয়ের মিলনায়তনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা আইনশৃঙ্খলার অবনতির কারণে সৃষ্ট নানা সমস্যার কথা বলেছেন। ব্যবসায়ীরা এ সময় সারা দেশে মাদকের বিস্তার ও সীমান্ত দিয়ে মাদকের চোরাচালান, মহাসড়ক থেকে পণ্যবোঝাই ট্রাক ছিনতাই ও চাঁদা আদায়, প্রয়োজনের সময় পুলিশকে না পাওয়া এবং পুলিশের কারণে নানা ধরনের হয়রানির কথা বলেছেন। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারা দেশ থেকে আসাসহ ৪১ জন ব্যবসায়ী বক্তব্য দেন।সভার প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, গত তিন বছরে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করেছে। ব্যবসার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। কিন্তু এখনো সে পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ব্যবসায়ীদের সহায়তা ছাড়া এটা সম্ভব নয়।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি বলব না, সব পুলিশ সদস্যকে পরিশুদ্ধ করে ফেলেছি। তাদেরও কিছু দোষত্রুটি আছে। তার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পেরেছি।’বিশেষ অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘পুলিশের পা নাগরিকের বুকে—এটা আমাদেরও কাম্য নয়। কিন্তু আগের ঘটনাটিও দেখতে হবে।...আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তারা চড়াও হলো, গাড়ি পুড়িয়ে দিল। এদের পেছনে রাজনৈতিক গুরুরা আছেন। নইলে তারা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পেত না।’স্বরাষ্ট্রসচিব (গতকাল বদলি হয়েছেন) আবদুস সোবহান শিকদার বলেন, ভারত সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে থাকা ফেনসিডিলের কারখানা গুঁড়িয়ে দিয়েছে। ফলে দেশে এখন ফেনসিডিল আসা অনেকটাই বন্ধ হয়েছে। মিয়ানমার থেকে বেশি ইয়াবা ট্যাবলেট আসে। এটা বন্ধে চলতি মাসেই বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘পুলিশের মধ্যে যাদের নৈতিক স্খলন হয়, তাদের আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবে চিহ্নিত করি না। আমাদের মধ্যে কিছু স্খলন থাকতে পারে। কিন্তু আমাদের সাফল্যও কম নয়।’ মাদকাসক্তিকে এ মুহূর্তে দেশের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেন তিনি।র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান বলেন, আইন পাশ কাটিয়ে, আইনের ব্যত্যয় ঘটিয়ে র‌্যাবের কোনো সদস্য যেন আইনবহির্ভূত কাজ করতে না পারে, সে জন্য র‌্যাব সব সময় সচেষ্ট আছে।এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবদুস সালাম মুর্শেদী অভিযোগ করেন, গত এক মাসে দেড় শ ট্রাক ছিনতাই হয়েছে। এটা বন্ধে হাইওয়ে পুলিশের টহল আরও বাড়াতে হবে।স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। বিনিয়োগের আগে আমরা দেখি জীবনের নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তা। আমরা যদি নিরাপত্তা পাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে তাহলে ভবিষ্যতে আমরা আরও বিনিয়োগ করব।’ সভায় সংগঠনের পক্ষ থেকে ১৫টি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন তিনি।মুক্ত আলোচনা: মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের মো. দ্বীন আলী বলেন, হাইওয়ের গতিরোধকগুলো ব্যবসায়ীদের জন্য সমস্যার কারণ। এতে সন্ত্রাসীদের সুবিধা হচ্ছে। তারা গতি শ্লথ হলেই ইচ্ছামতো ছিনতাই ও চাঁদাবাজি করছে। পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল কায়সার বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চাল-ডালের ট্রাক নিয়মিত ছিনতাই হয়। মাঝখানে সিরিজ ডাকাতি হয়েছে। সাংসদদের নিয়ে এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। কোনো লাভ হয়নি।কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি জসীম উদ্দিন বলেন, ঈদের আগে তাঁর একটা কাভার্ড ভ্যান আটকে পুলিশ বকশিশ চেয়েছিল। অর্থ না দেওয়ায় সাদা গাড়িতে নীল লেখা কেন—এই অপরাধে ১৫১ ধারায় মামলা করে।নারী উদ্যোক্তা আজিজা খাতুন হক বলেন, ‘আমি প্রতিদিন টঙ্গী থেকে উত্তরা আসি। টঙ্গী ব্রিজে সব সময় যানজট থাকে। এক দিন গাড়ি থেকে নেমে জানতে পারলাম, ওই ব্রিজের ওপরে ফুটপাত দখল করে একটি বাজার গড়ে উঠেছে। আর সেখানকার ট্রাফিক সার্জেন্টরা কমার্শিয়াল গাড়ি দেখলেই আটকায়; টাকা নেয়।’যশোর চেম্বারের সভাপতি শহীদুল ইসলাম বলেন, সীমান্তে গাঁজা ও ফেনসিডিলের রমরমা ব্যবসা চলছে। ওই সব কারখানার মালিকদের ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দিলে তা কমে যাবে।রাজশাহী চেম্বারের উপদেষ্টা জামাত খান বলেন, ‘ভোরবেলা ট্রাকে মাল লোড করার সময় সন্ত্রাসীরা ধরে চাঁদা নিয়ে যাচ্ছে। কিন্তু ওই সময় পুলিশকে বলেও কোনো উপকার পাই না। পুলিশ আসতে আসতে অনেক দেরি হয়ে যায়।’বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন বলেন, ‘মানিকগঞ্জের নির্দিষ্ট একটি স্থান দিয়ে গাড়ি যাতায়াত করলে অনেক সময়ই সার্জেন্টরা আটকায়; চাঁদা দাবি করে। চাঁদা না দিলে গাড়ি ছাড়ে না।’বাংলাদেশ পেট ফ্লেকস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতা সৈয়দ নাহিদুর রশিদ বলেন, ‘একবার আমার রপ্তানি করা হবে এমন পণ্য চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করে। কিন্তু পথের এক স্থানে টহল পুলিশ ট্রাকটি আটকায় এবং পণ্যের কার্টন খোলে। তাদের সঙ্গে বেশ কয়েকবার কথা বলার অনেক পরে গাড়ি ছাড়ে। কিন্তু এতে আমাদের ক্ষতি হয়। কার্টন খুলতে পারেন একমাত্র বন্দরের কর্মকর্তারা, পুলিশ কেন খুলবে?’