জীবন হাতে নিয়ে তবু সেই পাহাড়েই ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ বাজি, মুই আর পাহাড়ত ন থাকিম। থাকি আঁর ওকগা মাইয়া হারাইয়ম। এক মাস আগে স্বামী হারাইয়ম, এখন কারে চাই থাইক্কুম?’ গতকাল মঙ্গলবার সকালে এভাবে বিলাপ করে কাঁদছিলেন টেকনাফের ফকিরামুলা এলাকার জহুরা খাতুন (২৮)। তাঁর এ বিলাপের অর্থ, ‘ও বাবা রে, আমি আর পাহাড়ে থাকব না। পাহাড়ে থেকে একমাত্র মেয়ে হারালাম, এক মাস আগে স্বামী হারিয়েছি, এখন কার মুখের দিকে তাকিয়ে থাকব?’গতকাল ভোর ছয়টার দিকে পাহাড়ধসের ঘটনায় দুই বছরের মেয়ে নূর হাবাকে হারান তিনি। পাহাড়ের ওপর মাটির ঘরে শুয়ে ছিলেন জহুরা। ধস নামলে প্রায় ৪০ ফুট নিচে পড়ে যান। এতে তাঁর ডান হাত ভেঙে যায়। মাটি চাপা পড়ে মারা যায় মেয়ে। ঘণ্টা দেড়েক পর মেয়ের লাশ উদ্ধার করা হয়। লাশটি নিয়ে পাহাড়ের ওপরই এক পরিচিতের বাড়িতে বসে বিলাপ করছিলেন তিনি। ব্যান্ডেজ করা ভাঙা হাতের দিকে ভ্রুক্ষেপ নেই তাঁর। গতকাল উপজেলা পরিষদসংলগ্ন ফকিরামুরা, টুইনার পাহাড়, বৈদ্যেরঘোনা, উরুমের ছড়া, ধুমপেরাং পাহাড়, নাজিরঘোনা, পল্লানঘোনা এলাকায় ঘুরে স্বজনহারা এমন অনেকেরই বিলাপ ও কান্না শোনা যায়। পাহাড় ধসে প্রায় দুই শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। আহত হয়েছে শতাধিক। অনেকে হারানো স্বজনের খোঁজে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ের নিচে। কেউ বা ভাঙা ঘর ও লন্ডভন্ড হওয়া জিনিসপত্র গোছগাছে ব্যস্ত। টুইনার পাহাড়ের বাসিন্দা মো. হাশেম (৫৮), ফকিরা মুরার আবদুল হাকিম (৪২) ও আবদুল আমিন (৩৯) বলেন, পাহাড়ে আর বসবাস নয়। ধসের ঘটনায় তাঁরা প্রত্যেকেই আপনজন হারিয়েছেন। এই জীবনকে ধিক জানিয়ে অন্য কোথাও বাস করার কথা ভাবছেন তাঁরা।ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন পাহাড়বাসী খলিলুর রহমান (৫৪) ও মো. আমিন (৩৪)। তাঁরা বলেন, গতবছর মিয়ানমার থেকে এসে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের টাকা দিয়ে পাহাড়ে ঘর তৈরি করে বাস করে আসছিলেন। পাহাড়ধসের ঘটনায় স্ত্রী ও সন্তান নিয়ে এখন নিরাপদ আশ্রয়ের দিকে চলে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা অসাধু বন বিভাগের কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে টাকার বিনিময়ে ঘরবাড়ি তুলে পাহাড়ে বাস করছে।কক্সবাজার জেলা দক্ষিণ বন সংরক্ষক কাজী নুরুল করিম বলেন, এপ্রিলের শেষ দিকে নতুন করে বসতি স্থাপনের সময় প্রায় ৩২টি পরিবারকে পাহাড় থেকে উচ্ছেদ করা হয়। পাহাড়ের বনভূমিতে অবৈধভাবে বসতি স্থাপন করে রোহিঙ্গাদের বাস করার কথা নিশ্চিত করে তিনি বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাদের এ ব্যাপারে সহযোগিতা করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসরাসরত লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পুরো এলাকায় মাইকিং করা হচ্ছে।প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেয়। আচমকা নামে ধস। এর পরও পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস থেমে নেই। ২০০৮ সালের ৪ ও ৬ জুলাই টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের চারজনসহ ১৩ জনের মৃত্যু হয়। ২০০৯ সালে উপজেলা প্রশাসন পাহাড় থেকে পাঁচ শতাধিক পরিবারের পাঁচ হাজার লোককে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় দেয়। কিন্তু পুনর্বাসন না হওয়ায় তারা আবার সেই ঝুঁকিপূর্ণ পাহাড়েই ফিরে যায়।