জীবনের ছন্দ সারাবে মনের ক্ষত
স্বজন হারানোর বেদনা, সম্পদ হারানোর আঘাত আর জীবিকা নিয়ে উদ্বেগে দিন কাটছে নিমতলীর ক্ষতিগ্রস্ত লোকজনের। তবে এরই মধ্যে শুরু হয়েছে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, যত দ্রুত তাঁরা স্বাভাবিক জীবনে ফিরবেন, তত দ্রুত সারবে তাঁদের মনের ক্ষত। পুরান ঢাকার নিমতলীর নবাব কাটরায় গতকাল গিয়ে দেখা যায়, আলাউদ্দীন স্টোরের সামনে জটলা। দোকানের সব মালামাল আগুন-পানিতে নষ্ট হয়ে গেছে। দোকানের মালিক আলাউদ্দীনকে সান্ত্বনা দিচ্ছেন এলাকার লোকজন। সরকার ক্ষতিপূরণ দেবে আবার দোকান চালু হবে—এমন সান্ত্বনাও দিয়েছেন কেউ কেউ। অবশ্য এই আশায় আছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।আলাউদ্দীন, লাকী আর আবুল হোসেনের মতো অসংখ্য মানুষ এখনো বেদনার বোঝা বয়ে বেড়াচ্ছেন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহ আগুন শুধু শরীরে নয়, মানুষের মনেও গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এই ক্ষত এখনই সারানো না গেলে ভবিষ্যতে তা আরও জটিল হতে পারে। তাই এখন দরকার মানসিক যত্ন আর সমানানুভূতি। একজন আদিব: গতকাল বিকেলে হঠাৎ করেই ছুটে এসে সেই ৪৩/১ নম্বর (যে বাড়ির নিচতলায় রাসায়নিকের গুদাম ছিল) বাড়িটিতে ঢুকতে চান তরুণ আদিব রহমান (১৮)। হাত মুঠি করে হুঙ্কার ছাড়েন, ‘ওগরে শেষ কইরা ফালামুু’। কর্তব্যরত পুলিশ ও সেনা-কর্মকর্তারা তাঁকে ধরতে গেলে হাত-পা ছুড়ে সবাইকে সরিয়ে দেন আদিব। রাগে-ক্ষোভে কাঁপতে থাকেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যান রাস্তার ওপর। মাথায় পানি ঢালা, বাতাস করার পর কয়েক মিনিট পর হঠাৎ করেই লাফ দিয়ে উঠে বসে আবারও একই হুঙ্কার ছাড়েন। যে-ই তাঁকে ধরতে আসছেন তাঁর দিকেই কিল-ঘুষি হাঁকছেন। কিছুক্ষণ পর কান্না শুরু করেন। স্বজনেরা জানান, আদিবের ধারণা, ৪৩/১ নম্বর বাড়ির মালিকদের কারণেই এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। তাঁদের বাড়ির নিচে রাসায়নিকের গুদামের কারণেই এত লোক মারা গেছে। আদিবেরা ৪২ নবাব কাটরার তৃতীয় তলায় থাকতেন। তাঁর বাবা শহীদুর রহমান বাবু ব্যবসায়ী। আগুনে আদিবের একমাত্র ছোট বোন আলবি রহমান (১৪) গুরুতর দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে মৃত্যুর সঙ্গে লড়ছে। মা ফৌজিয়া রহমান বার্ন ইউনিটের পঞ্চমতলায় ভর্তি। তাঁদের গৃহকর্মী জোসনা হাসপাতালে নেওয়ার এক দিন পর মারা যায়। আদিব ও তাঁর বোন মাস্টার মাইন্ড স্কুলে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের শিক্ষক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের সমন্বয়ক এ এস এম আতীকুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্যোগে শরীরের যেমন ক্ষতি হয় মনেরও সে রকম ক্ষতি হয়। মনের এই ক্ষতি সারাতে না পারলে তা মানুষের জীবনের গতিধারা পাল্টে দেয়।প্রয়োজন যত্ন: মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল প্রথম আলোকে বলেন, যেকোনো দুর্যোগে মানুষ মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। নিমতলীতে যা ঘটেছে তা সেখানকার মানুষের চিন্তার বাইরে ছিল। তাই প্রাথমিক পরিস্থিতিতেই তাদের যত্ন ও মানসিক সহযোগিতা দেওয়া দরকার। এখনকার পরিস্থিতিতে সামাজিক ভূমিকা খুবই জরুরি। বাচ্চাদের জন্য খেলাধুলা, টিভি দেখা, ঘুরতে যাওয়াসহ বিনোদনের ব্যবস্থা করতে হবে অথবা তারা যেটাই চায় সেটাই করতে দিতে হবে। এতে তারা দ্রুত আগের জীবনের স্বাদ পাবে। বিশেষজ্ঞরা বলেন, এখন সহানুভূতির পাশাপাশি সমানানুভূতিরও প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বাবা-মাহারা রুনা-রত্নাকে জড়িয়ে ধরে নিজের কথা বলে সান্ত্বনা দিয়েছেন—এটাই সমানানুভূতি।