জীবন রক্ষাকারীর প্রতি কৃতজ্ঞতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এঁরাই হচ্ছেন সেই যুবকদ্বয়, যাঁরা ২৮ হাজার ২০০ ফুট উঁচুতে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন মুসা ইব্রাহীমকে। সেই ঘটনা ২৩ মে, এভারেস্টের চূড়ার উপকণ্ঠে। গতকাল শনিবার হঠাৎই কাঠমান্ডুর রাম ডুডল রেস্তোরাঁয় মুসা ইব্রাহীমের সঙ্গে দেখা হয়ে যায় এই ত্রাতাদের। মুসা জড়িয়ে ধরেন তাঁদের। মুসার চোখেমুখে তখন ফুটে উঠছিল গভীর কৃতজ্ঞতা।ছবির বাঁ দিকে ব্রানডেন ওমামানি। মধ্যখানে মুসা ইব্রাহীম। ডান দিকে স্টিফেন গ্রিন। ব্রানডেন (৩১) অস্ট্রেলিয়ার সিডনি থেকে এসেছেন। তিনি ফিন্যান্স পেশার সঙ্গে জড়িত ছিলেন। এখন বেকার, এভারেস্টে এসেছেন বেকারত্বের দিনগুলোয়। আর স্টিফেন (২৩) এসেছেন স্কটল্যান্ড থেকে, আইনশাস্ত্রে কেবল শেষ করেছেন পড়াশোনা।এঁদের ১৬ জনের দল সেদিন উঠেছিল এভারেস্ট চূড়ায়।ব্রানডেন নামছিলেন ২৯ হাজার ৩৫ ফুট উঁচু থেকে। আর স্টিফেন তখন ওঠার আশা ছেড়ে দিয়ে ওই খানে ব্যস্ত হয়ে পড়েছিলেন নিজের অক্সিজেন বোতল নিয়ে। বোতল তখন খালি হয়ে গিয়েছিল। তাঁরা দেখা পান মুসার। কী দেখলেন তখন? কী করলেন?ব্রানডেন বললেন, ‘তখন আমরা ২৮ হাজার ২০০ ফুট উঁচুতে। নামছি। দেখি কমলা রঙের জ্যাকেট পরা এক যুবক শুয়ে আছেন, বিধ্বস্ত। আমি তাঁর কাছে যাই। গিয়ে দেখতে পাই, তাঁর অক্সিজেন মাস্কের পাইপ ফুটো। আমি তখন হাই স্পিড টেপ দিয়ে ওর পাইপের ফুটো বন্ধ করে দিই।’মুসা বলেন, ‘এর আগে ওঠার সময়ও একবার ফুটো হয়েছিল। শেরপারা তখন ঠিক করেছিল। নামার সময় আমি যখন বসে পড়ি, শরীর ছেড়ে দিই, ছেড়ে দিই বাঁচার আশা, তখন যে ব্রানডেন আমার অক্সিজেন মাস্কও মেরামত করে দিয়েছিল, সেটা আমার মনে নেই।’ব্রানডেন বলেন, ‘ওর মাস্কের মধ্যে পানির কণা বরফ হয়ে জমে গিয়েছিল। আমি মাস্কটা খুলে সেটা পরিষ্কার করে দিই। তারপর আমি দেখি, আমার নিজেরই অক্সিজেন বোতল শেষ হয়ে গেছে। তখন আমি তাঁকে ছেড়ে নিজেকে রক্ষার কাজে ব্যস্ত হয়ে পড়ি।’আর স্টিফেন, আপনি কী করেছিলেন?স্টিফেন বললেন, ‘আমার কাছে পানি ছিল। এনার্জি জেল ছিল। সেটা আমি ওকে খেতে দিই।’ব্রানডেন বলেন, ‘আমি ওর জন্য জেলের টিউবে চাপ দিয়েছি। ওর ব্যাক প্যাকটাও পেছন থেকে তুলে ধরেছিলাম।’মুসা কিন্তু এত বিশদ করে বলতেও পারেন না। এতই কাহিল হয়ে পড়েছিলেন তিনি। আর অনেক ওপরে উঠলে অক্সিজেনস্বল্পতার কারণে হাইপোক্সিয়া হয়, তখন তার মস্তিষ্ক আর ঠিকমতো কাজ করে না। এই ব্যাখ্যা ওই রেস্তোরাঁয় বসেই আমরা জানলাম অভিযাত্রী বৈমানিক এনাম তালুকদারের কাছ থেকে।মুসা ইব্রাহীম এই দুই বিদেশি যুবককে গভীর কৃতজ্ঞতা জানান, তাঁদের মাথায় লাল-সবুজ ব্যান্ডেনা পরিয়ে দেন। আমরা সবাই এই দেবদূতোপম তরুণদ্বয়কে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাই। কাঠমান্ডুর রাম ডুডল রেস্তোরাঁয় মুসা ইব্রাহীমের সঙ্গে ব্রানডেন আর স্টিফেনের দেখা হওয়াটাকে কাকতাল বলা যাবে না। কারণ, ওই রেস্তোরাঁয় সব এভারেস্টজয়ীদের স্বাক্ষরই কেবল প্রদর্শন করা হয় না, শীর্ষ জয়ীদের এখানে আজীবন বিনা মূল্যে আতিথেয়তা দেওয়া হয়। এডমুন্ড হিলারি ও তেনজিংয়ের স্মৃতিও আছে এখানে।