‘জন্ডিস একটা পানিবাহিত রোগ।’ জন্ডিস সম্পর্কে পঞ্চম শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞানের ‘স্বাস্থ্য বিধি’ অধ্যায়ে (পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা-৪৬) এমন তথ্য থাকলেও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জানছে ভিন্ন তথ্য। অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের ‘কয়েকটি সাধারণ ব্যাধি’ অধ্যায়ে বলা হচ্ছে, জন্ডিস কোনো রোগ নয়। এটি রোগের উপসর্গ মাত্র। (পৃষ্ঠা-১৯৭) এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট ভাইরাস বিশেষজ্ঞ মো. নজরুল ইসলাম বলেন, জন্ডিস কোনো রোগ নয়। রোগের উপসর্গ বলাই সঠিক।২০১১ সালের জন্য নির্ধারিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিজ্ঞানের পাঠ্যপুস্তকে একই বিষয়ে এমন তথ্যের অসংগতি আছে আরও। বিশেষ করে জীববিজ্ঞান অংশে রোগ, রোগের উপসর্গ, চিকিৎসা-সম্পর্কিত তথ্যে এমন অসংগতি বেশি। নবম-দশম শ্রেণীর মাধ্যমিক সাধারণ বিজ্ঞানের ‘মানবদেহ বৈচিত্র্য’ অধ্যায়ে যৌন রোগ সম্পর্কে বলতে গিয়ে এইডস সম্বন্ধে তথ্য হলো, এর ‘চিকিৎসা অজ্ঞাত’। (অধ্যায় ১২, পৃষ্ঠা-১৬৬) মো. নজরুল ইসলাম প্রায় দুই দশক ধরে এইচআইভি/এইডস বিষয়ে গবেষণা করছেন। তিনি বলেন, ‘চিকিৎসা অজ্ঞাত’ বলার কোনো সুযোগ নেই। নিয়ম মেনে ওষুধ খেলে এইডসের রোগীকে বহু বছর বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে।বইটির একই অধ্যায়ে নিউমোনিয়া সম্পর্কে বলা হয়েছে, ‘এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ।’ (পৃষ্ঠা ১৫৫)এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক মো. আবিদ হোসেন মোল্লা বলেন, নিউমোনিয়া প্রধানত ব্যাকটেরিয়াজনিত রোগ। তবে ভাইরাস ও ছত্রাকজনিত কারণেও নিউমোনিয়া হয়। এ ক্ষেত্রে পাঠ্যবইয়ে ‘প্রধানত’ শব্দটি যুক্ত করলে ভালো হতো। একই অধ্যায়ে মানুষের রক্তের শ্রেণীবিভাগ সম্পর্কে বলা হয়েছে, মানুষের রক্তের লোহিত কণিকায় দুই প্রকারের এন্টিজেন এবং দুই প্রকারের এন্টিবডি থাকে। এ এন্টিজেন ও এন্টিবডির ওপর ভিত্তি করে মানুষের রক্ত চারটি শ্রেণীতে ভাগ করা হয়, যা এবিও পদ্ধতি। একই প্রসঙ্গে আরএইচ পদ্ধতির কথাও বলা হয়েছে। কিন্তু এ দুটি পদ্ধতির মধ্যে সম্পর্কের বিষয়টি অস্পষ্ট। (পৃষ্ঠা-১৫১)।আসলে মানুষের রক্তের লোহিত কোষের পর্দায় অসংখ্য এন্টিজেন থাকে, যার ওপর ভিত্তি করে রক্তের শ্রেণীবিভাগ নির্ধারিত হয়। এ বিষয়ে জানতে চাইলে মেডিসিন বিশেষজ্ঞ মহিউদ্দিন আহমেদ জানান, ডি গ্রুচিস ক্লিনিক্যাল হেমাটোলজি ইন মেডিকেল প্র্যাকটিস গ্রন্থের পঞ্চম সংস্করণের তথ্যমতে, মানবদেহে রক্তের গ্রুপ নির্ধারণে অন্তত ১৫টি পদ্ধতি রয়েছে। এর মধ্যে এবিও এবং আরএইচ পদ্ধতি প্রধান। এবিও পদ্ধতিতে এ, বি, এবি এবং ও—এই চারটি গ্রুপ রয়েছে। আরএইচ পদ্ধতিতে আরএইচ পজিটিভ ও আরএইচ নেগেটিভ এই দুটি গ্রুপ রয়েছে। চিকিৎসকেরা মূলত কার্যক্ষেত্রে এই দুটি পদ্ধতির সমন্বয়ে মানুষের রক্তের গ্রুপ প্রকাশ করেন। যেমন—এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ। একই অধ্যায়ে ত্বক সম্পর্কে বলা হয়েছে, ‘ত্বক দেহের বহিঃ আবরণ ও স্পর্শানুভূতি ইন্দ্রিয়’ (পৃষ্ঠা-১৬৪)। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলে, শুধু স্পর্শ নয়; তাপ, কম্পন, ব্যথাও ত্বকের মাধ্যমে অনুভূত হয়। মানুষের মস্তিষ্ক, যকৃৎ বা কিডনির মতো ত্বকও একটি অঙ্গ। মানুষের সবচেয়ে বড় অঙ্গ এই ত্বক। প্রাপ্তবয়স্ক মানুষের ওজনের প্রায় ১৬ শতাংশ হলো ত্বক। পাঠ্যবইয়ের জীববিজ্ঞান অংশে অসংগতি সম্পর্কে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞানের শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, দীর্ঘদিন ধরেই এমন ভুল, অসংগতি বিজ্ঞানের পাঠ্যবইয়ে থেকে যাচ্ছে। সংশোধন করা হচ্ছে না। অর্থাৎ শিক্ষকেরাও অসংগতিগুলো সম্পর্কে জানেন। কিন্তু তাঁদের করার কিছু নেই।বিজ্ঞানের পাঠ্যবইয়ে বিষয় বিন্যাসে অসংগতির উল্লেখ করে গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মাধ্যমিক জীববিজ্ঞানে মানবদেহ নিয়ে কোনো অধ্যায় নেই। অথচ মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মাধ্যমিক সাধারণ বিজ্ঞানে মানবদেহ নিয়ে অধ্যায় রয়েছে। যদিও পরবর্তী শ্রেণীর জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মানবদেহ সম্পর্কে জানা জরুরি ছিল। ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞানের অষ্টম অধ্যায় ‘উদ্ভিদ জগৎ’। এ অধ্যায়ের ৬১ পৃষ্ঠায় বলা হয়েছে, ‘উদ্ভিদ বিজ্ঞানীদের মতে, এ পৃথিবীতে প্রায় সাড়ে ৪ লক্ষ উদ্ভিদ আছে।’ আসলে সাড়ে চার লাখ প্রজাতির উদ্ভিদ, শুধু উদ্ভিদ বললে তথ্যটি ভুল।মাধ্যমিক সাধারণ বিজ্ঞানের অষ্টম অধ্যায়; ‘জীবের কৌষিক গঠন ও প্রকৃতি’ (পৃষ্ঠা-৭১) অধ্যায়ে বলা হয়েছে, ‘প্রকৃতপক্ষে জীবিত পর্দা দিয়ে আবৃত প্রোটোপ্লাজমকে কোষ বলা হয়। ১৬৬৫ সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন।’ কোষের এই সংজ্ঞা থেকে শিক্ষার্থীদের মনে হতে পারে, রবার্ট হুক জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। তিনি আসলে মৃত কোষ আবিষ্কার করেছিলেন। বীজের অঙ্কুরোদ্গম সম্পর্কে চতুর্থ শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ‘উদ্ভিদের শ্রেণীবিন্যাস’ অধ্যায়ে বলা হয়েছে, ‘ছোলা, মটর এবং সীমের যে কোনো একটির বীজ নাও। চায়ের পিরিচে অল্প পানিতে ভিজিয়ে রাখ। ধান, গম এবং ভুট্টা বীজ থেকে যে কোনো একটির ১০/১২টি বীজ নাও। এদেরকেও আলাদা একটি চায়ের পিরিচে অল্প পানিতে ভিজিয়ে রাখ। ভেজা বীজগুলো প্রতিদিন লক্ষ কর। পিরিচের পানি যেন শুকিয়ে না যায় সে দিকে খেয়াল রাখবে। কয়েক দিন পর বীজ থেকে অঙ্কুর বের হবে।’ (অধ্যায় এক, পৃষ্ঠা-৩)আসলে বীজ অঙ্কুরিত হওয়ার অন্যতম শর্ত হলো, তার অঙ্কুরোদ্গম ক্ষমতা আছে কি না। অথচ এ বিষয়ের কোনো উল্লেখ না করেই বলা হচ্ছে, কয়েক দিন পর বীজ থেকে অঙ্কুর বের হবে। ওই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা না থাকলে অঙ্কুরিত হবে না।প্রাণিবিদ ও দুবাই চিড়িয়াখানার প্রধান রেজা খান বলেন, ‘এমন তথ্য যাতে পাঠ্যবইয়ে সংযোজিত না হয়, তা দেখার জন্য বিশেষ বিজ্ঞানীদের নিয়ে ‘বই নিরীক্ষণ কমিটি’ থাকা দরকার, যারা বইয়ের পাণ্ডুলিপি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে। পাঠ্যপুস্তক বোর্ডের এই কমিটিতে স্বনামধন্য বিজ্ঞানীরা থাকবেন। পাঠ্যপুস্তক বোর্ড এই কমিটির অনুমোদন ছাড়া কোনো পাঠ্যবই গ্রহণ করবে না।