জীবননাশের হুমকি পেয়ে দেশত্যাগ করেছেন বিলাওয়াল
পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টো জারদারি জাতীয় নির্বাচনের দিন দেশে উপস্থিত থাকছেন না। ‘দ্য ডন’ জানায়, দলের পক্ষ থেকে আজ শুক্রবার বলা হয়েছে, জীবননাশের হুমকি পাওয়ার পর বিলাওয়াল দেশ ছেড়ে চলে গেছেন এবং নির্বাচনের আগে তিনি আর কোনো সমাবেশে উপস্থিত থাকবেন না বা বক্তব্য দেবেন না।পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তাজ হায়দার আরও বলেন, বিলাওয়ালের দেশত্যাগের সিদ্ধান্ত দলের নেতাদের ঐকমত্যের ভিত্তিতেই হয়েছে। বিলাওয়াল জীবননাশের হুমকি পাওয়ার পর, পার্টি থেকে তাঁকে অনুরোধ করা হয়, তিনি যেন আর কোনো নির্বাচনী প্রচারাভিযানে শারীরিকভাবে অংশ না নেন। হায়দার বলেন, ‘এর আগে আমরা বেনজির ভুট্টোকে হারিয়েছি, বিলাওয়ালকে আর হারাতে চাই না। তাঁকে যে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, এটা খুবই সত্যি।’বিলাওয়াল এখন কোথায় অবস্থান করছেন, তা জানাননি হায়দার। তবে দলের একটি সূত্র জানায়, বিলাওয়াল গত সপ্তাহের শুরুতেই দেশত্যাগ করেছেন এবং নির্বাচনের আগে দেশে ফিরছেন না।