জীববৈচিত্র্য রক্ষায় দরকার রাজনৈতিক অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ বণ্য প্রাণী আমাদের দেশে রয়েছে। জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয় সব আইনি কাঠামোও দেশে রয়েছে। সম্প্রতি সংবিধানে জীববৈচিত্র্য রক্ষায় রাষ্ট্রীয় অঙ্গীকারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। অথচ সরকারি বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতার অভাবে জীববৈচিত্র্য দিনে দিনে ধ্বংসের দিকে যাচ্ছে।গতকাল বুধবার প্রথম আলোর কার্যালয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত ‘পানি নিরাপত্তা ও জীববৈচিত্র্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। তাঁরা জীববৈচিত্র্য রক্ষায় রাজনৈতিক অঙ্গীকারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে প্রশাসনিক উদ্যোগ, জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।প্রথম আলোর আয়োজনে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও জার্মান ডেভেলপমেন্ট করপোরেশনের (জিআইজেড) সহায়তায় এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, জলাভূমি ইজারা দেয় ভূমি মন্ত্রণালয়, এর মৎস্য সম্পদের তদারক করে মৎস্য অধিদপ্তর, বণ্য প্রাণী দেখে বন বিভাগ, পানির মান ও পরিবেশ দেখে পরিবেশ অধিদপ্তর, নৌপথ দেখে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, সেচ দেখে কৃষি মন্ত্রণালয়। এই সবগুলো সংস্থার কাজের মধ্যে সমন্বয় আনতে না পারলে পানির প্রধান সম্পদ জীববৈচিত্র্য রক্ষা পাবে না। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার।বৈঠকে নিস্বর্গবিদ দ্বিজেন শর্মা বলেন, পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আধার এ দেশের বনভূমিগুলো ধ্বংস করা হচ্ছে। বন বিভাগ প্রাকৃতিক বন কেটে দ্রুত বাড়ে এমন জাতের আগ্রাসী প্রজাতির গাছ রোপণ করেছে। বনকে জীববৈচিত্র্য রক্ষার জায়গা হিসেবে না দেখে রাজস্ব আদায়ের ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল আজিজ বলেন, ‘বিশ্বে যে ৭২ প্রজাতির শ্বাসমূলীয় গাছ রয়েছে, তার ৬৫টি আমাদের সুন্দরবনে রয়েছে। ১৯৫৯ সালে সুন্দরবনের প্রতি হেক্টর জমিতে ২৯৫টি গাছ ছিল, তা কমে ১৩০টিতে নেমে এসেছে। ফারাক্কা বাঁধের কারণে সুন্দরবন এলাকায় লবণাক্ততা বেড়ে জীববৈচিত্র্য ধ্বংসের দিকে যাচ্ছে। এবার সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে এই ধ্বংসের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।’প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, দেশে ভূমি ব্যবহার নীতিমালা করা হয়েছে। কৃষিজমি সুরক্ষা আইন হচ্ছে। একই রকমভাবে জলাশয়, বনভূমিগুলো যাতে ইজারা না দেওয়া যায়, সে জন্য একটি আলাদা খতিয়ান নম্বর থাকা উচিত। যা শুধু জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ব্যবহূত হবে, এমন আইন তৈরি করতে হবে। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিইএম) নির্বাহী প্রধান এম মনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের মোট পানিসম্পদের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক মিটার। এর ৭৫ শতাংশ আসে যৌথ নদীগুলো থেকে, ২০ শতাংশ পানি আমরা বৃষ্টি থেকে পাই। ২ শতাংশ পানি ভূগর্ভ থেকে আসে। অথচ আমাদের প্রয়োজনীয় পানির ৭৫ শতাংশ ভূগর্ভ থেকে উত্তোলন করি। ফলে আমাদের অবশ্যই ভূ-উপরিস্থ পানির ব্যবহারের দিকে মনোযোগ দিতে হবে।’মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ বলেন, ‘সরকার ইলিশের প্রজনন সময়ে পাঁচ মাস জাটকা নিধন নিষিদ্ধ করেছে। কিন্তু পার্শ্ববর্তী দেশের জলসীমায় ওই ইলিশ গেলে তারা ধরে খেয়ে ফেললে আমাদের কিছু বলার থাকে না। তাই ইলিশের মতো গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় আন্তরাষ্ট্রীয় উদ্যোগ দরকার।’আরণ্যক ফাউন্ডেশনের ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দেশে এক কেজি ধান উৎপাদন করতে পাঁচ হাজার লিটার পানির দরকার হয়। ফলে কৃষি খাতেই আমাদের বিপুল পরিমাণে পানির দরকার হয়। জীববৈচিত্র্যের জন্য পানি রাখতে হলে আমাদের এমন সব জাতের ফসল উদ্ভাবন করতে হবে, যাতে কম পানি দরকার হয়।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ বলেন, ‘বিশ্বে যত পাখি রয়েছে, তার ৭ দশমিক ২ শতাংশ বাংলাদেশে দেখা যায়। বন ও জলাশয় ধ্বংসের কারণে দেশের অর্ধেক বণ্য প্রাণীর প্রজাতিই কোনো না কোনোভাবে বিপন্ন। কিছু প্রশাসনিক উদ্যোগ নিলে প্রকৃতির এই দুর্লভ সম্পদ আমরা রক্ষা করতে পারি।’প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘আমরা সব সময় কোনো কিছু হলেই সরকারের দিকে তাকাই। কিন্তু আমাদের নিজেদের যে দায়িত্ব আছে, তা পালন করি না।’প্রাকৃতিক সম্পদ বিশেষজ্ঞ আবু মোস্তফা কামাল উদ্দিন সম্প্রতি মৌলভীবাজারের বাইক্কার বিলের জীববৈচিত্র্য ধ্বংসের উদাহরণ টেনে বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে এটি ঘটেছে। এখান থেকে শিক্ষা নিয়ে ওই সমন্বয় আনতে হবে। জিআইজেডের মুখ্য পরামর্শক বার্থহোল্ড শ্যারম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম বিপন্ন দেশ। জার্মান সরকারের সহায়তায় চট্টগ্রামের চুনতি বনে সহব্যবস্থাপনার মাধ্যমে বন সংরক্ষণের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের উদ্যোগ নিতে হবে। তিনি শিশু-কিশোরদের পাঠ্যবইয়ের মাধ্যমে জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।আইইউসিএনের প্রকল্প সমন্বয়কারী ইসতিয়াক সোবহান বলেন, ১৯৫৭ থেকে ২০১০ সালের মধ্যে ঢাকার ৯০ শতাংশ জলাভূমি ধ্বংস হয়ে গেছে। জলাভূমিগুলো ইজারা দেওয়ায় এখানকার জীববৈচিত্র্য ধ্বংস করে মাছের চাষ করা হচ্ছে। সামান্য কিছু টাকার জন্য জলাভূমিকেন্দ্রিক জীববৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে।জলাভূমির জীববৈচিত্র্য পুনর্বাসন প্রকল্পের পরিচালক আবুল হাশেম তাঁর প্রকল্পের মাধ্যমে জলাভূমির জীববৈচিত্র্য সংরক্ষণ করার উদ্যোগ তুলে ধরেন।বৈঠকের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। তবে এ ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি সংস্থা ও বিশেষজ্ঞদেরও সোচ্চার হতে হবে।