জীবিকার তাগিদে নদীর কিনারে...
একখণ্ড জমি নেই। বাঁধের পাড়ে, তিস্তা নদীর কিনারে বসতবাড়ি গড়ে তুলেছেন বোরহানুল ইসলাম। এ বাড়িও যে কখন ভেঙে যাবে, তার ঠিক নেই। এর পরও বোরহান থেমে নেই। জীবিকার তাগিদে নদীর কিনারে অর্থাৎ, বাড়ির উঠোনে বসেই মেশিনে সেলাইয়ের কাজ করে চলেছেন তিনি।রংপুরের গঙ্গাচড়া উপজেলার ধামুর এলাকায় বোরহানুলের বাড়ি। এক সময় তাঁদের অনেক জমি ছিল, ছিল বসতভিটা ও গোয়ালভরা গরু। এসব ভেস্তে গেছে তিস্তা নদীর ভাঙনে। বছরের পর বছর বাড়ি সরাতে হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এভাবে পরিবার নিয়ে বাঁধের পাড়ে এখন ভাসমান জীবনযাপন করছে পরিবারটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, বোরহানুলের বাবা আবদুস সালামের এক সময়ে গান্নারপার এলাকায় বেশ কিছু আবাদি জমি ছিল, ছিল বসতভিটে। তিস্তা নদীর ভাঙনে তা বিলীন হয়ে গেছে। এরপর নদীর কিনারে এসে বসতি গড়ে তুললেও তা ভেঙে যায় দুবার।বোরহানুলের বাবা আবদুস সালাম বলেন, ‘নদী ভাঙতে ভাঙতে গান্নারপার শেষ করি ফেলাইছে। এবার নদী ভাইঙবার আসতোছে ধামুর।’ ধামুরে এসে এবার বসতি গড়েছে বোরহানের পরিবার। বোরহানুল বলেন, ‘নদীর ভাঙার কাজ নদীতো করি যাইতেছে। আর হামার জীবন-জীবিকার কাজ হামাকতো করি যাওয়া লাগবে। এটা না করলে হামার পেট চলবে কেমন করি?’বোরহানুলের মা বুলবুলি বেগম বলেন, ‘তিন ছাওয়ার মুখোত ভাত জুটায় বোরহানুল। আর তার শেষ সম্বল হইল সেলাই মেশিন। এই মেশিন হামার পরিবারোক বাঁচে থুইচে।’