অন্যান্য কারণের সঙ্গে অনিয়ন্ত্রিত পর্যটনে ইতিমধ্যেই সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য ঝুঁকির মুখে। এবার সরকারও দৃশ্যত স্পর্শকাতর এই স্থানটিতে বাণিজ্যিক পর্যটনে উৎসাহ দিচ্ছে। দ্বীপে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নির্মিত মেরিন পার্ক ও গবেষণাগার পর্যটনের জন্য ইজারা দিচ্ছে পরিবেশ অধিদপ্তর।অনন্য জীববৈচিত্র্য রক্ষায় সরকার ১৯৯৯ সালে সেন্ট মার্টিন দ্বীপকে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ (ইসিএ) ঘোষণা করে। সামুদ্রিক কচ্ছপের অন্যতম প্রজননক্ষেত্র ও সামুদ্রিক প্রবালের অন্যতম আধার হওয়ায় এ দ্বীপে কংক্রিটের তৈরি অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। কিন্তু এখানে হোটেল নির্মাণ থেমে নেই। ইতিমধ্যেই ক্ষুদ্র এ দ্বীপে রয়েছে ৩৫টি হোটেল।সেন্ট মার্টিনে অবৈধভাবে অবকাঠামো নির্মাণ করায় ১৭টি হোটেলকে দেড় কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। তবে সেই টাকার পুরোটা এ পর্যন্ত আদায় করতে পারেনি তারা। এ পরিস্থিতিতে সরকারি অবকাঠামো পর্যটনের জন্য ইজারা দিলে অন্য হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। জীববৈচিত্র্য রক্ষার প্রকল্পে অর্থায়ন না করে উল্টো গবেষণা অবকাঠামো পর্যটনের জন্য ইজারা দেওয়ার কারণ হিসেবে পরিবেশ অধিদপ্তর ‘জনবল ও অর্থ সংকটের’ গতানুগতিক কথা বলছে। সেন্ট মার্টিন দ্বীপের ওই অবকাঠামো ইজারা দেওয়ার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর একটি শর্ত জুড়ে দিয়েছে। যে প্রতিষ্ঠান ইজারা নেবে তাদের পরিবেশ অধিদপ্তরের নিয়োগ দেওয়া দুজন প্রহরীর বেতনভাতা বহন করতে হবে। দ্বীপটিতে সরকারের জীববৈচিত্র্য রক্ষার যে প্রকল্প ছিল তার আওতায় ওই দুই প্রহরী এখনো সেখানে অবস্থান করছেন।নিয়মিত পর্যবেক্ষণ ও আইন কার্যকরের অভাবে সেন্ট মার্টিনে এখনো নানা ধরনের অবকাঠামো নির্মাণকাজ চলছে। গত সপ্তাহেও ইসিএ ব্যবস্থাপনা কমিটি দ্বীপে অবকাঠামো নির্মাণের সময় বালু, সিমেন্ট ও রডসহ একজনকে আটক করে।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত একজন মন্ত্রীর আত্মীয় সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য প্রকল্পের স্থাপনা ইজারা নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। ওই মন্ত্রীর ভাই দ্বীপে পর্যটন ব্যবসা করতে ইতিমধ্যে জমিও কিনেছেন। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক জাফর আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেছেন, চলতি মাসের মধ্যে ইজারা দিতে বেসরকারি পর্যটন প্রতিষ্ঠানগুলোর জন্য উম্মুক্ত দরপত্র আহ্বান করা হবে।জীববৈচিত্র্য রক্ষা প্রকল্পে স্থবিরতার পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ারুল ইসলাম সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি সংশ্লিষ্ট স্থাপনাগুলো প্রাথমিকভাবে দুই বছরের জন্য ‘কতিপয় শর্ত সাপেক্ষে’ ইজারা দেওয়ার পরামর্শ দেন। পরিবেশ বিশেষজ্ঞরা এই ইজারার উদ্যোগের খবরে উদ্বিগ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরসমুদ্রবিজ্ঞান ও মৎস্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাফর প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যেই পর্যটনজনিত দূষণে দ্বীপটির অবস্থা বিপন্ন। আমরা সেখানে দিনে ৫০০ জনে সীমিত রাখার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু পর্যটন মৌসুমে দিনে পাঁচ থেকে ১০ হাজার পর্যটক যাচ্ছে। সরকারের উচিত হবে গবেষণার জন্য নির্মিত স্থাপনা ইজারা না দিয়ে গবেষণার কাজই করা এবং অবিলম্বে সব বাণিজ্যিক স্থাপনা অপসারণ করা।’পরিবেশবাদীরা বলছেন, সেন্ট মার্টিনের মতো স্বতন্ত্র ও জীববৈচিত্র্যপূর্ণ একটি দ্বীপের এ রকম গবেষণাপ্রতিষ্ঠান ইজারা দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। দ্বীপ রক্ষায় যতই শর্ত দেওয়া হোক না কেন, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষে এর জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব নয়।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘সেন্ট মার্টিন প্রতিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। দ্বীপটিকে সম্পূর্ণ প্রকৃতির হাতে ছেড়ে দিয়ে এখানকার জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ নেওয়ার বদলে সরকার যদি তার নিজস্ব অবকাঠামোগুলো পর্যটনের জন্য ইজারা দেয় তা হবে পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন। এতে বেসরকারি হোটেল ও পর্যটন প্রতিষ্ঠানগুলো দ্বীপটির জন্য ক্ষতিকারক পর্যটন আরও বাড়াবে। ফলে দ্বীপটি চিরতরে ধ্বংস হয়ে যাওয়ার পথই সুগম হবে।’ প্রকল্পের বরাদ্দ নেই: পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণ ও মেরিন পার্ক প্রতিষ্ঠা ও ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় ২০১০-১১ অর্থবছর থেকে শুরু করার জন্য বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার কথা ছিল। কিন্তু দুই বছর ধরে ওই প্রকল্পে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। ফলে দুই বছর ধরে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষায় সরকারি কোনো উদ্যোগও নেই। ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জাতিসংঘের গ্লোবাল এনভায়রনমেন্ট ফান্ডের (জিইএফ) সহায়তায় জীববৈচিত্র্য রক্ষায় একটি প্রকল্প পরিচালনা করা হয়েছিল। ২০১১ সাল থেকে সরকারের নিজস্ব অর্থায়নে ওই প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হলেও তা থেকে সেন্ট মার্টিন দ্বীপকে বাদ দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের বিশেষ জীববৈচিত্র্য রক্ষা প্রকল্পের আওতায় সরকার প্রায় এক বিঘা জমির ওপর গবেষণাগার, সোলার প্যানেলসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে। উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা নামের ওই প্রকল্পের আওতায় এখানকার জীববৈচিত্র্য রক্ষা করা হতো। দুই বছর ধরে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় কোনো উদ্যোগ না থাকায় দ্বীপের সরকারি অবকাঠামোগুলো নষ্ট হতে থাকে। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি দল তিনটি ইসিএ এলাকা— সেন্ট মার্টিন, সোনাদিয়া ও টেকনাফ পরিদর্শন করে। সেন্ট মার্টিন দ্বীপ বিষয়ে দেওয়া প্রতিবেদনে মহাপরিচালক উল্লেখ করেন, স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ প্রতিবেদনেই তিনি ইজারার ওই পরামর্শ দেন।