স্পিকার সম্পর্কে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মন্তব্যের বিষয়টি গতকালও সংসদে আলোচিত হয়েছে। স্পিকার আবদুল হামিদ এ বিষয়ে মতামত দেবেন। এ জন্য তিনি প্রয়োজনীয় আইনকানুন পরীক্ষা-নিরীক্ষা করে প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন ডেপুটি স্পিকার শওকত আলী।গতকাল বুধবার মহাজোটের তিন জ্যেষ্ঠ সাংসদ ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, রুলিং নয়, সংসদে এ বিষয়ে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে তা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে।এর আগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রসঙ্গে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘সংবিধানের ৭৮ অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয়ে গতকাল (মঙ্গলবার) আলোচনা হয়েছে। আপনি আমাদের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, এ বিষয়ে আপনি স্পিকারের সঙ্গে পরামর্শ করবেন। আপনার সিদ্ধান্ত জানতে সংসদ অধীর আগ্রহে অপেক্ষা করছে।’জবাবে ডেপুটি স্পিকার বলেন, ‘বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে আমার আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি একটি রুলিং দেবেন। সে জন্য তিনি প্রস্তুত হচ্ছেন।’এরপর দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এটি রুলিংয়ের বিষয় নয়, সংসদের সিদ্ধান্তের ব্যাপার। সংসদ যে সিদ্ধান্ত নেবে, তা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। এরপর রাষ্ট্রপতি সিদ্ধান্তটি প্রধান বিচারপতির কাছে পাঠাবেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য।এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘আজকের পত্রিকায় যা দেখেছি, তাতে মনে হয়, তিনি (শামসুদ্দিন চৌধুরী) সার্বভৌম সংসদ নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশের মালিক জনগণ। জনগণের প্রতিনিধি সংসদ। সেই সংসদকে অবমাননা করা দেশের মানুষকে কটাক্ষ করার শামিল। সুতরাং এ বিষয়ে রুলিং নয়, সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করতে হবে। তাতে স্পিকার মতামত দেবেন। তারপর সেই প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।’সবশেষে ডেপুটি স্পিকার বলেন, সব বিষয়ে স্পিকার বক্তব্য দেবেন। সে জন্য দু-এক দিন অপেক্ষা করতে হবে।এটা জাতির জন্য অশনিসংকেত: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার গতকাল প্রথম আলোকে বলেছেন, জাতীয় সংসদ সার্বভৌম। এর সৃষ্টিই হয়েছে সংবিধানের মাধ্যমে। এ সংসদকে এভাবে আক্রমণ করা শোভা পায় না, এটা গুরুতর অপরাধ। তিনি বলেন, স্পিকার সংসদের মতামতটা প্রকাশ করেছিলেন। হয়তো ভাষাগত একটু সমস্যা থাকতে পারে। কিন্তু তিনি কোনো খারাপ কথা বলেননি। এতে ক্ষুব্ধ হয়ে মাননীয় বিচারপতি যেভাবে স্পিকারকে অশোভনভাবে রাষ্ট্রদ্রোহী বলেছেন, আবার সংসদে বিচারপতিকে লক্ষ্য করে যে ভাষা প্রয়োগ করা হয়েছে, সেটাও শোভন নয়।এম কে আনোয়ার বলেন, আইনের এখতিয়ার এবং জনগণের কল্যাণ—দুটোর সমন্বয় করে ক্ষমতার প্রয়োগ করতে হয়। কিন্তু এখন ক্ষমতার প্রয়োগ নিয়ে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরস্পর সংঘাতে লিপ্ত হয়ে গেছে। এটি জাতির জন্য অশনিসংকেত। তাঁর মতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক কাজে ব্যবহার করলে যে পরিণতি হয়, তা-ই হয়েছে।আইনজীবীদের প্রতিক্রিয়াসংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেছেন, ‘সাংবিধানিক শাসন আমরা সবাই চাই। সংবিধানকে সমুন্নত রাখার মাধ্যমে এই শাসন সব সাধারণ মানুষ চায়। এ ক্ষেত্রে সংসদ হলো সংবিধানের মূল স্তম্ভ। সেখানে আমাদের ১৬ কোটি মানুষের আস্থাভাজন প্রতিনিধিরাই আছেন। জনগণের প্রতিনিধিরাই সংসদকে নিয়ন্ত্রণ করেন। সেই সংসদ যেন এমন কোনো বক্তব্য না দেয়, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। কারোরই এমন ভাষা ব্যবহার করা উচিত নয়, যাতে একটি অঙ্গ অপর একটি অঙ্গকে আঘাত করে।’কামাল হোসেন আরও বলেন, ‘স্বাধীন বিচার বিভাগও আরেকটি মূল স্তম্ভ। যাঁরা শতভাগ সাংবিধানিক শাসনে বিশ্বাস করেন, তাঁরা চান একটি অঙ্গ আরেকটি অঙ্গের প্রতি শ্রদ্ধাশীল থাকুক। আমি আশা করি, যে সমস্যাটি হয়ে গেল, বিচার বিভাগ ও আইন পরিষদ পরস্পরের প্রতি শ্রদ্ধা ধরে রেখে সমস্যা সমাধানে গণতান্ত্রিকভাবে এগিয়ে যাবে।’ সংবাদমাধ্যমের প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন এমন শব্দ ব্যবহার না করে, যা সমস্যাকে আরও গুরুতর করে।সংবিধান বিশেষজ্ঞ এম আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিচার বিভাগ ও সংসদ আমাদের প্রজাতন্ত্রের দুটি বিভাগ। দুটি বিভাগই যার যার ক্ষেত্রে পৃথক ও স্বাধীন। কিন্তু প্রত্যাশিত নয় এমন কিছু বাদানুবাদ উভয় জায়গাতেই ঘটেছে। জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে বলে আমার ধারণা। আমি মনে করি, এটার সমাধান সম্ভব। এ ক্ষেত্রে একজন আরেকজনকে আলটিমেটাম দেওয়ার সুযোগ নেই।’আইন বিশেষজ্ঞ এম জহির প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশের যে সংবিধান, তার তিনটি প্রধান স্তম্ভ রয়েছে। একটি হচ্ছে নির্বাহী বিভাগ, যার প্রধান শেখ হাসিনা। অপরটি হলো আদালত এবং আরেকটা হলো সংসদ। এ তিনটি মিলেই কিন্তু সাংবিধানিক সরকার। এখন এর দুটি অঙ্গে যদি এভাবে অহেতুক সংঘর্ষ লেগে যায়, তাহলে এটা খুবই দুঃখজনক। আমি এটাকে একটি অশনিসংকেত হিসেবে দেখছি। আমার মনে হয়, নিজেদের মধ্যে কথাবার্তা বলে এই সংঘর্ষ অবিলম্বে সমাধান করা উচিত।’সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘এ ধরনের বিতর্ক জাতির জন্য মঙ্গলজনক নয়। আমাদের সংবিধানে প্রতিটি বিভাগের নিজস্ব কর্তৃত্ব আছে। একে অপরের পরিপূরক। সংবিধান আমাদের সবাইকে মান্য করতে হবে। কোনো বিভাগই সংবিধানের ঊর্ধ্বে নয়। সংবিধানে যে বিভাগের যেভাবে কর্তৃত্ব দেওয়া আছে, দেশের মঙ্গলের জন্য সেই বিভাগ সংবিধান অনুসারে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করবে—এটাই সংবিধানসম্মত।’এদিকে মোজাম্মেল হক নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন।এ ব্যাপারে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, রাষ্ট্রপতির কাছে যদি প্রতীয়মান হয়, দরখাস্তটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠানোর মতো, তাহলে তিনি তা বিবেচনা করে তদন্তের জন্য কাউন্সিলে পাঠাতে পারেন।