জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খান সরওয়ার মুরশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিত্সাধীন শিক্ষাবিদ খান সরওয়ার মুরশিদ। তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ৮৮ বছর বয়সী খান সরওয়ার মুরশিদ মাস খানেক আগে হূদরোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় তিনি আরও কয়েকবার হূদরোগে আক্রান্ত হন। সর্বশেষ গতকাল বুধবার রাতে তাঁর অবস্থার অবনতি ঘটে। খান সরওয়ার মুরশিদের ছোট মেয়ে শারমীন মুরশিদ আজ বৃহস্পতিবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘গত ১৮ অক্টোবর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ছোটখাটো কয়েকটি অ্যাটাক হয়েছে। তার পরও অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। তবে গতকাল বুধবার রাতে হূদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর অবস্থা বেশ খারাপ হতে থাকে।’ সর্বশেষ অবস্থা কী জানতে চাইলে শারমীন বলেন, ‘আজ সকালে খবর পাওয়ার পর থেকেই আমরা হাসপাতালে। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। দেশবাসীর কাছেও আমরা দোয়া চাইছি।’ পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর নিতে চাওয়া হলেও সেখানকার চিকিত্সকেরা কোনো আশা দিতে না পারায় ঢাকাতেই রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর গত ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে দেখতে যান এবং তাঁর আরোগ্য কামনা করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও উপাচার্য খান সরওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। ২০১০ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান। তিনি মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। স্বাধীনতার পর তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।খান সরওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান; বর্তমানে পরিচালনা পর্ষদের সদস্য। তাঁর স্ত্রী নূরজাহান মুরশিদ বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।