জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ: এ গোল্ডেন মিন অ্যাপ্রোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. রিদওয়ানুল হক, প্রকাশনী: কেমব্রিজ স্কলারস পাবলিশিং, প্রকাশ: এপ্রিল ২০১১, মূল্য: ৮০০ টাকাজুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ : এ গোল্ডেন মিন অ্যাপ্রোচ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিদওয়ানুল হকের লেখা একটি বই। বাংলাদেশসহ চলমান বিশ্বের বিচারিক সক্রিয়তার (জুডিশিয়াল অ্যাক্টিভিজম) গতিপ্রকৃতি আলোচনার ভিত্তিতে বইটি লিখিত। গবেষণাভিত্তিক এ বইয়ে রয়েছে আটটি অধ্যায়। প্রথম অধ্যায়ে আছে ‘বিচারিক কার্যক্রম’ নিয়ে সাধারণ আলোচনা। দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু হলো, বিশ্বব্যাপী চলমান বিচার-পদ্ধতি, বিচারিক দৃষ্টিভঙ্গি ও বিচার-সংক্রান্ত বিভিন্ন আইনি তত্ত্ব। তৃতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে বিভিন্ন দেশের বিচারিক সক্রিয়তার তুলনামূলক চিত্র। বাংলাদেশের বিচারিক সক্রিয়তার ধারা, প্রকৃতি, ক্রমবিকাশ (বিশেষত স্বৈরশাসন-পরবর্তী যুগে), সাংবিধানিক কাঠামোর মধ্যে বিচার বিভাগের ভূমিকা ও অবস্থান ইত্যাদি বিষয় নিয়ে সাজানো হয়েছে বইয়ের চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায়ে বর্ণিত হয়েছে জনস্বার্থ মামলা, জনস্বার্থে বাংলাদেশের বিচার বিভাগের ভূমিকা ও স্বতঃপ্রণোদিত কার্যক্রম, অতি বিচারিক সক্রিয়তা এবং বিচারিক নিষ্ক্রিয়তার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার উপায় ইত্যাদি বিষয়। ষষ্ঠ অধ্যায়ে আছে রাষ্ট্রীয় জরুরি অবস্থায় কিংবা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা নিয়ে আলোচনা। বিচার বিভাগের বলিষ্ঠ ভূমিকা পালনে বিদ্যমান বাধা ও সমস্যা থেকে উত্তরণের বিবিধ উপায় নিয়ে সাজানো হয়েছে সপ্তম অধ্যায়। সর্বশেষ অর্থাৎ অষ্টম অধ্যায়ে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় ভারসাম্যপূর্ণ বিচারিক সক্রিয়তা প্রতিষ্ঠাকল্পে কতিপয় পরামর্শদানের মাধ্যমে টানা হয়েছে বইটির ইতি। সুশাসন ও সামাজিক বিচার প্রতিষ্ঠায় বিচার-সক্রিয়তার ভূমিকা অনস্বীকার্য। সেই ভূমিকা পালন ও প্রতিষ্ঠায় এ বইটি পথপ্রদর্শকের মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে। রিদওয়ানুল হক দীর্ঘদিন ধরে ‘বিচারিক সক্রিয়তা’ নিয়ে কাজ করছেন। তাঁর অভিজ্ঞতা ও গবেষণা বইটিতে ফুটে উঠেছে। বইটি পাঠে বিচারক, আইনজীবী, রাজনীতিবিদ, গবেষক, রাষ্ট্রের নীতিনির্ধারকসহ আইন-আদালতসংশ্লিষ্ট সবাই নিঃসন্দেহে উপকৃত ও ঋদ্ধ হবেন।