এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে গত ২৮ জুন এসেছিলেন মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড—সিটিসেলের সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) এম নজরুল ইসলাম। তিনি কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। জীবনবৃত্তান্ত এবং কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: একজন শিক্ষার্থী কীভাবে বুঝবেন, তাঁর কোন ধরনের চাকরি বেছে নেওয়া উচিত?এম নজরুল ইসলাম: এ ক্ষেত্রে চাকরির বাজারে বর্তমানে চাহিদা কোথায় বেশি, সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। আগ্রহ আর কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। সবাইকে বলব, আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কী হতে চাই এবং আমার কোথায় যাওয়া উচিত। নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিতে হবে। অভিজ্ঞতা অর্জন এবং নতুন কিছু শেখার কোনো বিকল্প নেই। যত শিখবেন, তত দক্ষ হয়ে উঠবেন। শেষ কথা, বুঝেশুনে পা ফেলুন।কথাবন্ধু: যে বিষয়ে একজন পড়াশোনা করেন, আমাদের দেশে ওই বিষয়ের ওপর চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু?এম নজরুল ইসলাম: কর্মজীবনে গিয়ে কোন বিষয়ে বা ক্ষেত্রে ভালো করা যাবে, এটা তার ওপর নির্ভর করে। কারণ, হিসাববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেও অনেকে বিপণনে ভালো করছেন। তিনি তাঁর কাজকে ভালোবাসেন। তাই আপনি কোথায় কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তা আপনাকেই ঠিক করে নিতে হবে। তবে এটা সত্য, পড়াশোনার বিষয়টিতেও অনেকে চাকরি পান না। ইচ্ছা এবং কাজের প্রতি ভালোবাসার কারণেও চাকরির ভিন্নতা হয়। অনেকে বিসিএস দিয়ে একেবারেই ভিন্ন একটি শাখায় চলে যাচ্ছেন। তাই সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। লক্ষ্য থাকতে হবে। চাকরির বাজারে কোথায় চাহিদা বেশি, সেদিকে নজর রাখা উচিত। সিদ্ধান্ত আগে থেকেই নিতে হবে। আপনি যদি অঙ্গীকারবদ্ধ হন, তাহলে অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।কথাবন্ধু: জীবনবৃত্তান্তের কোন বিষয়গুলো দেখে চাকরিদাতা কোনো প্রার্থীর ব্যাপারে আগ্রহী হতে পারেন?এম নজরুল ইসলাম: জীবনবৃত্তান্ত হবে সংক্ষিপ্ত। তাই সদ্য স্নাতকদের প্রতিটি ক্ষেত্রে লক্ষ রাখা উচিত। কারণ, জীবনবৃত্তান্তের (সিভি) মধ্য দিয়ে আপনি নিজেকে উপস্থাপন করছেন। যেখানে আবেদন করতে চান, সে ক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট বিষয়গুলো উপস্থাপন করতে হবে। সিজিপিএ খুবই গুরুত্বপূর্ণ।সদ্য স্নাতকদের ক্ষেত্রে সিজিপিএ খুব জরুরি। এরপর আসবে আপনার আগ্রহ কোথায় আছে। আপনার কোথায় দক্ষতা আছে, তা উল্লেখ করতে হবে। কম্পিউটার জানতে হবে। অভিজ্ঞতা থাকলে তা লিখতে হবে। অন্যান্য যোগ্যতা থাকলে সংক্ষিপ্ত আকারে লিখুন। জীবনবৃত্তান্ত যাচাই করার জন্য মাত্র ৩০ মিনিট সময় রাখা হয়। তাই জীবনবৃত্তান্ত সংক্ষিপ্ত আকারে আকর্ষণীয় করে লিখতে হবে। তবে আকর্ষণীয় মানে রঙিন নয়। তাই সাবধান। আপনার জীবনবৃত্তান্তই আপনাকে উপস্থাপন করছে—এটা মনে রাখতে হবে।কথাবন্ধু: কোন বিষয়গুলো জীবনবৃত্তান্তে থাকা বিরক্তির কারণ বলে মনে করেন?এম নজরুল ইসলাম: অপ্রয়োজনীয় কিছু লিখে জীবনবৃত্তান্ত বড় করার প্রয়োজন নেই। প্রয়োজনীয় তথ্যগুলোই সংক্ষিপ্ত আকারে লিখুন। আপনার ওজন, উচ্চতা—এগুলো অপ্রয়োজনীয়। তাই জীবনবৃত্তান্ত লেখার ক্ষেত্রে সতর্ক থাকুন।কথাবন্ধু: সাক্ষাৎকারে (ইন্টারভিউতে) যাওয়ার আগে কী ধরনের প্রস্তুতি থাকা জরুরি?এম নজরুল ইসলাম: ইন্টারভিউ শব্দটি অনেক ভয়ের। ভয় থেকে স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়। তাই ইন্টারভিউ নয়, আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করতে চান—এটা মনে রাখতে হবে। আপনি সে রকমই থাকবেন। ভিন্ন কিছু করার দরকার নেই। এরপর আপনি যেখানে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে জানতে হবে। তাদের ব্যবসা সম্পর্কে জানতে হবে। আপনার জীবনবৃত্তান্তে কী উল্লেখ করা হয়েছে, সে সম্পর্কে সচেতন থাকুন। কারণ, অনেকেই জীবনবৃত্তান্ত কপি (প্রতিলিপি) করেন। তাই জীবনবৃত্তান্ত কপি (প্রতিলিপি) করা উচিত নয়। কথাবন্ধু: যাঁরা নতুন নতুন সাক্ষাৎকার দিচ্ছেন, তাঁদের জন্য আপনার দিকনির্দেশনা কী?এম নজরুল ইসলাম: শুরুতেই নিজেকে চিনতে হবে এবং জানতে হবে। কোনো ভয় থাকা যাবে না। এ ছাড়া দুই থেকে তিনটি সাক্ষাৎকার দিলে আর ভয় থাকবে না। কোনো প্রশ্নের উত্তর না জানলে সরাসরি না করুন। ভণিতা করবেন না। স্বাভাবিক থাকুন। একটাই কথা: ‘বি ইওরসেলফ।’ ভাষা এবং আপনার অঙ্গভঙ্গির প্রতি নজর রাখুন। পরবর্তী সাক্ষাৎকারে যাতে আর কোনো ভুল না হয়, সে জন্য আরও ভাবুন।কথাবন্ধু: সদ্য স্নাতকদের ক্ষেত্রে সিজিপিএ বেশি থাকাটা জরুরি, নাকি কাজ করার ক্ষমতা জরুরি? এম নজরুল ইসলাম: চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে, এমন লোককেই খুঁজে বের করার চেষ্টা করে। তাই সিজিপিএ ভালো থাকলেই যে ভালো কাজ করতে পারবেন, তা ঠিক নয়। সে ক্ষেত্রে তাঁর অন্যান্য দক্ষতা, অতিরিক্ত কিছু জানা আছে কি না, সেদিকে অগ্রাধিকার দেওয়া হয়। এ ক্ষেত্রে সৃজনশীলতা খুবই গুরুত্বপূর্ণ। শ্রোতাবন্ধু সুজন (খুদে বার্তা থেকে): মানবিক বিভাগে পড়াশোনা করলে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া যায় কি না?এম নজরুল ইসলাম: মানবিক বিভাগ থেকে পড়লেও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে কাজ করা সম্ভব। মানবিক বিভাগেও ভিন্ন ভিন্ন অনেক বিষয় রয়েছে—অর্থনীতি, ইতিহাস, ইংরেজি ইত্যাদি। তবে এ জন্য আপনাকে প্রমাণ করতে হবে, আপনি পারবেন।গ্রন্থনা: সুদীপ দে