জীবিতদের উদ্ধারের শেষ চেষ্টা
৭২ ঘণ্টা পার হলে ভারী যন্ত্র ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কথা। মনে করা হয়, এরপর আর বেঁচে থাকার সম্ভাবনা থাকে না। অথচ ৭২ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করা হচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা এখনো বেঁচে থাকা মানুষের ক্ষীণ কণ্ঠের আকুতি শুনছেন। যদিও উদ্ধারকর্মীরা বলছেন, আকুতি শুনলেও তাঁদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা প্রায় শেষ হয়ে এসেছে। তার পরও হাল ছাড়ছেন না কেউ। ভারী যন্ত্রপাতি প্রস্তুত। কিন্তু এর ব্যবহার কেবলই পিছিয়ে দেওয়া হচ্ছে। গতকাল শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, বর্তমানে যেভাবে সুড়ঙ্গ করে উদ্ধার অভিযান চলছে, এভাবেই তা চলবে ভোর ছয়টা পর্যন্ত। এরপর শুরু হবে অনুসন্ধান। অনুসন্ধানে কারও বেঁচে থাকার কোনো লক্ষণ পাওয়া গেলে আবার শুরু হবে উদ্ধার অভিযান। যখন আর কোনো প্রাণের স্পন্দনই পাওয়া যাবে না, তখনই ব্যবহার হবে ভারী যন্ত্রপাতি। সাভারে এই ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৫-এ। গতকাল শনিবার সকাল নয়টায় শেষ হয় ৭২ ঘণ্টা। কিন্তু এর পরও গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এঁদের অনেকেই অক্ষত থাকলেও পানিশূন্যতা, আতঙ্ক আর অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এ পর্যন্ত উদ্ধার করা ৩৫৫টি লাশের মধ্যে ৩৪৫টি হস্তান্তর করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে দুই হাজার ৪৩১ জন। তবে উদ্ধারকর্মী ও বেঁচে আসা মানুষেরা জানিয়েছেন, ধ্বংসস্তূপে প্রচুর লাশ পড়ে আছে। বিশেষ করে, পেছনের সিঁড়িগুলোতে লাশের স্তূপ পড়ে আছে। লাশে পচন ধরায় আশপাশে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়েছে। গতকাল দুপুরে অল্প বৃষ্টি হলে দুর্গন্ধ আরও বেড়ে যায়। গতকাল সারা দিনই ধ্বংসস্তূপ সরানোর জন্য ভারী যন্ত্রপাতি প্রস্তুত করা হয়। দুপুরে ফ্লাইওভারের কাজে আনা ওরিয়ন গ্রুপের বড় একটি ক্রেন এনে দুর্ঘটনাস্থলে রাখা হয়। সেনাবাহিনীরও কয়েকটি ক্রেন আনা হয়। রাত আটটার দিকে বড় ক্রেনটি ধসে পড়া ভবনের পেছনের দিকে স্থাপন করে কীভাবে ধ্বংসস্তূপ সরানো হবে, সেই পরিকল্পনা সাজাতে দেখা গিয়েছিল। আর সেনাবাহিনীর একটি ক্রেন দুপুরের পরই দক্ষিণ দিকে স্থাপন করা হয়। তবে জীবিতদের বাঁচার সম্ভাবনা শেষ হয়ে যাবে—এই ভেবে উদ্ধারকাজে ভারী যন্ত্র ব্যবহার করা হয়নি। জানতে চাইলে ফায়ার সার্ভিসের পরিচালক মেজর জিহাদ উল ইসলাম গতকাল রাত সাড়ে আটটার সময় প্রথম আলোকে বলেন, সেনাবাহিনী ও তাঁদের প্রশিক্ষিত একটি দল ধসে পড়া ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত এখনো জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ভারী যন্ত্রপাতি ব্যবহারের সময়টা ঠিক হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা হচ্ছে জীবিতদের উদ্ধারের। তিনি বলেন, পোশাক কারখানার কর্মীরা প্রতিকূল পরিবেশে কাজ করে অভ্যস্ত এবং বেঁচে থাকার শক্তিও বেশি। এ জন্যই এখনো কারও আওয়াজ পাওয়া যায় কি না, তা শোনার চেষ্টা চলছে। উদ্ধারকর্মীরাও গতকাল বলেছেন, এখন মূলত দুরূহ এবং দুর্গম স্থানগুলোতে বড় বড় কলাম কিংবা বিমের আড়ালে কিছু কিছু জীবিত শ্রমিকের অবস্থান রয়েছে। সেসব স্থান থেকে বের করে আনা অত্যন্ত কঠিন। এসব স্থানে অভিযান চালালে উদ্ধারকর্মীদেরই জীবনহানি হতে পারে। কয়েকজন উদ্ধারকর্মী ও জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, এসব ধ্বংসস্তূপের মধ্যে মুঠোফোনেরও নেটওয়ার্ক থাকে না। দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন উদ্ধারকর্মী সামসুদ্দিন। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয় পাশের একটি মেডিকেল সেন্টারে। সুস্থ হওয়ার পর প্রথম আলোকে তিনি বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে গ্রিল মেশিন দিয়ে বিম কেটে তৃতীয় তলায় যান। এক ঘণ্টা ধরে গ্রিল করে তৃতীয় তলার ছাদ ছিদ্র করে দ্বিতীয় তলায় যান। দ্বিতীয় তলার ছাদ ছিদ্র করার সময় জেনারেটর বন্ধ হয়ে গেলে তিনি আর কাজ করতে পারেননি। তবে ওই ছিদ্র দিয়ে তিনি দুজনকে দেখেছেন, যাঁদের একজন জীবিত ছিলেন। সাভার সিটি সেন্টারের কর্মী আশফাকুর রহমান কয়েক দিন ধরেই উদ্ধারকাজে নিয়োজিত ছিলেন। কিন্তু শুক্রবার থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। মুঠোফোনও বন্ধ। তাঁর ছোট ভাই আসিফুর রহমান আশফাকের ছবি নিয়ে উদ্ধারকর্মীদের দেখাচ্ছেন।ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী মো. সেলিম বলেন, প্রতিটি তলায় ছাদ এবং মেঝের ফাঁকা অস্বাভাবিক কমে গেছে। তিনি দুপুরে কাপড় বিছিয়ে টেনে টেনে তিনজনকে উদ্ধার করেছেন। এরপর অসুস্থ বোধ করায় তিনি বেরিয়ে এসেছেন। স্বজনদের কান্না চলছে: স্বজনদের খোঁজে এখনো বিভিন্ন হাসপাতাল ও ধসে পড়া ভবনের আশপাশে আহাজারি করতে দেখা গেছে অনেককে। নিকটজন মরে গিয়ে লাশ হয়ে এসেছে কি না, সে খোঁজে ভিড় করতে দেখা গেছে সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে। ধসে পড়া রানা প্লাজার পেছনেই মজিদপুরে বাড়ি রাশিদা বেগমের। কিন্তু অতি পরিচিত ভবনটিই যেন তাঁর কাছে অচেনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছে ঘেঁষতে দিচ্ছে না। একমাত্র ছেলে রবিউলের সন্ধান পাচ্ছেন না চার দিনেও। তাই রানা প্লাজার পাশের আর এস টাওয়ারের সামনে তাঁকে বিলাপ করতে দেখা যায়। এই ভবন দিয়েই এখন বেশির ভাগ উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বেলা ১১টার দিকে নিয়ন্ত্রণকক্ষের মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘তিনজনের বেঁচে থাকার সন্ধান পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে, সবাই দোয়া করুন।’ তখন রাশিদা বেগম চিৎকার করে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন, ‘তিনজনের একজন যেন আমার রবিউল হয়।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের শিক্ষার্থীরা যে নিখোঁজ তালিকা করেছেন, তা ৯৯৬ জনে এসে ঠেকেছে। শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন হাসপাতাল ঘুরে আর এনাম মেডিকেলের সামনে স্বজনের খোঁজে আসা মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এ তালিকা তৈরি করা হয়েছে। বিচারের দাবিতে বিক্ষোভ: ভবনমালিক সোহেল রানার বিচার এবং উদ্ধার অভিযান জোরদারের দাবিতে সাভারে গতকালও দফায় দফায় বিক্ষোভ করেছেন স্বজনহারা ও স্থানীয় লোকজন। সোহেল রানাকে গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন পোশাক কারখানার শ্রমিকেরা। এসব বিক্ষোভ মিছিলে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ ও পৌর মেয়র রেফাত উল্লাহকেও গ্রেপ্তারের দাবি জানানো হয়। গতকাল সকাল সোয়া নয়টার দিকে সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন একদল শ্রমিক। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিক-জনতার সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে পুলিশ শ্রমিক-জনতাকে ছত্রভঙ্গ করতে রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শ্রমিকেরাও পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। এ সময় ২০ শ্রমিকসহ দুই পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হন। সকাল ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেন শ্রমিক-জনতা। এ সময় তাঁরা গণমাধ্যমের একটি গাড়িও ভাঙচুর করেন। দুপুর ১২টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে কয়েক হাজার শ্রমিক লাঠি হাতে মিছিল বের করেন। মিছিল থেকে তাঁরা সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেন সরদার ও পৌর মেয়র রেফাত উল্লাহকে গ্রেপ্তারের পাশাপাশি সোহেল রানার ফাঁসির দাবি জানান। মিছিলটি নিউমার্কেট এলাকায় পৌঁছালে বৃষ্টির কারণে অনেকে চলে যান। অন্যদের পুলিশ বুঝিয়ে নিবৃত্ত করে। ৭২ ঘণ্টা পরও জীবিত উদ্ধার: ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রথম দিন জানিয়েছিলেন, এই ধরনের পরিস্থিতি ৭২ ঘণ্টা পর্যন্ত মানুষের বেঁচে থাকার সম্ভাবনা থাকে। কিন্তু গতকাল শনিবার ৭২ ঘণ্টা পরও অনেককে জীবিত উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতেও প্রায় ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়। শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। বেলা ১১টার দিকে উদ্ধার হন একটি মেয়ে। অ্যাম্বুলেন্সে তোলার সময় তাঁর স্বামীর নাম সুমন বলে তাঁকে খোঁজ করেন। পরে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যান্য দিনের তুলনায় গতকাল উদ্ধার অভিযানে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ছিল কম। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীদের বাইরে স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মীদের বিশেষ পোশাক পরিয়ে উদ্ধার অভিযানে নিয়োজিত করা হয়। এদিকে, গতকাল রাত সাড়ে নয়টার পর বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে উদ্ধার অভিযান ব্যাহত হয়। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত উদ্ধার অভিযানে ধীরগতি ছিল।