এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’
জীবনবৃত্তান্ত লেখার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত
এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১০ মে এসেছিলেন রবি এক্সিআটা লিমিটেডের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (রিসোর্সিং) শারমিন সুলতান। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। পেশাজীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানে অতিথি বন্ধু ছিলেন বিবিএ অধ্যয়নরত দুই শিক্ষার্থী হোসেন মো. আজাদ ও সাদিয়া ইসলাম।কথাবন্ধু: পেশা শব্দটি আমাদের জীবনের সঙ্গে কীভাবে জড়িত?শারমিন সুলতান: পেশা হচ্ছে দীর্ঘমেয়াদি কোনো কাজের সঙ্গে জড়িত থাকা। শিক্ষাজীবন শেষে জীবিকা নির্বাহ করতে কোনো কর্মক্ষেত্রে নিজেকে জড়িত থাকাকেই আমরা পেশা বলি। তাই পেশা ঠিক করার আগে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।কথাবন্ধু: অনেকেই বুঝতে পারেন না, কীভাবে তাঁর পেশা শুরু করবেন, তাঁদের উদ্দেশে কিছু বলুন?শারমিন সুলতান: পেশা গড়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই অনেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেই সময়ই তাঁরা পছন্দমতো বিষয় নিয়ে পড়াশোনা করেন। যদি কেউ মনে করেন, তিনি নেটওয়ার্কিং করতে পছন্দ করছেন, তাহলে তাঁর বিপণনে যাওয়া উচিত। আপনি যদি কম্পিউটার প্রকৌশলী হন, তাহলে তথ্যপ্রযুক্তি বিভাগে যুক্ত হতে পারেন। তবে অনেকেই পছন্দের বিষয়ে পড়াশোনা করেও সঠিক মাধ্যমে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেন। আবার এমনও হয়েছে, একটি বিষয়ে পড়াশোনা শেষে ভিন্ন একটি মাধ্যমে এসেও অনেকে ভালো করছেন। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় ও তৃতীয় বর্ষ থেকেই সঠিক পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।শিক্ষার্থী সাদিয়া ইসলাম: শিক্ষাজীবন শেষ করার আগে স্নাতক পাস করে কিছুদিনের কাজের অভিজ্ঞতা নিয়ে তারপর এমবিএ করলে কতটুকু উপকৃত হব?শারমিন সুলতান: কেউ বিবিএ পাস করলে বর্তমানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাঁকে দ্রুত চাকরি দেওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। কারণ, সদ্য স্নাতক সম্পন্নকারীদের তখন উদ্যমী মানসিকতা এবং কাজের প্রতি যথেষ্ট আগ্রহ থাকে। বিশ্বের বিভিন্ন দেশে এমবিএ ডিগ্রি নিতে হলে তাঁদের তিন থেকে চার বছরের প্রাতিষ্ঠানিক, অর্থাৎ হাতেকলমে কাজের অভিজ্ঞতা থাকতে হয়। তবে এখন যাঁরা বিবিএ করছেন, তাঁদের বলব, অভিজ্ঞতার জন্য আপনারা খণ্ডকালীন চাকরি করতে পারেন। এটি ভবিষ্যতের কর্মক্ষেত্রে আপনাদের অনেক সাহায্য করবে।কথাবন্ধু: এ ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে কি না?শারমিন সুলতান: এ ক্ষেত্রে চাকরি করার আগে ও পরে দুইভাবেই প্রশিক্ষণ নেওয়া যেতে পারে। প্রথম আলো জবসও এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। আরেকটি হচ্ছে, কাজ করতে করতে শেখা; যাকে আমরা বলি অন দ্য জব ট্রেনিং। তবে বিভিন্ন প্রতিষ্ঠান সদ্য স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিয়ে থাকে। যিনি যত দ্রুত শিখবেন, তিনি তত দ্রুত এগিয়ে যাবেন। তবে সবার জন্য কম্পিউটার জানা জরুরি।কথাবন্ধু: চাকরির ক্ষেত্রে ভালো ফলাফল কতটা জরুরি?শারমিন সুলতান: প্রাথমিক বাছাইপর্বে হাজার হাজার জীবনবৃত্তান্তের মধ্য থেকে দেখে সংক্ষিপ্ত তালিকা করতে হয়। তাই চাকরির ক্ষেত্রে ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। অনেকটা আবার বিশ্ববিদ্যালয়ের ওপরও নির্ভর করে। এ ছাড়া তাঁর কী ধরনের প্রশিক্ষণ আছে, তা-ও দেখা হয়।কথাবন্ধু: সদ্য স্নাতক সম্পন্নকারীদের জীবনবৃত্তান্ত বাছাই করার ক্ষেত্রে কোন দিকগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়?শারমিন সুলতান: জীবনবৃত্তান্ত (সিভি) লেখার ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত। কারণ, বেশির ভাগ সিভিতেই বানান ভুল থাকে। যেহেতু আমরা আপনাকে দেখি না, সেহেতু জীবনবৃত্তান্ত নির্ভুল থাকা জরুরি। এ ছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ। কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সেটাও দেখা হয়। তবে জীবনবৃত্তান্তে অতিরিক্ত কিছু লেখা উচিত নয়। সব সময় সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তৈরি করা উচিত।সাদিয়া ইসলাম: কীভাবে একটি মানসম্পন্ন জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করব?শারমিন সুলতান: শুরুতেই শিক্ষাগত যোগ্যতা আগে রাখতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য। যদি অভিজ্ঞতা থাকে, তাহলে সদ্য অর্জিত অভিজ্ঞতা সম্পর্কে আগে লিখতে হবে এবং শেষ পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও প্রতিষ্ঠানের নামসহ লিখতে হবে। কোন পদের জন্য আবেদন করবেন, তা সুনির্দিষ্ট করতে হবে। এ জন্য আপনি ইন্টারনেট থেকে আধুনিক সিভির অনেক ধরনের নমুনা পাবেন। আপনি কোন ধরনের জীবনবৃত্তান্ত বা সিভি তৈরি করবেন, তা নির্ভর করে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর।গ্রন্থনা: সুদীপ দে