জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হতে হবে বিচারপতি মিজানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞার বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অভিযোগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছেন।সংবিধানের ৯৬ (৫)(খ) অনুচ্ছেদের বিধান অনুসারে রাষ্ট্রপতি এই নির্দেশ দিয়েছেন। এখন জুডিশিয়াল কাউন্সিল অভিযোগ তদন্ত করে মতামতসহ প্রতিবেদন প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। অভিযোগ প্রমাণিত হলে ওই বিচারপতিকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনাপত্র আইন মন্ত্রণালয়ে আসে। পরে আইন প্রতিমন্ত্রী তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বিকেলেই রাষ্ট্রপতির নির্দেশনাপত্র প্রধান বিচারপতির কাছে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে। এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনা পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম সন্ধ্যায় বলেন, ‘আইন মন্ত্রণালয় থেকে সিলগালা অবস্থায় একটি চিঠি পেয়েছি। এটি মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে দেওয়া হবে।’সংবিধানের ৯৬ (৩) অনুচ্ছেদ অনুসারে, একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে এবং প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকের মধ্যে পরবর্তী যে দুজন কর্মে প্রবীণ, তাঁদের নিয়ে কাউন্সিল গঠিত হবে।দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের সমালোচনা করে ১৭ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিক প্রতিবেদন ছাপে। বিচারপতি মিজানুর তাঁর জমাদারের মাধ্যমে এই প্রতিবেদনের অনুলিপি সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের কাছে পাঠান বলে অভিযোগ ওঠে।আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টে পাঠানো রাষ্ট্রপতির নির্দেশনাপত্রে বলা হয়, হাইকোর্টের বিচারপতি মিজানুর রহমান ভূঁঞা নিহত ব্লগার রাজীব হায়দায় সম্পর্কে পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন প্রতিবেদনের ফটোকপি সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতির মধ্যে বিলি করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ওই বিচারপতির পক্ষে তাঁর জমাদার সিদ্দিকুর রহমান হাওলাদার সুপ্রিম কোর্টের খামে করে প্রতিবেদনটি অন্যান্য বিচারপতির কক্ষে গিয়ে দিয়ে আসেন। নির্দেশনাপত্রে একটি অনলাইন পত্রিকায় দেওয়া জমাদারের বক্তব্যও তুলে ধরা হয়।ভিত্তিহীন প্রতিবেদনের ফটোকপি বিভিন্ন বিচারপতির কাছে বিলির মাধ্যমে বিচারপতি মিজানুর ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন অভিযোগ করে বিভিন্ন মহল থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ওই বিচারপতিকে অপসারণের দাবি ওঠে। জাতীয় সংসদেও জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাঁকে অপসারণের দাবি ওঠে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘রাষ্ট্রপতির নির্দেশনায় তদন্তের সময়সীমা দেওয়া হয়নি। তবে আমরা আশা করছি, দ্রুত সময়েই তদন্ত শেষ হবে।’ব্লগার ও তরুণ প্রজন্মের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দার ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে খুন হন।