জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হোসনি মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ কার্যকর হওয়ার পর কারাগারের ভেতরে তিনি জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গতকাল রোববার দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।আজ সোমবার ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়, কায়রোর তোরা কারাগারে যাওয়ার পর প্রায় আট দিন ধরেই হোসনি মোবারক অচেতন অবস্থায় আছেন। এ ঘটনার পর খুব দ্রুত সাবেক এই প্রেসিডেন্টের মৃত্যুর গুজব সারা দেশে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সাবেক ফার্স্ট লেডি ও হোসনি মোবারকের স্ত্রী সুজানে মোবারক এবং তাঁর দুই নিকটাত্মীয়কে কারাগারের ভেতরে বন্দী মোবারকের সঙ্গে দেখা করার জন্য বিশেষ সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট মোবারকের স্বাস্থ্যের অবনতি ঘটছে, ধীরে ধীরে তিনি শক্তি হারিয়ে ফেলছেন। তাঁর স্ত্রী যখন তাঁর সঙ্গে কারাগারে দেখা করেন তখন তাঁর হূত্স্পন্দন অনিয়মিত ছিল।’ তিনি বলেন, বর্তমানে শুধু তরলজাতীয় খাবার খেয়েই বেঁচে আছেন মোবারক।২০১১ সালে বিক্ষোভকারী জনতাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় ৮৪ বছর বয়সী মোবারককে। তখন থেকেই তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ওই বছরের এপ্রিলে গ্রেপ্তার হওয়ার পর তিনি সামরিক হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। এরপর বিচারের রায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তাঁর শরীরের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে খুব শিগগিরই তাঁকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা জরুরি হয়ে পড়েছে। তবে, সাবেক এই প্রেসিডেন্টের স্ত্রী মোবারককে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিত্সা করানোর প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন।নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে দৈনিক আল-মাসরি আল-ইয়ুম পত্রিকা জানিয়েছে, মোবারককে কারাগারের বাইরে নিয়ে চিকিত্সা করানোর অনুমতি না দেওয়ায় কারাধ্যক্ষের ওপর ক্ষিপ্ত হন তাঁর স্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, ‘মোবারকের মৃত্যুর জন্য কারাধ্যক্ষই দায়ী থাকবেন।’এদিকে, মোবারকের দুই ছেলে আলা ও গামালও আটক রয়েছেন। ২ জুন দুর্নীতির অভিযোগ থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হলেও অন্য একটি অভিযোগে তাঁরা আটক আছেন।গত শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা (এমইএনএ) এক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, চিকিত্সকের প্রতিবেদন অনুযায়ী, মারাত্মক স্ট্রোকের ঝুঁকিতে আছেন ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্ট। ১৯৮১ সালে মিসরের ক্ষমতা গ্রহণ করেন মোবারক। আরব বসন্তের ঢেউয়ে গত বছরের ১১ ফেব্রুয়ারি পদত্যাগে বাধ্য হন তিনি। তারপর থেকে ক্ষমতা চলে গেছে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদের কাছে। গত বছর মিসরে সংঘটিত মোবারক-বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যায় সহযোগিতা করার দায়ে চলতি বছরের ২ জুন তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।