জীববৈচিত্র্য রক্ষার শপথে আজ বিশ্ব পরিবেশ দিবস
‘জীববৈচিত্র্যপূর্ণ পৃথিবীই আমাদের স্বপ্ন’—এই স্লোগান সামনে রেখে আজ দেশে দেশে পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস। দেশগুলোর পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন পরিবেশ দিবস উপলক্ষে কর্মসূচি পালন করবে।পুরান ঢাকায় ভয়াবহ আগুনে শতাধিক লোকের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় রাজধানীতে পরিবেশ দিবসের পূর্বঘোষিত সব কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবসের কর্মসূচি ও পরিবেশ মেলার উদ্বোধন করার কথা ছিল।পরিবেশ দিবস ২০১০-এর তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে জাতিসংঘ থেকে বলা হয়েছে, মানুষের নানা তৎপরতায় পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। মানুষ ও পরিবেশের টিকে থাকার স্বার্থে তাই এবারের পরিবেশ দিবসে জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরির জন্য প্রচার চালানো হবে।জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেন, স্বাস্থ্য, টেকসই ভবিষ্যৎ ও সুন্দর প্রতিবেশের জন্য জীববৈচিত্র্য রক্ষা করা উচিত।আফ্রিকার দেশ রুয়ান্ডা এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের বৈশ্বিক আয়োজক রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করবে। ৫২ প্রজাতির বিপন্নপ্রায় প্রাণীর আবাসস্থল এই দেশটিতে অতিবিরল পাহাড়ি গরিলার বাস। দারিদ্র্য ও অন্যান্য সমস্যার মধ্যে থেকেও এই দেশটি পরিবেশ রক্ষাকে অনেক গুরুত্ব দিচ্ছে।