জীবনসায়াহ্নে আর একবার লড়াই করতে চান খালেদা
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে সরকারকে বাধ্য করতে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া পরিষ্কার ভাষায় বলেছেন, জীবনসায়াহ্নে এসে তিনি আর একবার লড়াই করতে চান। সেই লড়াই তিনি শুরু করেছেন।’ ফখরুল বলেন, বিভেদ নয়, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দুর্বার আন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে সরকারকে বাধ্য করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ চারিদিকে সন্ত্রাস শুরু করেছে। বিএনপি যখন শান্তিপূর্ণ আন্দোলন করছে, আওয়ামী লীগ তখন ইচ্ছা করেই সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ সরকারকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বলেন, সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত সবাই দুর্নীতিতে জড়িত। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগের আঙুল প্রধানমন্ত্রীর পরিবারের দিকে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রীরাও দুর্নীতিবাজ। সব দুর্নীতির দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আলোচনা সভায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রমুখ।