জীবন বাজি রেখে গোয়েন্দা সংস্থাকে সহায়তা করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান আমির মাওলানা শেখ ফরিদ দাবি করছেন, তাঁরা বিগত চারদলীয় জোট সরকারকে জঙ্গি বিষয়ে তদন্তে সহযোগিতা করেছেন। এমনকি জীবন বাজি রেখে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে (ডিজিএফআই) তথ্য দিয়ে সহায়তা করেছিলেন।গতকাল বৃহস্পতিবার শেখ ফরিদকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় রিমান্ডে নেওয়ার শুনানিতে তিনি মহানগর হাকিম আদালতে এ দাবি করেন।র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া এই শীর্ষ জঙ্গিকে গতকাল আদালতে হাজির করে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।শুনানিতে এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, মাওলানা শেখ ফরিদ ওরফে শওকত ওসমান ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা, বাস্তবায়ন ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তিনি আফগানফেরত মুজাহিদ। অন্য দেশের জঙ্গি সংগঠনের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তিনি ২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলা মামলার পলাতক আসামি। খুলনার হোমিও চিকিৎসক আজিজুর রহমানকে অপহরণ ও হত্যার ঘটনায়ও তাঁর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে অপরাপর বোমা-গ্রেনেড হামলার প্রকৃত তথ্য উদ্ঘাটন ও হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।এ সময় মাওলানা শেখ ফরিদ আদালতকে বলেন, ‘আমার কিছু কথা আছে। আমরা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আগের সরকারকে তদন্তকাজে সহযোগিতা করেছি। আমরা সাহসী ভূমিকা রেখেছি, আমরা জীবন বাজি রেখে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইকে তথ্য দিয়েছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে। তা ঠিক না। আমরা আইন প্রতিষ্ঠার জন্য মিছিল করেছি।’শুনানিতে রাষ্ট্রপক্ষে সৈয়দ রেজাউর রহমানকে সহায়তা করেন আবদুল্লাহ আবু, আবুল কালাম ও আকরাম উদ্দিন।রহিম-রেজ্জাকুল কারাগারে: এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই দফায় নয় দিনের রিমান্ড শেষে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুলহ রহিম ও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দারকে গতকাল একই আদালতে হাজির করা হয়। সিআইডি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই দুই সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল এই দুজন সম্পর্কে আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে বলা হয়, ২১ আগস্ট হামলার রহিম ও রেজ্জাকুল গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাঁরা হামলা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করে তা নিবারণমূলক ব্যবস্থা না নিয়ে নিজেরাই জড়িয়ে পড়েন। দুই দফায় নয় দিন জিজ্ঞাসাবাদে এ মামলায় গ্রেপ্তার থাকা ও পলাতক আসামিদের সঙ্গে যোগাযোগ থাকাসহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তাঁরা। হামলায় ব্যবহূত গ্রেনেড সংগ্রহ, সরবরাহ, বিদেশ থেকে পরিবহন ও খালাসের বিষয়ে তথ্যের জন্য তাঁদের পুনরায় রিমান্ড নেওয়ার আবেদন করা হবে বলে প্রতিবেদনে বলা হয়। সাব্বিরকে গ্রেপ্তার দেখানো হলো: রোববার গ্রেপ্তার হওয়া হুজির নায়েবে আমির মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বিরকে গতকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সিআইডি তাঁকে এ মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত এখনো রিমান্ড শুনানির দিন ধার্য করেননি। সাব্বির কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে র‌্যাবের করা মামলায় ২৬ এপ্রিল থেকে পাঁচ দিনের রিমান্ডে আছেন। তাঁর সম্পর্কে আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে বলা হয়, মুফতি হান্নান চলতি বছরের ৭ এপ্রিল আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, মাওলানা সাব্বিরসহ হুজির কতিপয় নেতা ২০০০ সালে কোটালীপাড়ায় বোমা পুঁতে ও পরের বছর সিলেটে একটি নির্বাচনী সভায় বোমা হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রে যুক্ত হন। হান্নান-জান্দাল কারাগারে: খুলনার হোমিও চিকিৎসক আজিজুর রহমান অপহরণ মামলায় এক দিনের রিমান্ড শেষে হুজি নেতা মুফতি হান্নান ও মুফতি মঈন ওরফে আবু জান্দালকে গতকাল পৃথক একটি আদালতে হাজির করে সিআইডি। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।