জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হোসনি মোবারক
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি অনলাইন ও আল জাজিরা টেলিভিশনের অনলাইনে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আজ বুধবার এ খবর প্রকাশিত হয়েছে।খবরে দাবি করা হয়েছে, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় মোবারককে গতকাল মঙ্গলবার দেশটির একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিসরের নাইল টেলিভিশনের খবরে দাবি করা হয়, মোবারক এখন ক্লিনিক্যালি ডেড। চিকিত্সকেরা তাঁকে কৃত্রিম চিকিত্সাব্যবস্থার মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন।গত বছরের শুরুর দিকে মোবারকের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের হত্যায় সহযোগিতার দায়ে ২ জুন তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন দেশটির একটি আদালত। পরের দিন তাঁকে কায়রোর তোরা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত সাধারণ কয়েদির মতো সেখানে তাঁকে দেওয়া হয় কয়েদি হিসেবে নীল রঙের পোশাক ও কয়েদি নম্বর। কারাগারে নেওয়ার সময় মোবারক দাবি করেছিলেন, আগের মতো বিলাসবহুল সামরিক হাসপাতালে চিকিত্সকের অধীনে রাখা হোক তাঁকে। কিন্তু কারা কর্তৃপক্ষ এ দাবি নাকচ করে দেয়। তখনই কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, ৮৪ বছর বয়সী মোবারকের হূদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা আছে। রায় ঘোষণার পরই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। সবকিছু বিবেচনায় নিয়ে মোবারককে তোরা কারাগারের চিকিত্সা বিভাগে রাখা হয়েছিল।১৯৮১ সালে মিসরের ক্ষমতা গ্রহণ করেন মোবারক। আরব-বসন্তের ধারাবাহিকতায় ২০১১ সালের শুরুর দিকে মিসরে মোবারকবিরোধী আন্দোলন শুরু হয়। টানা ১৮ দিনের গণ-আন্দোলনের মুখে গত বছরের ১১ ফেব্রুয়ারি মোবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। ওই আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ৮০০ মানুষ নিহত হয়।এদিকে আল জাজিরা অনলাইনের খবরে বলা হয়, মোবারকের স্বাস্থ্যের অবস্থা নিয়ে পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। মিসরের সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না বললেও দেশটির হাসপাতাল সূত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনার খবরে বলা হয়, মোবারক এখন ‘ক্লিনিক্যালি ডেড’। কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মোবারকের পারিবারিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা অনলাইনকে এ কথা জানানো হয়। মোবারকের পরিবারের একজন আইনজীবী আল জাজিরাকে বলেন, প্রকৃতপক্ষে মোবারক অচেতন রয়েছেন। তাঁকে তোরা কারাগারের কাছে মাদি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, মোবারকের স্ত্রী সুজানা হাসপাতালে পৌঁছেছেন। কায়রো থেকে আল জাজিরার প্রতিবেদক মাইক হানা বলেন, মোবারকের পরিবার জানিয়েছে, তাঁর স্বাস্থ্যের উন্নতি ঘটছে। তবে এখনো তিনি ‘কোমা’য় আছেন। রাষ্ট্রীয় টেলিভিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, মোবারককে মাদি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।