জীবনের জন্য লড়ছেন দগ্ধ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রণায় কাতর কোনো রোগীর সেবায় ব্যস্ত থাকার কথা ছিল চিকিৎসক রাকিবুল আলমের। অথচ তিনিই এখন কাতরাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। হরতালের আগুনে তাঁর শ্বাসনালি পুড়েছে। পুড়েছে মুখমণ্ডল, বুক আর হাত দুটিও। জীবনের জন্য লড়ছেন জীবন বাঁচানোর কর্মী রাকিবুল।হরতালের আগুনের আরেক শিকার তরুণ শ্রমিক মো. সোহেল (১৮)। আগুনে পুড়েছে তাঁর শরীরের ৬০ শতাংশই। যন্ত্রণাময় পোড়া ক্ষত নিয়ে সোহেলও ভর্তি রয়েছেন বার্ন ইউনিটে। গতকাল সোমবার কাভার্ড ভ্যান থেকে পণ্য নামানোর সময় দুর্বৃত্তরা ভ্যানে আগুন ধরিয়ে দিলে সোহেল দগ্ধ হন। তাঁর সহকর্মীরা বলছেন, হরতাল-সমর্থকেরাই এ ঘটনা ঘটিয়েছে।চিকিৎসক রাকিবুলের স্বজন ফারহানা জেসমিন হাসান গতকাল প্রথম আলোকে বলেন, শনিবার রাতে এক বন্ধুকে নামিয়ে রাকিবুল তাঁর অপর দুই বন্ধু ওমর ফারুক ও মোহাম্মদ রায়হানের সঙ্গে আগারগাঁও থেকে রামপুরার দিকে যাচ্ছিলেন। সাড়ে আটটার দিকে হঠাৎ কেউ তাঁদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। চিকিৎসক রায়হান কিছুক্ষণ পরই সিটবেল্ট খুলে বেরিয়ে আসতে পারলেও আটকা পড়েন অপর দুই চিকিৎসক।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের প্রধান মো. আবুল কালাম বলেন, ‘ওদের গাড়িতে কী ছোড়া হয়েছিল জানি না। তবে রাকিবুলের চামড়ার সাতটি স্তরই পুড়েছে। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। পোড়ার পরিমাণ যাই হোক না কেন, শ্বাসনালির পোড়া মৃত্যুর আশঙ্কা ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। দুই সপ্তাহের আগে কিছুই বলা যাচ্ছে না।’অপর দুই চিকিৎসকের একজন ওমর ফারুককে গতকাল রোববার সকালে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর শরীরে ১০ শতাংশ পোড়া। মোহাম্মদ রায়হানকে ছেড়ে দেওয়া হয়েছে শনিবার রাতেই। বার্ন ইউনিট সূত্র বলছে, অগ্নিদগ্ধদের মধ্যে রাকিবুলের অবস্থাই গুরুতর। ধোঁয়া আর গ্যাসে তাঁর শ্বাসতন্ত্র পুড়েছে, ফুসফুস, কিডনিও আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। আগুনে এমনভাবে পুড়েছেন রাকিবুল, তাঁর চেহারা আর চেনা যায় না।রাকিবুলের স্বজনেরা জানান, বছর দেড়েক আগে তাঁর বোন, বোনের স্বামীসহ পাঁচজন সড়ক দুর্ঘটনার পর গাড়িতে লাগা আগুনে পুড়ে মারা গেছেন। এত অল্প সময়ের ব্যবধানে আবারও আগুনে পোড়ার ঘটনায় বাকরুদ্ধ রাকিবুলের চিকিৎসক স্ত্রী রোমানা আলম। একমাত্র সন্তান লামিসা এখনো জানে না বাবার কী হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিনের প্রভাষক রাকিবুল আলম রাজশাহী মেডিকেল কলেজের কে-৩৫ ব্যাচের ছাত্র। রাজশাহী মেডিকেল কলেজের সাবেক এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাতের খবরে যখন দেখলাম তিন চিকিৎসক অগ্নিদগ্ধ, খুব কষ্ট পেয়েছিলাম। সকালে জানতে পারি, তাঁরা আমারই মেডিকেল কলেজের ছাত্র। তাঁদের মধ্যে ডিউক ভাই (রাকিবুল) ছিলেন ক্যাম্পাসের পরিচিত মুখ। ছাত্রদলের নেতা হিসেবে তাঁর পরিচিতি ছিল। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি কাউকে চেনে না।’বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেন, রাকিবুলের জন্য তাঁরা আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর খোঁজখবর নিয়েছেন, সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন। তবে চিকিৎসকেরা প্রশ্ন তুলে বলেছেন, যাঁরা বিপন্ন মানুষের চিকিৎসা দেন, তাঁদের জীবনই হরতালে বিপন্ন হয়ে উঠেছে।হরতালে অগ্নিদগ্ধ মানুষ হাসপাতালে এসেছে শুনে অ্যাম্বুলেন্সে রওনা হয়েছিলেন বিভাগের অধ্যাপক সাজ্জাদ খন্দকার। হাসপাতালে ঢোকার মুখে তাঁর অ্যাম্বুলেন্সটিও পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন একদল তরুণ। কাকুতি-মিনতি করে তিনি অ্যাম্বুলেন্সটি রক্ষা করেন। চিকিৎসকেরা হতাশ। জীবন্ত মানুষ পুড়ছে, কিন্তু থামছে না জ্বালাও-পোড়াও সংস্কৃতি।জ্বালাও-পোড়াওয়ের শিকার তরুণ শ্রমিক: তরুণ শ্রমিক মো. সোহেল (১৮)। পেটের দায়ে কিশোর বয়সেই চাকরি নিতে হয়েছে। গতকাল হরতালের আগুনে পুড়েছে তাঁর দেহের ৬০ শতাংশ। যন্ত্রণাময় পোড়া ক্ষত নিয়ে সোহেলও ভর্তি রয়েছেন বার্ন ইউনিটে।সোহেলের সহকর্মীরা জানান, ইউনিলিভার বাংলাদেশের পরিবেশক এসমাহ লিমিটেডের কর্মী সোহেল। গতকাল বেলা দেড়টার দিকে দোকানে মালামাল সরবরাহের জন্য কাভার্ড ভ্যানে খিলগাঁওয়ের ত্রিমোহনী বটতলা এলাকায় যান সোহেল। বিক্রয় প্রতিনিধি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। ভ্যানের ভেতর থেকে সোহেল মালামাল নামিয়ে দিচ্ছিলেন। বাইরে থাকা আরেক কর্মী সেগুলো দোকানে পৌঁছে দিচ্ছিলেন। এ সময়ই হঠাৎ চার-পাঁচজন যুবক এসে বোতল থেকে তেল ঢেলে কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন। এতে ভেতরে থাকা সোহেল দগ্ধ হন। পুড়ে যায় মালামালসহ গাড়িটি।