জীবিত একজনকে উদ্ধারের পরই ভারী যন্ত্র ব্যবহার, মৃত ৩৭৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমের কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। তাঁরা ভারী যন্ত্র দিয়ে উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নিচ্ছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মর্গে পাঠানো হয়েছে ও হস্তান্তর করা হয়েছে ৩১৭ জনের মরদেহ। ঢাকা জেলা পুলিশ ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ নিয়ন্ত্রণকক্ষে কর্মরত সাভার থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। এ ছাড়া এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে দুই হাজার ৪৩৭ জনকে। ভবনের তৃতীয় তলা থেকে জীবিত এক নারী কর্মীকে উদ্ধারের চেষ্টা চলছে। তাঁর নাম শাহিনা। শাহিনাকে উদ্ধারের পরই রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ভারী যন্ত্র দিয়ে উদ্ধারকাজ চালানো হবে।এর আগে বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনাস্থলের পাশে সংবাদ ব্রিফিংয়ে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী জানান, ধসের ঘটনায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাতে ভারী যন্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যন্ত্রের ব্যবহার ছাড়া প্রচলিত পদ্ধতিও বহাল রাখা হবে। বিশেষজ্ঞদের সমন্বয়ে উদ্ধার সমন্বয় কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্ধার কাজে সমন্বয় করছে সেনাবাহিনী।চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, ‘প্রথম থেকেই আমরা জীবিত বা উদ্ধারকর্মীদের জীবনের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। নিহতদের দেহ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও আমরা লক্ষ রেখেছি। আমরা প্রচলিত পদ্ধতিতে (ম্যানুয়াল) কাজ করেছি। এটা ছিল উদ্ধার অভিযানের প্রথম পর্যায়। তবে দ্বিতীয় পর্যায়ে ম্যানুয়ালি উদ্ধার-প্রক্রিয়া কিছুটা কঠিন হয়ে গেছে। আমরা ম্যানুয়ালের পাশাপাশি কিছু প্রযুক্তির সহায়তা নেব।’ নবম পদাতিক ডিভিশনের জিওসি বলেন, ‘যেসব স্তরে প্রাণের অস্তিত্ব আছে, সেখানে প্রচলিত পদ্ধতিতে পৌঁছানো সম্ভব নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জীবিতদের উদ্ধারের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করব। এটা অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া। এ জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অত্যন্ত দক্ষতার সঙ্গে ধ্বংসাবশেষগুলো সরানো হবে। এরপর যদি কেউ জীবিত থাকেন, হাইড্রোলিক ক্রেনের সাহায্যে উদ্ধারকর্মীরা তাঁদের উদ্ধার করবেন।’উদ্ধার-প্রক্রিয়া সম্পর্কে চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, ‘যন্ত্র ও ম্যানুয়ালের সমন্বয় করা হবে। এতে করে জীবিত ও উদ্ধারকারী উভয়ের নিরাপত্তা নিশ্চিত তবে। উদ্ধারকর্ম দ্রুত করা যাবে। সময় কম লাগবে। এ কাজে চারটি দল অংশ নেবে। আমরা বিভিন্নভাবে সবার সহযোগিতা নেব।’ তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, এটা জীবিতদের উদ্ধারে যন্ত্রের ব্যবহার। এখানে ভুল বোঝার কোনো অবকাশ নেই।’জিওসি হাসান বলেন, ‘উদ্ধার অভিযানে প্রথম থেকে যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল, তার কোনো বিকল্প ছিল না। এখন যন্ত্রের কোনো বিকল্প নেই। অভিযানের জন্য যা যা প্রয়োজন, সবকিছুই আমাদের আছে। সবচেয়ে বেশি আছে জনগণের সাহস, সামর্থ্য ও দেশপ্রেম।’ উদ্ধার তত্পরতায় প্রথম থেকেই সার্বক্ষণিকভাবে সাহায্য, সহযোগিতা ও পরামর্শের জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান নবম পদাতিক ডিভিশনের জিওসি। এ ছাড়া এই উদ্ধার অভিযানে অংশ নেওয়া সাধারণ মানুষের সাহস, সামর্থ্য ও দেশপ্রেমের প্রশংসা করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের অনেকেই অক্ষত থাকলেও পানিশূন্যতা, আতঙ্ক আর অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। উদ্ধারকর্মী ও বেঁচে আসা মানুষেরা জানিয়েছেন, ধ্বংসস্তূপে অনেক লাশ পড়ে আছে। বিশেষ করে, পেছনের সিঁড়িগুলোতে লাশের স্তূপ পড়ে আছে। লাশে পচন ধরায় আশপাশে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়েছে। গতকাল দুপুরে বৃষ্টি হলে দুর্গন্ধ আরও বেড়ে যায়।২৪ এপ্রিল বুধবার সকাল পৌনে নয়টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এর দুই দিন আগে ভবনটির পিলারে ফাটল ধরা পড়েছিল।