জুডি ডেঞ্চের যুদ্ধ!
চোখের এক জটিল রোগে ভুগছেন জেমস বন্ডের ‘এম’ খ্যাত ব্রিটিশ চলচ্চিত্র-টিভি ও মঞ্চ অভিনেত্রী জুডি ডেঞ্চ। সম্প্রতি তাঁর চোখে বার্ধক্যজনিত ম্যাকুলার ডিজেনারেশন রোগ শনাক্ত করা হয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন, ঠিকমতো চিকিত্সা না হলে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও রয়েছে তাঁর। অবশ্য কোনোভাবেই এ রোগের কাছে হারতে রাজি নন ৭৭ বছর বয়সী ডেঞ্চ। রোগকে হারাতে সে লক্ষ্যে পুরোদমে চিকিত্সা চালিয়ে যাচ্ছেন বন্ড ছবির লৌহকঠিন ‘এম’। জুডি ডেঞ্চের মাও এই রোগে আক্রান্ত হয়েছিলেন। এখন এ রোগের কারণে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন জুডি। তবে আধুনিক চিকিত্সা দৃষ্টিশক্তির এই ক্ষয়কে থামিয়ে দেবে বলেই আশা করছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।এ প্রসঙ্গে জুডির উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ‘চোখের সমস্যার কারণে ছবির চিত্রনাট্য পর্যন্ত পড়তে পারছি না। আমার মেয়ে, বন্ধু কিংবা ম্যানেজার ছবির সেটে আমাকে চিত্রনাট্য পড়ে শোনাচ্ছেন। অবশ্য বিষয়টি আমি উপভোগই করছি। কারণ, তাঁদের মুখে চিত্রনাট্য শুনে গল্পটাকে আমার মনের ভেতর সাজিয়ে নিতে পারছি।’ জুডি আরও বলেছেন, ‘খুব খারাপ লাগে যখন সন্ধ্যায় কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে পাশে বসে থাকা মানুষটিকে দেখতে পারি না। এই রোগটি আমার মায়েরও ছিল। সাধারণত বুড়িয়ে গেলে এই রোগ হয়। এই রোগের কারণে আমার একটি চোখ শুকিয়ে যাচ্ছে। আমার প্রত্যাশা, সঠিক চিকিত্সার মাধ্যমে এই রোগ থেকে পুরোপুরি সেরে উঠব আমি।’ ১৯৩৪ সালে যুক্তরাজ্যের ইয়র্ক শহরে জন্মেছিলেন ডেম জুডি ডেঞ্চ। ১৯৫৭ সালে মঞ্চ নাটকে অভিষেক ঘটে তাঁর। ভার্জিন মেরি, উইলিয়াম শেক্সপিয়রের ওফেলিয়া, জুলিয়েট, লেডি ম্যাকবেথসহ অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৬৪ সালে মুক্তি পায় জুডি ডেঞ্চ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দ্য থার্ড সিক্রেট’। পরবর্তীতে ‘দ্য অ্যাঞ্জেলিক কনভার্সেশন, হ্যামলেট, মিসেস ব্রাউন, শেক্সপিয়র ইন লাভ, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, জেন আয়ার, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। ১৯৮৫ সালে বন্ড সিরিজের ‘গোল্ডেন আই’ ছবিতে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এম সিক্সটিনের প্রধান ‘এম’ চরিত্রে অভিনয় করেন জুডি। পরবর্তীকালে বন্ড সিরিজের ‘টুমরো নেভার ডাইস, দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ, ডাই অ্যানাদার ডে, ক্যাসিনো রয়্যাল, কোয়ান্টাম অব সোলেস’ ছবিতে একই চরিত্রে অভিনয় করেছেন। বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাই ফল’-এও ‘এম’ চরিত্রে দেখা যাবে জুডিকে। স্যাম মেন্ডেসের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৬ অক্টোবর।