জীবননগর রণক্ষেত্র, মেয়রের বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে আজ রোববার চুয়াডাঙ্গার জীবননগর শহর রণক্ষেত্রে পরিণত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান খান ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।এ ছাড়া আজ সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নোয়াব আলীর বাসভবনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকেই বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা রাস্তায় গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে জীবননগর শহরে ঢোকার চারটি পথ বন্ধ করে দেয়। এদিকে সকাল আটটার দিকে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতেই উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এ ছাড়া জীবননগর শহরে বিজিবি ক্যাম্পের সামনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কর্মীরা জামায়াতের তিন কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। আহত অবস্থায় তাঁদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে একটি মিছিল বের করে। একপর্যায়ে মিছিলকারীরা জীবননগর বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করলে অবরোধবিরোধী ও পুলিশের সঙ্গে অবরোধ সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় থানার ওসি শাহাজাহান খান, নয়জন কনস্টেবল, সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়।পরে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধকারীরা সংগঠিত হয়ে জীবননগর শহরে বিক্ষোভ প্রদর্শন করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে আবারও অবরোধ করে। একপর্যায়ে তাঁরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের মোটরসাইকেলসহ ১১টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ র্যাব ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা শাহজাহান আলীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নোয়াব আলী জানান, তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তা ছাড়া আজ শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর ও সুরদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর দুই সহোদরসহ দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং অফিস ভাঙচুর করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান গোলাম মোর্তজা বলেন, ‘অবরোধ কর্মসূচি পালনের নামে ১৮ দলীয় জোট নারকীয় তাণ্ডব চালিয়েছে। তারা বেছে বেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের দোকান ভাঙচুর ও লুটপাট করেছে। দলের নেতা-কর্মীদের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।’চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার এস এম নাজমুল হক জানান, সকালে কিছু সময়ের জন্য ধাওয়া-পাল্টাধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় একাধিক মামলার প্রস্তুতি চলছে।