জীবনানন্দের দেশে ভাষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। জন্মেছিলেন বরিশালে। সেই অঞ্চলের ভাষা প্রতিযোগ ঘিরে ভাষা উৎসব হলো বৃহত্তর বরিশালের জেলা ঝালকাঠিতে। সদলবলে আমরা যখন পৌঁছলাম ঝালকাঠি উচ্চবিদ্যালয়ের মাঠে, তখন আনন্দে বাক্যহারা হয়ে যাওয়ার অবস্থা সবার। চকচকে রোদের নিচে মিয়ানো সবুজ মাঠে তিন-রঙা শামিয়ানার নিচে শিক্ষার্থীদের কোলাহল। কিন্তু অতিথি-বিচারকেরা ঢাকা থেকে এসে গেছেন, এই ঘোষণা যখন মাইকে প্রচারিত হলো, তখন সেই কোলাহল শান্ত হয়ে রূপ নিল টানটান কৌতুহলে। সেখানেই সকাল নয়টা ৪০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক মারুফা বেগম। একই সঙ্গে ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, মারুফা বেগম উত্তোলন করেন জাতীয় পতাকা। সামনে প্রায় সাড়ে ৮০০ প্রতিযোগী সারিবদ্ধ, পাশেই ঝালকাঠি জেলার প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা গাইতে থাকেন জাতীয় সংগীত। সেখান থেকে সারিবদ্ধভাবে প্রতিযোগীরা চলে যায় পরীক্ষার হলে। পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। সঞ্চালন করেন প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মঞ্চে প্রস্তুত তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, সহকারী অধ্যাপক তারিক মন্জুর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক বিনয় বর্মণ, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রভাষক কুদরাত-ই-হুদা এবং ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক চঞ্চলকুমার মিত্র ও প্রণবপ্রসন্ন মিশ্র। ভাষা আন্দেলনের ৬০ বছর পূর্তিতে ভাষাবিষয়ক এই অনুষ্ঠানে ভাষাসৈনিক মোহাম্মদ আলী খান ও আব্দুর রশিদ ফকিরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হলো। মোহাম্মদ আলী খান নিজেদের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে ১৯৫২ সালকে কিছুক্ষণের জন্য হলেও নিয়ে আসেন অনুষ্ঠান-প্রাঙ্গণে। প্রশ্ন এল, কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা লেখার পর কেন ‘মাত্র’ শব্দটি ব্যবহার করা হয়। উত্তরদাতা বলেন, যাতে ওই সংখ্যা লেখার পর আর পরিমাণ বাড়ানো না যায়, সেই প্রয়োজনে ‘মাত্র’ শব্দটি ব্যবহূত হয়। এক ছাত্রী জানতে চায়, কাজী নজরুল ইসলামের ‘ঝিঙেফুল’ কবিতায় আকাশের তারা ও ফুলের যে কথোপকথনের কথা বলা আছে, বাস্তবে তা কী করে সম্ভব? আচ্ছা, বাংলা ভাষায় কী করে হাসা যায়, কাঁদা যায়? প্রতিযোগের প্রতিপাদ্য বিষয়, অর্থাৎ স্লোগান লক্ষ করে প্রশ্ন করে একজন। সব সময় ‘ছেলেমানুষি’,‘ছেলেবেলা’ এসব কেন বলা হয়? মেয়েবেলা, মেয়েমানুষি নয় কেন? এ পর্বে প্রত্যেক বুদ্ধিদীপ্ত প্রশ্নকর্তার জন্য উপহার হিসেবে বরাদ্দ ছিল বই; সঙ্গে ছিল বরেণ্য শিক্ষকদের অনুপ্রেরণাদায়ক স্বীকৃতি। তবে আশ্চর্যজনকভাবে প্রশ্নোত্তর পর্বটি কোনো উত্তর দিয়ে নয়, একটি জিজ্ঞাসা দিয়ে উপস্থিত সবাইকে গভীর ভাবনায় ভাবিত করে শেষ হয়। ক-বিভাগের প্রতিযোগী ছোট্ট বন্ধু আনান আকস্মিকভাবে জিজ্ঞেস করে, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে হত্যা করা হলো কেন। এই ‘কেন’-র উত্তর দেননি উত্তরদাতা, বরং দেশবাসীর কাছে একই প্রশ্ন রেখে প্রশ্নোত্তর পর্বের ইতি টানলেন তিনি।প্রশ্নোত্তর পর্বের পর ঝালকাঠি বন্ধুসভার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, পর্দার অন্তরালে এতক্ষণে পরীক্ষার খাতা দেখা শেষে প্রস্তুত হয় চূড়ান্ত ফল। এরই মধ্যে বক্তব্য দেন এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা সাব্বির আহমেদ ও রাশেদ জামান, প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আককাছ সিকদার, ঝালকাঠি বন্ধুসভার সভাপতি আফজাল হোসেন। সবশেষে বিতরণ করা হয় পুরস্কার। হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয় বিজয়ীদের। অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বক্তব্য দিয়ে শেষ করেন অনুষ্ঠান। পরস্পরের সহযোগিতা ও আন্তরিকতার স্পর্শেই যেন এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ঝালকাঠি অঞ্চলের আয়োজন সুন্দর হয়ে উঠেছিল।