দূর দিগন্তে মিশে আছে সফেদ সমুদ্র। মাঝে মাঝে মাছধরা নৌকার আবছা আকৃতি। একটি নৌকা এসে তটে ভিড়েছে। হাড়ভাঙা খাটুনির পর ক্লান্ত জেলেদের মিলেছে অবসর। কেউ কেউ ঘুমে ঢলে পড়েছেন নৌকার পাটাতনে। সৈকতের ভেজা বালুতে নৌকায় ঠেস দিয়ে বসে হুঁকো টানছেন একজন। গলা বাড়িয়ে উঁকি দিচ্ছেন কৌতূহলী কেউ কেউ। এর মধ্যে একজন আবার বাঁশি তুলে নিয়েছেন ঠোঁটে। সেই মোহন সুর যেন এক ইন্দ্রজাল বিছিয়ে দিয়েছে চরাচরে। সুরে কান পেতে তন্দ্রায় ঢলে পড়েছেন তাঁরই এক অবসন্ন সঙ্গী। সমুদ্র থেকে মাছ ধরে ফিরে আসা জেলেদের এই অবসরের মুহূর্তটিকে ১০ ফুট বাই ৬ ফুটের বিশাল ক্যানভাসে মূর্ত করে তুলেছেন দেশের অন্যতম অগ্রগণ্য শিল্পী রফিকুন নবী। আজ শুক্রবার থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হচ্ছে তাঁর দশম একক শিল্পকর্মের প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায় বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও শিল্পীনুরাগী সৈয়দ দুর্জয় রহমান। সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ আনিসুজ্জামান। প্রদর্শনী ২২ এপ্রিল প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। এবারের প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ২৬টি। এর মধ্যে ১৪টি অ্যাক্রিলিকের এবং ১২টি জলরং। উল্লম্ববিন্যাসে আঁকা চারটি জলরঙের ছোট কাজ বাদে বাকি কুড়িটি কাজই আকারে বিশাল। কোনো কোনোটি প্রদর্শনী কক্ষের দেয়ালজুড়ে একটিই ছবি। যদিও শিল্পকর্মের গুণ-মান বিচারে আকার গুরুত্বপূর্ণ নয়, তবু বড় আকারের ছবির একটি ভিন্ন মজা আছে। আর সেটি যদি হয় নিসর্গসংলগ্ন কোনো কিছু, তবে সেই ছবির সামনে দাঁড়ালে মনে হয়, চোখের সামনে যেন এক অদেখা দিগন্ত উন্মোচিত হয়েছে। রং, রেখা, অবয়ব এমন করে হূদয়কে আবিষ্ট করে তোলে যে নিজেকেও ওই ছবির অংশ বলে ভাবতে ইচ্ছা করে। রফিকুন নবী এমন কিছু কিছু বিষয়কে এবার অবলম্বন করেছেন, যার স্মৃতি বাঙালিমাত্রেই রয়েছে। ফলে ছবির সামনে দাঁড়ালে সেই দৃশ্যগুলো যখন মনে জেগে ওঠে, তখন এক অনায়াস একাত্মতা সৃষ্টি হয়। শিল্পের সঙ্গে দর্শকের এ একাত্মতা সৃষ্টিও শিল্পরচনার একটি প্রধান লক্ষ্য, যা তিনি নান্দনিকতার দাবি মিটিয়েই অর্জন করতে পেরেছেন।তিনি এঁকেছেন খুবই চেনা কিছু দৃশ্য। নদীতে মাছ ধরছেন জেলেরা। মাছ ধরার এই দৃশ্য কারইবা অদেখা। কিংবা অপত্যস্নেহের সেই দৃশ্যটি, বাবা সাইকেল নিয়ে বেরিয়েছেন শহরের পথে। সামনের রডে লাল রোদচশমা পরে বসে আছে তাঁর বুকের ধন ছোট্ট ছেলেটি। পেছনের ক্যারিয়ারে বসেছে লাল ফিতায় ঝুঁটি বাঁধা ফ্রক পরা আত্মজা। এটা নিশ্চিতই বলা যায়, এ ছবি যেমন কারও অচেনা নয়, তেমনি এ ছবিটি দেখার পর সাইকেলে ছেলেমেয়েসহ কোনো বাবাকে ছুটতে দেখলেই মনে পড়বে এই ক্যানভাসের দৃশ্যটি। হয়তো এভাবেই শিল্প আর বাস্তবতা মিলেমিশে যায়। চিরন্তন হয়ে ওঠে।পরিবার নিয়ে একটি ধারাবাহিক কাজ করছেন তিনি অনেক দিন থেকেই। সেই সিরিজেরও ছবি আছে একটি। বাবা-মায়ের সঙ্গে বসে আছে তিন ভাইবোন। সুখী একটি মুহূর্ত। কবুতর হাতে খোলা জানালার পাশে দাঁড়িয়ে আছেন দুই তরুণী। বাইরের দিকে উঁকি দিয়ে কি যেন কি দেখছেন তাঁরা। আর আছে তাঁর অবিস্মরণীয় সৃষ্টি ‘টোকাই’। জলরঙের ছবিগুলোতে আছে সমুদ্রসৈকতে শিলাখণ্ডের ওপর আছড়ে পড়া ঢেউয়ের ফেনিল উচ্ছ্বাস, পাহাড়ি পথের বাঁকে গ্রামীণ জনপদ, পাহাড়ের পাদদেশে সবুজ গ্রামের মধ্য দিয়ে ছুটে চলা রেলগাড়ি, সুন্দরবনের দৃশ্য এসব।প্রত্যেক মানুষের হাতের লেখা যেমন আলাদা তেমনি আঁকাও আলাদা। একই রেখার টান, চলন, রূপ একেক শিল্পীর হাতে একেক রকমের। রফিকুন নবীর আঁকায় খুবই কোমল একটা শিশুতোষ অভিব্যক্তি আছে। শৈশব পেরিয়ে আসার পর শৈশবের ভঙ্গিটি ধরে রাখা সহজসাধ্য নয়। এটি তার এক বিশেষ বৈশিষ্ট্য। বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রেও কোমল সুকুমার মানবিক অনুভূতিকেই প্রাধান্য দিয়েছেন তিনি। চারপাশের এত এত হিংসা, হানাহানি, রক্ত-ক্লেদ, জিঘাংসার মত্ততার মধ্যে এখনো মায়ামমতার ধারাটি যে শুকিয়ে যায়নি, সেটিই তিনি দেখিয়ে দিলেন তাঁর শিল্পে। ছবিগুলোর দিকে তাকালে আপনা থেকেই মন ভালো হয়ে যায়। পৃথিবীকে মনে হয় বড় সুন্দর, ইচ্ছা করে লতার মতো তাকে আঁকড়ে ধরে মাথা তুলে দাঁড়াই।বিষয়বস্তু এবং অবয়ব সংস্থাপনের ক্ষেত্রে যূথবদ্ধ সন্নিবেশ সৃষ্টি করেছেন তিনি। খাদ্য খুঁটে খাওয়া কাকের ঝাঁক, রাখালের সঙ্গে গরু-মহিষগুলো আছে দল বেঁধে। অনেক রকমের অবয়বগুচ্ছ। অনেক ধরনের বিন্যাস। একত্রিত অবস্থায় তাদের এক রকমের দ্যোতনা। আবার এককভাবেও অবয়বগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ন। এখানেই তাঁর অঙ্কনের মুনশিয়ানা। উপরন্তু আমাদের এই জনবহুল ভিড়ভাট্টার দেশে গাদাগাদি করে যে দিন গুজরান, সেই সামাজিক বাস্তবতার দিকটিও উঠে এসেছে অবয়ব সংস্থাপনের এই বিশেষ প্রকরণে। শিল্পী নিজেই বলেছেন ‘অঙ্কনগুলো হুবহু নৈসর্গিক দৃশ্য বা ঘটনার বাস্তব চিত্রণ নয়।’ প্রকৃতি, জীবনযাত্রার নানা মুহূর্ত তাঁর হূদয়ে যে ব্যঞ্জনার সৃষ্টি করেছে, স্মৃতি থেকে তাকে তুলে আনার প্রয়াস। প্রধান বিষয়ের নেপথ্য পটভূমি তিনি তৈরি করেছেন রং-রেখার নিরীক্ষাধর্মী বিন্যাসে। কখনো নীল, কালো, শেওলা-সবুজ রঙের বা বেগুনি পটভূমিতে সরু রেখায় চৌখুপি, সমান্তরাল গতি, তরঙ্গায়িত চলন, আড়াআড়ি কাটাকুটি, কুণ্ডলী, গুচ্ছ তৈরি করে ভিন্নমাত্রার ব্যঞ্জনা সৃষ্টি করেছেন। কোথাও কোথাও বিশেষ ধরনের নকশার আবছা আদল। স্বপ্ন-দৃশ্যের মতো আলো-আঁধারির মধ্যে তিনি কোনোটিতে দিয়েছেন একটু লাল, কমলা, নীল, হলুদ ও সবুজ রঙের আঁচড়। বাঙালির নতুন বছর কড়া নাড়ছে দরজায়। দেশের অগ্রগণ্য শিল্পীর দেশের নিসর্গ ও মানুষের জীবনযাত্রা নিয়ে এ চমৎকার প্রদর্শনীকে কলারসিকেরা নববর্ষের উপহার হিসেবেও গ্রহণ করতে পারেন।