২০১২ সালে দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ দশমিক ৪২ শতাংশ। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দ্রব্যমূল্য-বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।ক্যাব বলছে, ভোক্তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় থাকা পণ্য ও সেবার ওজনের ভিত্তিতে জীবনযাত্রার ব্যয়ের এই হিসাব করা হয়েছে। অবশ্য, এর মধ্যে শিক্ষা, চিকিত্সা ও প্রকৃত যাতায়াত ব্যয় ধরা হয়নি।আর, বিগত বছরে পণ্যমূল্য ও সেবার মূল্য বেড়েছে প্রায় ১৩ শতাংশ। ঢাকার ১৫টি বাজার ও বিভিন্ন সেবার ১১৫টি খাদ্যপণ্য, ২৩টি নিত্যব্যবহার্য সামগ্রী ও ১৪টি সেবার তথ্য পর্যালোচনা করে এই তথ্য পেয়েছে ক্যাব।ক্যাব বলছে, সরকার দফায় দফায় বিদ্যুত্, জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়িয়েছে। এ ক্ষেত্রে কখনো কখনো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটানো হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া। নতুন বছরের শুরুতে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। এতে জনদুর্ভোগ আরও বাড়বে। এসব কারণে জীবন চালাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। তাঁদের মধ্যে ধারকর্জের প্রবণতাও বেড়েছে।ক্যাবের প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে বাসভাড়া সরকারি হিসাবে প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা বাড়ানো হলেও পরিবহন মালিকেরা বাড়িয়েছেন তার কয়েক গুণ বেশি। সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সির চালকেরা সরকারনির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করছেন না।ক্যাব বলছে, ২০১২ সালে গড়ে বাড়িভাড়া বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। বাড়িভাড়া বাড়ানোর ক্ষেত্রে নিয়মনীতি ও বিদ্যমান আইন-কানুনের তোয়াক্কা করছেন না বাড়িওয়ালারা। বাড়িভাড়া বাড়ার কারণে মূল শহর থেকে অনেক পরিবার উপশহরে সরে যেতে বাধ্য হচ্ছে।