স্পিকারের রুলিং সম্পর্কে হাইকোর্টের রায় নিয়ে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে উত্তপ্ত আলোচনা হয়েছে। আলোচনায় স্পিকারের রুলিংকে অকার্যকর বলে গত ২৭ আগস্ট যে দুজন বিচারপতি রায় দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।একই সঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে দুই বিচারপতির অপসারণ এবং বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনার দাবি করা হয়।পয়েন্ট অব অর্ডারে এ আলোচনায় সাংসদেরা বলেন, এ রায় উসকানিমূলক, কাণ্ডজ্ঞানহীন। স্পিকারের রুলিংয়ের অস্তিত্ব না থাকলে সংসদের অস্তিত্ব থাকে না। সংসদের অস্তিত্ব না থাকলে দেশ, সংবিধান ও বিচারপতিও থাকেন না। তাঁরা বলেন, একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে একটার পর একটা হামলা করছে। এ হামলা শুধু স্পিকারের ওপর নয়, সংসদ ও গণতন্ত্রের ওপর হামলা। এটা মেনে নেওয়া যায় না।দুই ঘণ্টা ১৯ মিনিট আলোচনার পর স্পিকার আবদুল হামিদ বলেন, ‘দিন-তারিখ দিতে পারছি না। তবে ভেবেচিন্তে সময় নিয়ে এ ব্যাপারে আমি সংসদকে জানাব।’ তিনি বলেন, ‘সবাই যাতে নিজ নিজ অধিকার ও মান-ইজ্জত নিয়ে চলতে পারেন, সেভাবে চলা উচিত। এটা আমার ব্যক্তিগত ইজ্জত নয়। ৩৫০ জন সদস্য নিয়ে এ সংসদ গঠিত। তাঁরা জনগণ কর্তৃক নির্বাচিত। জনগণই এর প্রকৃত মালিক।’মাগরিবের নামাজের বিরতির পর সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম আলোচনার সূত্রপাত করেন। আলোচনা শেষ হয় নয়টা ৩৮ মিনিটে। ১০ জন সাংসদ আলোচনায় অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনকক্ষে ছিলেন না। অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রীসহ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী উপস্থিত ছিলেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১৮ জুলাই সংসদে দেওয়া স্পিকারের রুলিংকে অকার্যকর বলে পর্যবেক্ষণ দেন। এ রায়ের বিরুদ্ধে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টে আপিল করলেও স্পিকার এ বিষয়ে সংসদে আলোচনা হতে পারে বলে অভিমত দেন।তোফায়েল আহমেদ আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘স্পিকারের রুলিংয়ের পর এ বিষয়ে সংসদে আবার আলোচনা করতে হবে, তা ভাবতে পারিনি। ওই রুলিংয়ে দেশবাসী আশ্বস্ত হয়েছিল। স্পিকার চমৎকারভাবে বিষয়টি সমাধানের দিকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি দুই বিচারপতির ৩৮ পৃষ্ঠার পর্যবেক্ষণে হতবাক হয়েছি। পর্যবেক্ষণে সংসদের সার্বভৌমত্বকে খর্ব করা হয়েছে।’ তোফায়েল বলেন, রায়ের আগে স্পিকারকে রুল ইস্যু করা হয়নি। তাঁর বক্তব্য নেওয়া হয়নি। খবরের কাগজ দেখে রায় দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবীদের মতে, এ রায় বিচারকদ্বয়ের লেখা নয়, অন্য কারও লেখা। তিনি দুই বিচারপতির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এ বি এম আলতাফ হোসেন ২০০১ সালে বার কাউন্সিলের সদস্য হন। এরপর তিনি লন্ডনে চলে যান বার-অ্যাট-ল করতে। বর্তমান সরকারের সময় তিনি শামসুদ্দিন চৌধুরীর আদালতে সহকারী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হন। বিচারপতি হয়েও তিনি তাঁর সঙ্গেই বসেন। বিচারপতি হওয়ার জন্য ধারাবাহিকভাবে যে ১০ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয়, এটা তাঁর ছিল না। আরেক বিচারপতি, যিনি বিচারপতি শামসুদ্দিনের ভাইয়ের জামাই, তাঁরও আইনজীবী হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা নেই। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের দৃষ্টি রাখা উচিত।তোফায়েল বলেন, বিচারপতি শামসুদ্দিন ব্রিটিশ নাগরিক। ৭২-এর সংবিধানের মতো বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।শেখ সেলিম বলেন, বিচার বিভাগ স্বাধীন, তবে সার্বভৌম নয়। স্পিকার সম্পর্কে অশালীন বক্তব্য দিয়ে বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান লঙ্ঘন করে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে দুই বিচারপতির অপসারণ দাবি করেন।শেখ সেলিমের বক্তব্যের পর স্পিকার আইনমন্ত্রীর অনুপস্থিতিতে আইন প্রতিমন্ত্রীকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন। আইন প্রতিমন্ত্রী বলেন, ‘সংসদের অনুভূতি আমরা বুঝতে পারছি। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করেছি।’ এ বিষয়টি মনে রেখে তিনি আলোচনা করার অনুরোধ করেন।জবাবে স্পিকার বলেন, আপিল সংসদ করেনি। আইন মন্ত্রণালয়ের কোনো কর্তৃত্ব সংসদের ওপর নেই। তিনি বলেন, ‘পত্রপত্রিকায় দেখেছি, বিচারাধীন বিষয়ে সংসদে আলোচনা করা যাবে না। এটা কোনো সাধারণ মামলা নয়। খুন বা জমিসংক্রান্ত মামলা নয় যে আলোচনা হলে রায় প্রভাবিত হতে পারে। এটা বিচারাধীন বিষয়ে পড়ে না। এটা একাডেমিক আলোচনা হবে। আক্রমণাত্মকভাবে না নিয়ে শিক্ষণীয় হিসেবে নিতে হবে। আমরাও বিচারপতিদের কাছ থেকে শিক্ষা নিতে পারি। এ আলোচনা থেকে তাঁরাও আংশিক আলোকিত হতে পারেন।’সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিষয়টির সাংবিধানিক সমাধান হতে হবে। যেহেতু সরকার আপিল করেছে, তাই সাংবিধানিক সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব।’আলোচনায় আরও অংশ নেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফজলে রাব্বী মিয়া, মঈন উদ্দীন খান বাদল, সায়েদুল হক, ফজলে নূর তাপস, মুজিবুল হক।পরে সংসদের অধিবেশন আজ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।