জীবন দেব, তবু টিপাইমুখে বাঁধ হতে দেব না: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘প্রয়োজনে জীবন দেব, তবু টিপাইমুখে বাঁধ হতে দেব না। টিপাইমুখে বাঁধ বাংলাদেশের মানুষ মানে না, মানবে না।’ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে তিস্তা চুক্তি না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সে হতাশা না কাটতেই টিপাইমুখে বাঁধ নির্মাণের একতরফা চুক্তি করা হয়েছে।আজ শনিবার রাজধানীর বনানীতে রাজউক মাঠে অনুষ্ঠিত ঢাকা মহানগর জাতীয় পার্টির (উত্তর) সম্মেলনে এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, ভবিষ্যতে আর অংশীদারীর অর্থাত্ জোটের রাজনীতি নয়। জোটের রাজনীতি করলে দলীয় আদর্শ ও রীতি-নীতি জলাঞ্জলি দিতে হয়। এ জন্য জাতীয় পার্টি ভবিষ্যতে এককভাবেই নির্বাচন করবে।এরশাদ আরও বলেন, দেশবাসী এখন দুই দলের কাছে জিম্মি। যার কারণে জনগণ ক্ষমতায় তৃতীয় শক্তির আবির্ভাব দেখতে চায়। মুদ্রার এপিঠ-ওপিঠ তারা আর দেখতে চায় না। শেয়ারবাজার কারসাজিতে যুক্তদের শাস্তি দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা মানুষের রক্ত চুষে খেয়েছেন, তাঁরা পার পেতে পারেন না।এস এম ফয়সল চিশতির সভাপতিত্বে সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ, আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।