জীবিতদের উদ্ধারে জোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১২। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার রাত সোয়া ১০টা পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৯১ জনকে। সরকারের বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ, এখন মৃতদেহের চেয়ে জীবিত ব্যক্তিদের উদ্ধারেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিভিন্ন তলার ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে অনেক লাশ। গত বুধবার (২৪ এপ্রিল) সকালে ভবনধসের পর আজ শনিবার সকাল পৌনে নয়টায় ৭২ ঘণ্টা পেরিয়ে যাবে। গতকালও স্বজনদের খোঁজে আসা মানুষের ঢল নামে সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে। ছবি হাতে নিয়ে স্বজনদের খোঁঁজে চোখের পানি ফেলতে দেখা গেছে তাঁদের। স্থানীয় অনেক সংগঠন ও ব্যক্তি তাঁদের মধ্যে রান্না করা ও শুকনো খাবার, শরবত ও পানি সরবরাহ করে। গতকাল রাত সোয়া ১০টা পর্যন্ত ভবনধসের ঘটনায় তিন হাজার ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে জীবিত উদ্ধার করা হয় দুই হাজার ৭২০ জনকে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ৬২২ জন নিখোঁজ রয়েছেন বলে সাভার থানা-পুলিশ নিশ্চিত করেছে। ধসে পড়া ভবনে অনেক লাশ চাপা খেয়ে এবং কার্নিশে ঝুলে থাকতে দেখা গেছে। কারও হাত, কারও পা, কারও মাথা বেরিয়ে আছে। লাশগুলোতে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। মুখোশ পরে এবং একটু পর পর এয়ার ফ্রেশনার ছিটিয়ে দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। এদিকে উদ্ধার তৎপরতায় সমন্বয়হীনতা এবং ধীরগতির অভিযোগ এনে গতকালও বিক্ষোভ করেছেন স্বজন হারানো ব্যক্তি ও স্থানীয় লোকজন। সকালে ধসে পড়া ভবনের পেছনের দিকে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেলও ছুড়েছে। উদ্ধারকর্মীদের অনেকেই জানিয়েছেন, এ পর্যায়ে এসে সবচেয়ে বেশি দরকার পড়ছে অক্সিজেন, দেয়াল ও লোহা কাটার যন্ত্রপাতি। কিন্তু উদ্ধারকর্মীরা চাওয়া মাত্রই অনেক সময় সেগুলো পাওয়া যাচ্ছে না।বৃহস্পতিবার রাতে একসঙ্গে ৩৫ জন জীবিত উদ্ধার করার সময় অক্সিজেনের অভাব দেখা দেয়। এ সময় অ্যাম্ব্যুলেন্সেরও সংকট দেখা দেয়। তখন উদ্ধারকর্মীদের পক্ষ থেকে দ্রুত অক্সিজেন ও অ্যাম্ব্যুলেন্স জোগাড় করার জন্য অনুরোধ জানানো হয়। তবে অনেক সময় মজুত থাকার পরও কিছুটা সমস্যা হচ্ছে। কারণ, ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধারকর্মীরা কোনো কিছু চাইলে বাইরে থাকা ২০-২৫ জন লোক একসঙ্গে সেই জিনিসের জন্য হাঁকডাক দেওয়া শুরু করে। তখন কিছুটা সমন্বয়হীনতার সৃষ্টি হয়।গতকাল বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল সাভারের ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। এই দলের সদস্য অধ্যাপক মেহেদী আহমঞ্চদ আনসারী বলেন, ‘আমরা যত দূর জানতে পেরেছি, তা হলো পাঁচতলার অনুমোদন নিয়ে নয়তলা ভবন করা হয়েছিল। যে কারণে ভার বহন করতে না পেরে ভবনটি ধসে পড়েছে।অক্ষত উদ্ধার: ভবনধসের পরপরই যেসব আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়, তাঁদের বেশির ভাগেরই শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। অনেকের হাত-পা ও মাথায় গুরুতর জখম ছিল। কিন্তু বৃহস্পতি ও শুক্রবার যাঁদের উদ্ধার করা হয়, তাঁদের প্রায় সবাই অক্ষত ছিলেন। তাঁদের অনেকেই উদ্ধারকর্মীদের সহায়তায় পায়ে হেঁটে অ্যাম্ব্যুলেন্সে ওঠেন। অনেককে হাত নাড়তে দেখা গেছে। আবার কেউ কেউ দোয়া চেয়েছেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেঞ্চদ প্রথম আলোকে বলেন, শুধু কলাম ও বিমের সংযোগস্থলগুলোতেকিছু পকেট তৈরি হয়েছে। সে জন্যই জীবিত বেশির ভাগই অক্ষত আছেন। তবে বিম বা কলাম কেটে তাঁদের উদ্ধার করা খুবই ঝুঁকির কাজ। কারণ যে ফাঁকাগুলো রয়েছে, সেগুলো কমে আসছে। গতকালও জীবিত ব্যক্তিদের অক্সিজেন ও খাবার পৌঁছানো হয়েছে।ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের পর আসলে জীবিত উদ্ধার করার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে। এ জন্য বৃহস্পতিবার রাত ও শুক্রবারকেই তাঁরা সর্বশেষ সুযোগ হিসেবে নিয়েছিলেন। কলাম ও বিমের সংযোগস্থল যাতে ফাঁকা বা বন্ধ না হয়, সে জন্য কাঠের গুঁড়ি, স্টিলের খুঁটিসহ নানা বস্তু দিয়ে কিছুটা প্রতিরোধ গড়া হয়েছে। এ দুই দিন ধসে পড়া ভবনের ছাদগুলোতে অন্তত ১০টি সুড়ঙ্গ করে উদ্ধার অভিযান চালানো হয়। সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, এত বড় দুর্ঘটনার পরও এত বেশিসংখ্যক লোক জীবিত অবস্থায় থাকতে পারে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কম। তিনি বলেন, উদ্ধার তৎপরতা নিয়ে মানুষের ক্ষোভ আছে। কিন্তু সাধারণ মানুষের চাহিদামতো মেশিন ব্যবহার করে দ্রুত মানুষ বের করতে চাইলে অনেক জীবিত লোক মারা যাবে। তাই কৌশলে জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।আকুতি শোনা যায়: ধসে পড়া ভবনের সাততলায় আটকা পড়ে ছিলেন সুরুজ, মনোয়ারুল, আলতাফসহ ছয়-সাতজন। আলতাফের কোমরের নিচের অংশ একটা বিমে আটকা পড়ে আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধসে পড়া ভবনের পেছন দিক দিয়ে উদ্ধারকর্মী নবাব আলী ও সোহেল তাঁদের সন্ধান পান। এই দুই উদ্ধারকর্মী জানান, বৃহস্পতিবার রাত তিনটা পর্যন্ত তাঁদের খাবার দেওয়া হয়েছে, উদ্ধারেরও চেষ্টা করা হয়েছে। কিন্তু একপর্যায়ে ধ্বংসস্তূপ কাটতে গিয়ে ধসে পড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় কিছুটা বিরতি দেওয়া হয়। সাড়ে তিনটার দিকে বাইরে থেকে ডাক দিলে সুরুজ মিয়া সাড়া দেন। আলতাফ ও মনোয়ারুল মারা গেছেন। সুরুজ হাউমাউ করে কেঁদে উদ্ধারের আকুতি জানান। এরপর তাঁকে উদ্ধারে অভিযান শুরু হয়। সুরুজ মিয়া থেকে একটু দূরে আটকা ছিলেন মুক্তা। বেলা দেড়টার দিকে মুক্তা উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন। বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত চেষ্টা করে মুক্তাকে উদ্ধার করা হয়। বিকেলে জুয়েল নামের একজন ভেতর থেকে জানান, তিনিসহ পাঁচজন একটা বিমের আড়ালে আছেন। বিমটা কাটলে তাঁরা চাপা পড়বেন। তাঁদের যেন ছাদ কেটে বের করা হয়।গতকাল বেলা ১১টার দিকে আর এস টাওয়ারের নিচতলা বরাবর একটা ছোট ফুটো দিয়ে একজনের আর্তনাদ শোনেন উদ্ধারকর্মীরা। নিজের নাম আবদুর রশিদ বলেন তিনি। এরপর ফুটো করে এনএসআইয়ের ভিডিও স্কুপ যন্ত্র ভেতরে দিয়ে অবস্থান জানার চেষ্টা করা হয়। এনএসআই কর্মকর্তা আশরাফ জানান, তাঁর এই যন্ত্র দিয়ে ৩০ ফুট পর্যন্ত দেখা যায়। তিনি ভেতরে ভবনের বিম, ধ্বংসস্তূপে নানা বস্তু পড়ে থাকতে দেখেছেন এবং দুই ছাদের মধ্যে ফাঁকা জায়গা সামান্য। এর মধ্যে অনেককে পড়ে থাকতে দেখা গেছে। পরে দেয়াল কাটা শুরু করলে ছাদ নিচের দিকে নামা শুরু করে। এরপর অভিযান বন্ধ করা হয়।