জুঁই ও লিমন, তোমরা বড় হও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে টেলিভিশনে ডান হাতের আঙুল কাটা জুঁই ও বাঁ পা কাটা লিমনের ছবি দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। মনে হচ্ছিল আমার সন্তান কাটা পা নিয়ে হাঁটছে, কাটা আঙুল নিয়ে বসছে পরীক্ষার হলে।আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষের নিরাপত্তা নেই, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার নেই। নরসিংদীর হাওয়া আক্তার জুঁইয়ের ‘অপরাধ’, সে স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। আর সেই ‘অপরাধের’ শাস্তিস্বরূপ স্বামী নামের পাষণ্ড ব্যক্তিটি তার ডান হাতের চারটি আঙুল ধারালো ছুরি দিয়ে কেটে ফেলে। কিন্তু স্বামীর সেই আঘাত জুঁইকে পরাস্ত করতে পারেনি। কঠিন দুঃস্বপ্নের মাঝেও সে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছে। রোববার সে কাটা আঙুলেই পরীক্ষার হলে বসেছিল। নিজ হাতে লিখতে পারেনি বলে ছোট বোনের সহায়তা নিয়েছে। জুঁই বলেছে, প্রথম পরীক্ষাটি ভালো দিয়েছে। তার স্বামী নারী নির্যাতন মামলার আসামি হয়ে এখন কারাগারে। লিমনের বাড়ি ঝালকাঠি। গত বছর সে এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর আগেই ২৩ মার্চ র্যাব সদস্যরা পায়ে গুলি করে তাকে পঙ্গু করে দেন। পরবর্তীকালে লিমনের বাঁ পা কেটে ফেলতে হয়। সেই কাটা পা নিয়ে রোববার পরীক্ষার হলে বসেছিল লিমন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে জানায়, ‘র্যাব গুলি করার পর মনে করেছিলাম, আমি হয়তো মারা যাব। কোনোমতে বেঁচি থাকলেও বাকি জীবন ভিক্ষা করে কাটাতে হবে। ...কিন্তু মানুষের ভালোবাসাই আমাকে স্বপ্ন দেখতে শেখায়।’ (প্রথম আলো ১ এপ্রিল, ২০১২)। লিমনের জীবন থেকে হারিয়ে গেছে একটি বছর ও একটি পা। র্যাবের সদস্যরা দিনমজুরের ছেলে লিমনের পায়ে গুলি করে ক্রসফায়ারের গল্প সাজাতে পারেন। অস্ত্র আইনে মিথ্যা মামলা ঠুকতে পারেন। কিন্তু তার স্বপ্ন কেড়ে নিতে পারেন না। কেড়ে নিতে পারেন না তার প্রতি মানুষের ভালোবাসা। একটি গরিব ও নিরীহ ছেলে, যে ইটভাটার কাজ করে কলেজে পড়াশোনার খরচ জোগাত; সেই ছেলে র্যাবের চোখে অপরাধী হয়ে যায়। আর সমাজের কুখ্যাত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। স্বামীর কাছে জুঁই নামের মেয়েটিরও কোনো দাবি ছিল না। সে শুধু পড়াশোনা করার সুযোগটি চেয়েছিল। লিমনের ওপর এখনো দুটি মিথ্যা মামলা ঝুলছে। প্রতি মাসে তাকে আদালতে হাজিরা দিতে ঝালকাঠি যেতে হয়। অথচ র্যাব সদস্যদের বিরুদ্ধে মায়ের করা মামলার তদন্ত পর্যন্ত হয় না। কী নিষ্ঠুর আমাদের সমাজ ও রাষ্ট্র! আশার কথা, লিমন ও জুঁইয়ের ব্যাপারে মানুষ এগিয়ে এসেছে, পাশে দাঁড়িয়েছে। জুঁইকে তার পরিবার, স্বজন ও প্রতিবেশীরা আশ্রয় দিয়েছেন, তার পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করেছেন।একইভাবে লিমনের ঘটনায় সারা দেশের মানুষ প্রতিবাদমুখর হয়েছে। তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে। সহপাঠী রাতুল মজুমদার মনেপ্রাণে চাইছে, ‘তার চেয়েও যেন লিমনের পরীক্ষা ভালো হয়।’ এর চেয়ে মানুষের প্রতি মানুষের বড় ভালোবাসা কি হতে পারে? আমরা নরসিংদীর জুঁই ও ঝালকাঠির লিমনকে জানাই উষ্ণ অভিনন্দন। আমরা তাদের বলতে চাই, ভয় পাবে না লিমন, ভয় পাবে না জুঁই। আমরা তোমাদের পাশে আছি, থাকব।একই সঙ্গে আমরা জুঁই ও লিমনের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যদি সমাজ ও রাষ্ট্র সেই শাস্তি নিশ্চিত করতে পারে, ভবিষ্যতের লিমন ও জুঁইরা নিরাপদ থাকবে। যদি না পারে, আমরা সবাই তাদের কাছে অপরাধী থেকে যাব। জুঁই ও লিমনের জন্য শুভ কামনা। তোমরা বড় হও।