জুতা ছুড়েই বলল, তুমি নরকে যাও(ভিডিও)
নরওয়ের ‘গণহত্যাকারী’ অ্যান্ডারস বেরিং ব্রেইভিককে জুতা নিক্ষেপ করেছেন হামলায় নিহত এক ব্যক্তির ভাই। ‘তুমি নরকে যাও, তুমি আমার ভাইকে হত্যা করেছ’ বলে ব্রেইভিকের দিকে জুতা ছুড়ে মারে নিহতের বড় ভাই। এ ঘটনায় বিচারকাজ সাময়িকভাবে বন্ধ রাখেন আদালত। আর ব্রেইভিককে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্রেইভিককে লক্ষ্য করে ছোড়া জুতাটি তার গায়ে লাগেনি। এটি এক আইনজীবীর গায়ে গিয়ে পড়ে। এ ঘটনায় আদালতে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে স্বাগত জানান জুতা নিক্ষেপকারীকে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ ওই ব্যক্তিকে আদালতের বাইরে সরিয়ে নিয়ে যায় পুলিশ। রয়টার্স আরও জানায়, গত বছর উটোয়া দ্বীপে ব্রেইভিকের হামলায় ৬৯ জন নিহত হয়। এ হামলা থেকে বেঁচে যাওয়াদের সাক্ষ্য গ্রহণ করছে নরওয়ের আদালত। সপ্তাহব্যাপী এক রকম হয়রানিমূলক সাক্ষ্য গ্রহণের সময়ই এ জুতা নিক্ষেপের ঘটনা ঘটল।