জীববৈচিত্র্য রক্ষায় উদার বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনকক্ষে জীববৈচিত্র্য-বিষয়ক উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ বৈঠকে বিশ্ব নেতাদের প্রতি এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, ‘মানুষের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে পৃথিবী থেকে হাজার হাজার প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। অথচ কোটি কোটি বছরের বিবর্তনে পৃথিবীতে বিস্ময়কর পরিবেশগত ভারসাম্য তৈরি হয়েছিল, যেখানে লাখ লাখ প্রজাতি সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। কিন্তু আমরা এ সৌভাগ্য ও প্রকৃতির আশীর্বাদকে ধরে রাখতে পারিনি। নিষ্ঠুরভাবে প্রকৃতির উদারতার অপব্যবহার করে পরিবেশগত ভারসাম্য নষ্ট এবং জীববৈচিত্র্য ধ্বংস করছি। এর ফলে আমাদের অস্তিত্ব আজ হুমকির মুখে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস, একটি সফল নীতি ও কর্মসূচি প্রণয়নে তাঁদের মতামত সন্দেহাতীতভাবে সহায়ক হবে।’বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।উল্লেখ্য, চলতি বছরেই জীববৈচিত্র্যের আন্তর্জাতিক বছর পালিত হচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য ‘উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে জীববৈচিত্র্য’। এ বছরের শেষে জীববৈচিত্র্য বিষয়ে জাপানে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে। বাসস।