জুটি
রজার ফেদেরার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মিরকা ভাব্রিনেচকে। বিয়ের পিঁড়িতে এখনো বসা না হলেও রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচও পেয়ে গেছেন তাঁদের জীবনসঙ্গী। চলুন একটু ঘুরে আসা যাক এই তিন টেনিস মহাতারকার জীবনের অন্দরমহলমিরকা ভাব্রিনেচ কি অসুস্থ? এমন একটা শঙ্কা সেদিন সবার মনেই ভর করেছিল। নোভাক জোকোভিচ, রাফায়েল নাদালরা যখন স্ত্রী-বান্ধবীদের হাত ধরে ১৭ নভেম্বর লন্ডনের টেনিস গালায় উপস্থিত, কেতাদুরস্ত ফেদেরার কিনা একা! তবে কি মিরকার কিছু হলো! পারতপক্ষে ফেদেরারের সঙ্গ কখনো তো ছাড়েন না। স্বামীর সঙ্গে প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন এই নারী।এখানেই মিরকার সঙ্গে বড় পার্থক্য নাদালের বান্ধবী মারিয়া ফ্রান্সিসকা পেরোল্লোর। জিসকা নামে পরিচিত নাদাল-বান্ধবী বড় লাজুক প্রকৃতির। আড়ালে থাকতেই ভালোবাসেন। নাদালের তারকা খ্যাতি তাঁকে ছোঁয় না। কোনো সাংবাদিক হয়তো তাঁর কাছে নাদাল সম্পর্কে কিছু জানতে চাইলেন, দেখা গেল তিনি মুখই খুললেন না। নাদাল-জিসকার এই যে মন দেওয়া-নেওয়া, টেনিস বিশ্ব জেনেছে অনেক পরে। কারণ জিসকার প্রচারের আলো গায়ে মাখতে না চাওয়ার মানসিকতা। অথচ ভাবা যায়, উচ্চমাধ্যমিকে পড়ার সময়ই, ২০০৫ সালে জিসকার সঙ্গে সম্পর্ক নাদালের!বিশ্বের আলোচিত ‘সুযোগসন্ধানী’ ট্যাবলয়েডগুলোও এই সম্পর্কটা জেনেছে অনেক পরে। ডেইলি মেইল-এর অনেক পীড়াপীড়ির মুখে ২০০৮ সালে তাঁদের সম্পর্কের কথা প্রথম স্বীকার করেন নাদালের চাচা টনি নাদাল, যাঁর হাত ধরেই নাদালের টেনিসে আসা।ক্যামেরার লেন্স গ্যালারিতে জিসকাকে আবিষ্কার করে আরও পরে। ২০০৯ সালে একবার নাদালের এক ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল। জিসকাকে গ্যালারিতে একটু নিয়মিত দেখা গেছে গত বছরের উইম্বলডন ও ইউএস ওপেনে। এরপর দুজনকে একসঙ্গে দেখা গেছে মায়োর্কার সৈকতে।গ্যালারিতেও সেই লাজুক জিসকা। অ্যান্ডি মারে কিংবা লেটন হিউইটের জয়ে গ্যালারিতে যেমন উল্লাস করতে দেখা যায় বান্ধবী কিম সিয়ার্স, বেক কার্টরাইটকে তেমনটা কখনোই না। নাদালের জয়েও যেমন উচ্ছ্বাস নেই, পরাজয়েও ‘শোকগ্রস্ত’ হন না ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রিধারী জিসকা।ঠিক বিপরীত মেরুতে মিরকা। ফেদেরার সম্পর্কে কিছু জানতে চান? একান্তই ফেদেরারের মুখ থেকে যদি তা না-ই জানতে পারেন, মিরকার কাছে যান। একটা উত্তর পেয়েই যাবেন। মিডিয়াকে সামলাতে পটু ফেদেরার-সঙ্গিনী।ফেদেরারকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আগে ফেদেরারের মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে অভিজ্ঞতা তো আর কম সঞ্চয় করেননি! সুতরাং মিরকা মিডিয়ার ব্যাপারটা ভালোই জানেন। আর গির্জায় গাউন পরে আনুষ্ঠানিকভাবে বধূ হওয়ার আগে থেকেই তিনি ফেদেরারের বান্ধবী। ২০০০ সালের সিডনি অলিম্পিকগামী বিমানে মিরকার সঙ্গে প্রথম পরিচয় ফেদেরারের। সিডনি অলিম্পিকের সুইস টেনিস দলে ছিলেন ফেদেরার ও মিরকা। তবে খেলোয়াড় হিসেবে তারকা ফেদেরারের পাশে মিরকা ছিলেন নিতান্তই সাধারণ মানের, মিটিমিটি তারা। জুনিয়র পর্যায়ে তিনটি শিরোপা জিতলেও পেশাদার সার্কিটে কোনো সাফল্য নেই। ২০০১ সালে মেয়েদের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৭৬ নম্বরে উঠেছিলেন। পায়ের ঘন ঘন চোট পরের বছরই অবসরে ঠেলে দেয় মিরকাকে। এরপর তো পুরোপুরি ফেদেরারের জীবনের ‘ব্যবস্থাপক’ হয়ে গেলেন। জনসংযোগ কর্মকর্তা হিসেবে বিভিন্ন এটিপি ট্যুরে আগে যেমন ফেদেরারের সঙ্গী হতেন, স্ত্রী হিসেবে এখনো তা-ই। ফেদেরার কোর্টে থাকলে আগের মতোই গ্যালারিতে দেখা যায় মিরকাকে। ১৭ নভেম্বর লন্ডনের টেনিস গালায় অনুপস্থিত থাকলেও ২০ তারিখ থেকে শুরু হওয়া বছরের শেষ টুর্নামেন্ট বিশ্ব এটিপি ট্যুরস ফাইনালসে গ্যালারিতে আবারও নিয়মিত। জোকোভিচের বান্ধবী ইয়েলেনা রিস্টিক জিসকা ও মিরকার ঠিক মাঝামাঝি চরিত্র। মিরকার মতো তিনি মিডিয়ার সামনে স্বচ্ছন্দ নন। তবে জিসকার মতো অতটা লাজুকও নন। জোকোভিচের তারকাখ্যাতি তিনি ভালোই উপভোগ করেন। এই তো গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবে বান্ধবীকে সঙ্গে নিয়েই হাজির হলেন জোকোভিচ। সাংবাদিকদের নানা রকম প্রশ্নের যখন জবাব দিচ্ছিলেন তিনি, গর্বের ঝিলিক খেলে যাচ্ছিল রিস্টিকের মুখে। এ বছর হ্যালো সাময়িকীর সার্বিয়ান সংস্করণের প্রচ্ছদেও জোকোভিচকে নিয়ে মডেল হয়েছেন রিস্টিক।নাদাল-জিসকার সঙ্গে একটা মিলও আছে জোকোভিচ-রিস্টিকের। উচ্চমাধ্যমিকে পড়ার সময় থেকেই নাদালের মতো জোকোভিচও প্রেম করে আসছেন রিস্টিকের সঙ্গে। রিস্টিক খুব গোছানো স্বভাবের মেয়ে। কখন কী করতে হবে, কখন কী দরকার জোকোভিচের সবকিছুই ঠিকঠাক সামাল দেন অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি নেওয়া রিস্টিক। এমনি কি আর জোভোভিচ বলছেন, ব্যক্তিজীবনে তিনি আগের চেয়ে এখন অনেক নির্ভার! শাহরিয়ার ফিরোজ