তখনো খানিকটা সময় হাতে আছে। সবাই ব্যস্ত নিজেদের নিয়ে। চার বন্ধু সামরি রহমান, জুরাইকা, মিম ও মাইশা গোল হয়ে বসেছে। তাদের মধ্যে চতুর্থ শ্রেণীর একটা বাংলা বই। সেই বইটা উল্টেপাল্টে পড়ছে চারজন মিলে! অন্যদিকে ভীষণ টেনশনে পানির পিপাসা পেয়েছে কয়েকজনের, লাইন ধরে একজন একজন করে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছে গলা! এই হলো শুরুর দিকের কয়েকটি খণ্ডচিত্র। মূল আয়োজনের শুরুটা তখনো বাকিই রয়ে গেছে। গত ৫ মার্চ। বরিশাল মডেল স্কুল ও কলেজের মূল ফটক দিয়ে নানা রঙের পোশাক পরে ঢুকছে শিক্ষার্থীরা। এই দিনটা যে তাদের কাছে একটু অন্য রকম তা বোঝাই যাচ্ছে চোখ-মুখ দেখেই। গোপালগঞ্জ, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুর ও বরিশাল থেকে প্রায় ৮০০ শিক্ষার্থীর মিলনমেলা বসেছিল এই স্কুলে। এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের বরিশাল অঞ্চলের উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো!প্রথম আলোর বরিশাল বন্ধুসভার সদস্যরা স্কুলের দেয়ালে লাগিয়েছেন ইভ টিজিং ও এসিডসন্ত্রাসের বিরুদ্ধে কিছু ব্যঙ্গচিত্র।উৎসব শুরুতে গাওয়া হলো জাতীয় সংগীত। জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে ভাষা প্রতিযোগের পতাকা তোলা হলো। জাতীয় সংগীতের শেষে বরিশাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ নুরুল আমিন ভাষা প্রতিযোগের উদ্বোধন ঘোষণা করলেন। এবার পরীক্ষার পালা। শামিয়ানার নিচে বসা অভিভাবক মনিকা চক্রবর্তী ছেলে তন্ময়কে নিয়ে বরাবরের মতো আশাবাদী। আর এক মা বলছেন, ‘যখনই ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায়, আমার খুবই টেনশন হয়। আজও হচ্ছে!’বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী ফাইহাম সাদীর সব উত্তর দেওয়া শেষ মাত্র ১০ মিনিটে! কিন্তু ঘণ্টা বাজল ৩০ মিনিট পরে। বাকি সময় বসেই কাটাতে হলো তাকে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জড়ো হলো মাঠে। প্রচণ্ড রোদ, ভীষণ গরম। অনেকে এক ছুটে আইসক্রিম নিয়ে এসে গলাটা একটু ভিজিয়ে নিচ্ছে।প্রশ্নোত্তর পর্বের শুরুতে প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান বললেন, সবাইকে তিনটি বিষয়ে ‘না’ বলতে হবে আর তা হলো ইভ টিজিং, মাদক ও মুখস্থ। শিক্ষার্থীরাও সঙ্গে সঙ্গে সমবেত কণ্ঠে ‘না’ বলে উঠল। সঞ্চালক হিসেবে মঞ্চে এসেই প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ শিক্ষার্থীদের উদ্দেশে বললেন, ‘তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো কথা থাকে তাহলে ৩০ সেকেন্ডের মধ্যে শেষ করো।’ সবার কথা শেষ। ‘এবার বলো দেখি কার কী প্রশ্ন আছে?’ সঙ্গে সঙ্গে হাজার খানেক হাত ওপরে দেখা গেল!কাকতালীয় কথাটি কোথা থেকে এল? বরিশাল গার্লস স্কুলের শিক্ষার্থী আরশির প্রশ্ন। সঞ্চালক বললেন, গাছে পাকা তাল। ডালে বসা একটি কাক। কোনো কারণে কাকটা উড়ে গেল আর ঠিক সেই সময় পাকা তাল পড়ল মাটিতে। ঘটনা দুটো একসঙ্গে ঘটেছে। কিন্তু কোনোটার সঙ্গে কোনোটার সম্পর্ক নেই। এই হলো কাকতালীয়। কেউ পানি বলে কেউ বলে জল! কেন? জবাব দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর। ভাষাকে আমরা ধর্মের দিকে নিয়ে গিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে ভাষা সব ধর্মের। এ নিয়ে জল ঘোলা করা ঠিক না। এসব প্রশ্নের জন্য কিন্তু পুরস্কার মিলল।মজার একটি প্রবাদ শোনাল বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী তাহমিদুল। নয়টার গাড়ি ছাড়বে কটায়? এই প্রবাদের মাধ্যমে কি বাঙালিদের ছোট করা হয়নি? শিক্ষকদের উদ্দেশে তাঁর প্রশ্ন! ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম বললেন, তা তো কিছুটা হয়েছেই, তবে নিজেদের সমালোচনা নিজেরা করাও কিন্তু একটা বড় বিষয়, এই প্রবাদের মধ্য দিয়ে এ কথাই বোঝানো হয়েছে! এসো, একটা পুরস্কার নিয়ে যাও তুমি! এবার এল কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে প্রশ্ন। রবীন্দ্রনাথ মহাকাব্য রচনা করেননি কেন? কারণ, তখন আর মহাকাব্যের যুগ নেই। তবে তিনি অনেক বড় কবি। মহান কবি। তাঁর কবিতার মহিমার জন্য তাঁকেও মহাকবি বলা যাবে।রবীন্দ্রনাথ প্রসঙ্গ আসতেই সঞ্চালক বললেন, কেউ রবীন্দ্রনাথের একটা কবিতা পুরোপুরি আবৃত্তি করতে পারবে? চারদিকে নীরবতা! ঠিক পেছনে একটা হাতের দিকে নজর পড়ল সবার। বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী আদৃত মঞ্চে এল। শোনাল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্ন ভঙ্গ’ কবিতা। পুরো। সবাই তন্ময় হয়ে শুনল সেই কবিতা। শিক্ষকেরা বললেন, অপূর্ব আবৃত্তি করেছ। এসো, পুরস্কার নিয়ে যাও! আদৃতর জন্য করতালি পড়ল! ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু কথা বললেন ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক সোহেল হাসান গালিব। এবার গান। বরিশাল বন্ধুসভার বন্ধুরা গাইলেন, ‘আমরা সবার বন্ধু, গণমানুষের বন্ধু’। বন্ধুসভার বন্ধু মিঠুন রায় গেয়ে শোনালেন, ‘মাগো মা’ ও ‘আমাকে আমার মতো থাকতে দাও’। এরপর মঞ্চে এলেন ক্লোজআপ ওয়ান তারকা পুলক। মঞ্চে এসেই পুলক গাইলেন, ‘একদিন বাঙালি ছিলাম রে’, ‘পাগলা হাওয়া’সহ তিনটি গান। শেষে সংক্ষিপ্ত ভাষণে বরিশাল ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান জাহান আরা বেগম বললেন, ‘আমাদের সময় এখনকার মতো নিজেদের প্রকাশ করার তেমন কোনো সুযোগ ছিল না। খুব আফসোস হচ্ছে, আমাদের সময় যদি এমন প্রতিযোগিতা থাকত!’এবার অপেক্ষা ফলাফলের জন্য। ফলাফল ঘোষণা করলেন জাফর আহমেদ। চারটি বিভাগে ১৩ জন করে মোট ৫২ জনের হাতে তুলে দেওয়া হলো বই, সনদপত্র ও পদক। তাদের গায়ে পরিয়ে দেওয়া হলো বিজয়ীর জামা। তাদের মুখে প্রাপ্তির পরে তৃপ্তির হাসি। বিজয়ীরা একসঙ্গে ছবি তোলার জন্য দাঁড়িয়েছে আর সেখান থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছে এক কিশোর। সে পরীক্ষা দিয়েছে কিন্তু পুরস্কার পায়নি। পায়নি তো কী হয়েছে, সামনের বছর নিশ্চয় পাবে!