জীবন-মৃত্যুর মাঝেএক শিক্ষক
ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ জানাতে গিয়ে বখাটেদের হামলায় গুরুতর আহত কলেজশিক্ষক মিজানুর রহমান (৩৬) এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের এই শিক্ষক এখন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল হুদা গতকাল প্রথম আলোকে বলেন, ‘মিজানুর রহমান ক্লিনিক্যালি ডেড।’এদিকে শিক্ষক মিজানুর রহমান আর বেঁচে নেই—এমন খবর ছড়িয়ে পড়লে লোকমানপুরের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। বেলা একটার দিকে হাজারো মানুষ রেলস্টেশনে জড়ো হয়ে রেলপথ অবরোধ ও মানববন্ধন করে। স্টেশনের বুকিং ক্লার্ক মো. নাসিরউদ্দিন প্রথম আলোকে বলেন, স্টেশনের পাশেই কলেজ ও দুটি স্কুল। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবং এলাকার মানুষ স্টেশনে এসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে। এ সময় তারা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন কিছুক্ষণ আটকে রাখে। পরে পুলিশ এসে লোকজনকে বুঝিয়ে শান্ত করে।মিজানুর রহমানের ভাতিজা আবু হেনা মোস্তফা কামাল ঢাকায় প্রথম আলোকে জানান, মিজানুর রহমান চার দিন ধরে অচেতন। চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন, তিনি ক্লিনিক্যালি ডেড। তবে এখনো মৃত ঘোষণা করা হয়নি।লোকমানপুর কলেজ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই বখাটে যুবক আসিফ আলী ও রাজন কলেজের একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করত, অশালীন আচরণ করত। ছাত্রীরা বিষয়টি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মিজানুর রহমানকে জানান। মিজানুর রহমান ঘটনাটি অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটিকে জানান। তিনি অভিযুক্ত ওই যুবকদের সতর্ক করে দেন।এতে ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ১২ অক্টোবর দুপুরে বখাটে যুবকেরা স্থানীয় কৃষ্ণা কৃষি খামারের সামনে প্রভাষক মিজানুর রহমানের ওপর মোটরসাইকেল তুলে দেয় এবং মাথা, বুক ও চোখে গুরুতর আঘাত করে।স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।ওই কলেজের অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘বখাটেদের হাত থেকে ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আমার একজন শিক্ষকের এমন অবস্থা হবে, তা আমি ভাবতেও পারিনি। ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করেছি। ওই যুবকদের অভিভাবকদের সতর্ক করেছি। তার পরও তারা আমার শিক্ষকের ওপর হামলা চালিয়েছে।’শিক্ষক মিজানুরের ভাই মামুনূর রশিদ বলেন, ‘এ ঘটনায় আমি বাদী হয়ে ১৫ অক্টোবর বখাটেদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মামলা করেছি। কিন্তু পুলিশ আসামিদের গ্রেপ্তার করেনি।’ তবে এ নিয়ে গতকাল এলাকাবাসীর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর রাতে আসিফ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। নাটোর শহরে একজন আইনজীবীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।