জীবনঝুঁকিতে উত্তরাঞ্চলগামীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের ঘোগা সেতু এখন দুর্ঘটনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সেতুটির রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে রয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে প্রতিদিন ঢাকা-উত্তরাঞ্চলগামী শত শত যানবাহন চলাচল করছে। কিন্তু রেলিংটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।থানা পুলিশ সূত্র জানায়, ভাঙা রেলিংটির কারণে প্রতি মাসে কমপক্ষে ১০টি দূরপাল্লাগামী বাস ও ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট বগুড়া সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানান, সংস্কারের জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় সেতুটির রেলিং মেরামত করা সম্ভব হয়ে ওঠেনি। তবে তিনি স্বীকার করেন, গুরুত্বপূর্ণ সড়কটির এই সেতুর রেলিং সংস্কার অতি জরুরি। ঢাকা থেকে উত্তরাঞ্চলে প্রবেশের মুখে শেরপুর উপজেলা শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দক্ষিণে বাঁকা সড়কের ওপর এই সেতু। রেলিংটি ভাঙা ছাড়াও মহাসড়কের যে স্থানে সেতুটি সে অংশ সরু। নেই পথচারীদের পায়ে হেঁটে যাওয়ারও ব্যবস্থা। সেতুর উভয় পাশের রেলিং ভাঙা থাকায় প্রতি মাসেই বাড়ছে দুর্ঘটনা।সেতু সংলগ্ন এলাকায় বসবাসকারী গৃহবধূ মেরিনা খাতুন জানান, প্রত্যেক সপ্তাহে দুই-তিনটা করে গাড়ি দুর্ঘটনায় পড়ে। অনেক মানুষ হতাহত হয়। দুর্ঘটনাগুলোর বেশির ভাগই ঘটে রাতের বেলা। সেতুর দুই পাশ দিয়েই যখন গাড়ি পাল্লা দিয়ে পার হতে যায়, তখন দুর্ঘটনাগুলো ঘটে। সাত মাস ধরে এ অবস্থাই চলছে। সেতুর পাশের গ্রামের আফছার আলী জানান, ব্যস্ত মহাসড়কের সেতুর ওপর দিয়ে মানুষজন পায়ে হেঁটে চলাফেরা করতে পারে না। জরুরি প্রয়োজনে কারও সেতুর অপর পাশে যেতে হলে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়। আবার অনেকে যাওয়ার সময় দ্রুতগামী গাড়ি এসে পড়ায় ভয়ে সেতুর নিচে পানিতে লাফ দেয়। দূরপাল্লাগামী যাত্রীবাহী বাসের চালক আমজাদ হোসেন ও ট্রাকচালক আবদুস সালাম জানান, সেতুটির রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে থাকায় চালকদের আতঙ্ক নিয়ে গাড়ি চালাতে হয়। তারা সেতুটি প্রশস্ত এবং এর দুই পাশের রেলিং শিগগিরই মেরামতের দাবি জানান।সেতু এলাকার ভবানীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিএম মোস্তফা কামাল ও সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান মনছুর রহমান জানান, রেলিং ভেঙে পড়ায় সেতুটি যেন দুর্ঘটনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, রাতে দুর্ঘটনাকবলিত যাত্রীদের রক্ষায় ওই ঘোগা সেতু এলাকায় পুলিশ মোতায়েন রাখতে হয়। সেতুটি শিগগিরই সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান বলেন, সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুর রহমান বলেন, সেতুটির রেলিং মেরামতের জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। টাকা বরাদ্দ পেলেই তাঁরা কাজ শুরু করবেন বলে জানান।