জীবনের জন্য ভালোবাসার গান দিয়ে মাদকবিরোধী সংগীতানুষ্ঠানের শুরু করাটাকে তাৎপর্যপূর্ণই বলতে হবে। রিঙ্কু নামে শ্রোতাদের কাছে পরিচিত ক্লোজআপ ওয়ানের শিল্পী মশিউর রহমানের তিনটি গানেই পাওয়া না-পাওয়ার বেদনার কথা ছিল। তবে সেই সঙ্গে ছিল কানার হাটবাজারে মত্ত না হওয়ার আহ্বানও।ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডমে গতকাল শুক্রবার বেলা তিনটা ৪০ মিনিটে যখন ‘বাংলালিংক প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট ২০১৩’ শুরু হয়, তখনো খোলা মাঠে ছিল খররোদের দাপট। তবু কমতি ছিল না দর্শক-শ্রোতার উৎসাহ-উদ্দীপনায়। তাঁদের অধিকাংশই ছিলেন তরুণ। শুরুতেই অনুষ্ঠানের উপস্থাপক রুমানা মালিক মুনমুনের আহ্বানে তরুণেরা দৃপ্তকণ্ঠে মাদককে ‘না’ বলেন। প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলন আয়োজিত এই কনসার্টের সহযোগিতায় ছিল কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড ও প্রথম আলো বন্ধুসভা। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও এবিসি রেডিও। প্রথম আলোর মাদকবিরোধী এই আয়োজনে মাদকের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে শামিল হন দেশসেরা সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, লেখক, চিকিৎসকসহ অনেক জনপ্রিয় মুখ। জনপ্রিয় এসব মানুষের সঙ্গে কনসার্টে আসা দর্শকেরা জানিয়ে দেন, প্রথম আলোর এই মাদকবিরোধী আন্দোলনের সঙ্গেই আছেন তাঁরা।রিঙ্কুর পর মঞ্চে আসেন চ্যানেল আই সংগীত তারকা ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। ন্যান্সি তাঁর জনপ্রিয় গান ‘বাহির বলে দূরে থাক’সহ তিনটি গান গেয়ে শোনান। ইমরানের দুটি গানের প্রথমটিতেই ছিল দেশের কথা। গান নির্বাচনে অবশ্য শিল্পীরা সবাই দেশের গানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। গানের ফাঁকে ফাঁকে হয়েছে আলোচনা। অনুষ্ঠান যখন মাঝামাঝি, তখন মঞ্চে আহ্বান জানানো হলো চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। এই তারকা দম্পতির সারল্যে ভরা আলাপচারিতায় মুগ্ধ হন দর্শকেরা। ফারুকী নিজের মাদকাসক্তি এবং তিশার ভালোবাসায় ওই আসক্তি থেকে কীভাবে বেরিয়ে এলেন তা জানান। তবে তিশা বলেন, ‘মাদক ছাড়ার জন্য সবার আগে আসক্তের ব্যক্তিগত সদিচ্ছার প্রয়োজন বেশি।’এর পরই মঞ্চে আসেন জনপ্রিয় লেখক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। শোনান এক মায়ের গল্প; যে মা নিরুপায় হয়ে মাদকাসক্ত সন্তানকে খুন করার জন্য ভাড়া করেছিলেন ভাড়াটে এক খুনিকে। তিনি বললেন, ‘মাদকাসক্তি শুধু আসক্ত ব্যক্তিকে নয়, তার পরিবারকেও বিপন্ন করে। বর্তমানে আমাদের দেশে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। আমরা এমন দেশ চাইনি, মুক্তিযুদ্ধের শহীদেরাও এমন দেশের স্বপ্ন দেখে আত্মত্যাগ করেননি। তাই মাদককে “না” বলতে হবে।’এ পর্যায়ে আনিসুল হকের আহ্বানে মঞ্চে আসেন কনসার্টের শিল্পীরা সবাই। সঙ্গে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা, মনোরোগ চিকিৎসক ও লেখক মোহিত কামাল, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ফ্যান্টাসি কিংডমের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক অনুপ কুমার সরকার, প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান, প্রথম আলো ট্রাস্টের আজিজা আহমেদ, ফেরদৌস ফয়সাল প্রমুখ। মাদককে ‘না’ বলার মধ্য দিয়ে শুরু হওয়া কনসার্টের এ পর্বে জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর আহ্বানে আবারও সবাই মিলে শপথ নেন ‘আমরা মাদক নেব না, বন্ধু-স্বজনদেরও নিতে দেব না।’ এরপর আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ড দল এলআরবি ‘রাখে আল্লাহ মারে কে’ গানটি দিয়ে শুরু করলেন তাঁদের চারটি গানের জমজমাট এক পর্ব। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং বাড়ছে দর্শকের ভিড়ও। এরপর মাদকের বিরুদ্ধে প্রথম আলোর উদ্যোগ সম্পর্কে বলেন আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘মাদককে আমরা ঘৃণা করি, মাদকাসক্তকে নয়। কারণ, আমরা বিশ্বাস করি, আসক্তি ছেড়ে আসা যায়। যেমন আমি নিজে সিগারেট ছেড়েছি।’ তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘প্রথম আলো আপনাদের পাশে আছে, আসুন, আমরা মাদককে “না” বলি।’ এর আগেই মোহিত কামাল তরুণেরা কেন মাদক নেয়, তা ব্যাখ্যা করেন; সঙ্গে এও জানিয়ে দেন, কী করে দূরে থাকা যায় মাদকের মরণ ছোবল থেকে। তিনি বলেন, ‘তরুণেরা সাধারণত সঙ্গদোষে সিগারেট দিয়ে, আর তরুণীরা হতাশা থেকে ঘুমের বড়ি দিয়ে নেশা শুরু করে। এ দুটিও মাদকদ্রব্য।’ তিনি বলেন, ‘যারা মাদক নেয়, তারা জগতের কোনো আনন্দ উপভোগ করতে পারে না। তাই আমরা মাদক নেব না, আনন্দ উপভোগ করব প্রাণভরে।’শুধু গান আর বক্তৃতা নয়। মাদকাসক্তি নিয়ে মজার সব গল্পও ছিল কনসার্টের অলংকার হিসেবে। আর গল্পে সবাইকে ছাড়িয়ে গেছেন চলচ্চিত্রের খলনায়ক হিসেবে খ্যাত মিশা সওদাগর। তিনি বললেন, ‘পর্দায় যে আমাকে আপনারা বহুবার মদ্যপান, ধূমপান করতে দেখেছেন, সেই আমি জীবনে কোনো দিন নেশা করিনি। তাই আমার তো আপনাদেরও ধূমপানসহ সব আসক্তি ছেড়ে দেওয়ার অনুরোধ করার অধিকার আছে। আসুন, আমরা মাদক ছাড়ি, জীবনকে সুন্দর করে গড়ে তুলি।’ অভিনয়শিল্পী নিপুণ আখতার, আরিফিন শুভ ও মামনুল ইমনও মঞ্চে এসে মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান। সবার সঙ্গে কণ্ঠ মিলিয়ে মাদককে ‘না’ বলেন।সন্ধ্যায় গরম একটুখানি কমে আসে। তখন মঞ্চে আসে ব্যান্ড দল চিরকুট। তাদের প্রথম গান ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ একটু শান্তির ছোঁয়া নিয়ে এল দর্শক-শ্রোতার মনে। চিরকুট শোনাল মোট চারটি গান। রাত আটটা ১০ মিনিটে আসিফ আকবরের গান দিয়ে শেষ হয় কনসার্ট। আসিফ ‘বদলে যাও বদলে দাও’ ও ‘বাংলাদেশ’সহ পাঁচটি গান গেয়ে শোনান।