জীবন বাঁচাতে গিলানির বাসায় আশ্রয় নিয়েছেন হাক্কানি
প্রাণহানির আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি। তাই জীবন বাঁচাতে পাকিস্তানে ফেরার পর থেকেই প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বাসায় লুকিয়ে আছেন। একটি ব্রিটিশ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে হাক্কানি এসব কথা বলেন। বার্তা সংস্থা টিএনএন এ কথা জানিয়েছে। গত বছরের মে মাসে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে পাকিস্তানের ইসলামাবাদের কাছে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পক্ষে ওয়াশিংটনের কাছে সহায়তা চেয়ে চিঠি লিখেন হাক্কানি। ‘মেমো গেট’ কেলেঙ্কারি নামে পরিচিত এ ঘটনা ফাঁস হলে পাকিস্তানের বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি পদত্যাগে বাধ্য হন।হাক্কানি বলেন, পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরের মতো তাঁকেও হত্যা করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তিনি বলেন, ‘আমার ঘনিষ্ঠ বন্ধু সালমান তাসির তাঁর দেহরক্ষীর হাতে নিহত হন। কারণ, তিনি ব্লাসফেমি করেছিলেন। গণমাধ্যমে আমাকে বিশ্বাসঘাতক ও আমেরিকার দালাল বলা হচ্ছে।’পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে ইঙ্গিত করে হাক্কানি অভিযোগ করেন, কোনো একটি নির্দিষ্ট শক্তিশালী গোষ্ঠী এটা করাচ্ছে।হাক্কানি দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট তাঁর সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি জানান, পাকিস্তানে ফেরার পর থেকেই তিনি প্রধানমন্ত্রীর বাসায় অবস্থান করছেন। হাক্কানি বলেন, ‘আমি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী প্রধানমন্ত্রীর অতিথি। আমার নিরাপত্তা উদ্বেগের বিষয়টি পরিষ্কার। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বাসায় থাকাটাই সবচেয়ে নিরাপদ।