জীববৈচিত্র্য রক্ষায় কৌশল প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর কৌশল প্রণয়ন এবং এ খাতে আরও বিনিয়োগ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জীববৈচিত্র্য রক্ষাবিষয়ক উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ বৈঠকে তিনি এ আহ্বান জানান।একই দিন মার্কিন চেম্বার অব কমার্স নেতাদের সঙ্গে এক সভায় বাংলাদেশের পণ্য শুল্ক ও কোটামুক্তভাবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ব্যবস্থা রেখে নিউ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যাক্ট পাস করতে মার্কিন আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মার্কিন চেম্বার অব কমার্স নেতাদের সঙ্গে ওই সভায় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে উল্লেখ করে তিনি এ আহ্বান জানান।জীববৈচিত্র্য রক্ষাবিষয়ক উচ্চপর্যায়ের ওই সম্মেলনে কীভাবে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ও হারিয়ে যাচ্ছে, তার এক মলিন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনসংখ্যা বাড়ার কারণে দরিদ্র জনগোষ্ঠীর পরিধি বাড়ছে, কোনো ধরনের বিবেচনা ছাড়াই প্রাকৃতিক সম্পদ আহরণ করা হচ্ছে, পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। এসব কারণে জীববৈচিত্র্য বড় ধরনের হুমকিতে রয়েছে।শেখ হাসিনা বলেন, বিশ্বের বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাদের প্রাত্যহিক জীবনধারণের বিষয়টি জীববৈচিত্র্যের ওপর নির্ভরশীল। এ কারণেই ২০০২ সালে বিশ্বনেতারা ঠিক করেছিলেন, ২০১০ সালের মধ্যে জীববৈচিত্র্য ধ্বংসের গতি কমিয়ে আনবেন এবং বিষয়টি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়। তিনি বলেন, চলতি বছরকে আন্তর্জাতিক ‘জীববৈচিত্র্য বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের জন্য জীববৈচিত্র্য’। সে অনুযায়ী প্রাকৃতিক সম্পদকে মূলধন হিসেবে বিবেচনায় নিয়ে উন্নয়ন কর্মসূচির লক্ষ্যের সঙ্গে যোগসূত্রকে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে জীববৈচিত্র্যের ক্ষয় ও দারিদ্র্যের মধ্যেও বাস্তব যোগসূত্র স্থাপন করতে হবে। আগামী মাসে জাপানের নাগোইয়ায় অনুষ্ঠেয় জীববৈচিত্র্যবিষয়ক সম্মেলনের জন্য একটি পরিষ্কার বার্তা তুলে ধরার আহ্বান জানান তিনি।শেখ হাসিনা আরও বলেন, বিশ্বের ৬০ থেকে ৮০ শতাংশ খাদ্য উৎপাদনে নারী কৃষকেরা জড়িত। কিন্তু আবাদি ভূমি কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং দারিদ্র্য ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন। কিন্তু এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীদের সমানুপাতিক অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে না। কার্যকর একটি সংরক্ষণনীতি ও কর্মসূচি প্রণয়নে নারী কৃষকদের মতামত, চাহিদা ও স্বার্থকে গুরুত্ব দেওয়া না হলে তা সফলতার মুখ দেখবে না বলেও মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, জীববৈচিত্র্য রক্ষার কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের সব পর্যায়ে নারীদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা দরকার—সম্মেলনে এ বিষয়টি স্বীকৃতি পাওয়ায় তিনি খুবই সন্তুষ্ট।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন।যুক্তরাষ্ট্র চেম্বারের সঙ্গে সাক্ষাৎ: নিউইয়র্কে মার্কিন চেম্বার অব কমার্স নেতাদের সঙ্গে ওই সভায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে সবচেয়ে বড় বিনিয়োগকারী যুক্তরাষ্ট্র। বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়ন ও বাণিজ্যের অংশীদার। আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন ও নারীর ক্ষমতায়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন তিনি।শেখ হাসিনা বলেন, ‘গত বছর বাংলাদেশের মোট রপ্তানির শতকরা ২৭ ভাগ পণ্য যুক্তরাষ্ট্রে গেছে, যার মূল্য ছিল ৩২০ কোটি ডলার। কিন্তু এটা ছিল যুক্তরাষ্ট্রের বার্ষিক আমদানির মাত্র দশমিক ২৪ ভাগ। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে কিছু পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ জিএসপি-সুবিধা ভোগ করছে। তবে আমরা এই সংখ্যা বাড়াতে আগ্রহী।’ তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রই একমাত্র উন্নত দেশ, যারা এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোকে এসব সুবিধা দেওয়া বন্ধ রেখেছে।বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পের কর্মীদের শতকরা ৮৫ ভাগই নারী। তিনি বলেন, কর্মসংস্থানের কারণে নারীশ্রমিকেরা জীবনে নাটকীয় পরিবর্তন এনেছেন। পাশাপাশি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সর্বোপরি দেশের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন এসেছে। এ সময় তিনি সম্প্রতি পোশাকশ্রমিকদের ৮০ ভাগ পর্যন্ত বেতন বাড়ানোর বিষয়টি উল্লেখ করেন।বৈঠকে শেখ হাসিনা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সম্প্রতি নবায়ন করা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘ইউএস-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইকোনমিক ফোরাম’ গঠনের কথাও উল্লেখ করেন।বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনবি।