জীবনের নিশ্চয়তার দাবিতে হরতাল, ইলিয়াস উপলক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা রাজনীতিকদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই ষড়যন্ত্র শুরু হয়েছিল। তখন দুই নেত্রীকে সরানোর চেষ্টা হয়েছিল।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন। ভাসানী স্টাডি সার্কেল নামের একটি সংগঠন ‘রাজনীতির হালহাকিকত: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।গত দুই মাসে ২০০ লোককে গুম করা হয়েছে দাবি করে মওদুদ আহমদ বলেন, বিএনপির ডাকা হরতাল শুধু ইলিয়াস আলীর জন্য নয়, মানুষের জীবনের নিশ্চয়তা নিশ্চিত করার দাবিতে। ইলিয়াস আলী একটি উপলক্ষ।রেল মন্ত্রণালয় থেকে পদত্যাগের পর আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহিন মন্ত্রী করার সমালোচনা করে মওদুদ বলেন, এর মধ্য দিয়ে সরকার প্রমাণ করেছে, ওই দুর্নীতির সঙ্গে পুরো সরকার জড়িত।একই অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ষড়যন্ত্রের শিকার। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবি জানান।