জুতা দেখে স্বামীর লাশ শনাক্ত করলেন স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুতা দেখে স্বামীর লাশ শনাক্ত করলেন স্ত্রী। যাত্রীবাহী বাসে আগুনে পুড়ে যাওয়া অজ্ঞাত লাশটির পরিচয় নিশ্চিত করতে বগুড়া থেকে সিলেটে এসেছিলেন তিনি। নিহত ব্যক্তির নাম কাজী নাসির (৭০) বলে তিনি দাবি করেছেন।গত ১৮ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুলের বদিকোনার কাছে সিলেটগামী ‘সিলেট হবিগঞ্জ সুপার এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসে একদল দুর্বৃত্ত আগুন দেয়। বাস থেকে বের হতে না পেরে পুড়ে মারা যান অজ্ঞাত এক যাত্রী। পুলিশ তাঁর পরিচয় বের করতে দেশের বিভিন্ন থানায় ওয়ারলেসে বার্তা পাঠিয়েছিল।কাজী নাসিরের স্ত্রী জোসনা বেগম প্রথম আলো অনলাইনকে বলেন, পত্রিকায় ছবি দেখে ছেলেমেয়েকে নিয়ে তিনি গতকাল শনিবার রাতে সিলেটে যান। আজ সকালে দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাত ওই যাত্রীর জুতা দেখে তিনি লাশটি নিজের স্বামীর বলে দাবি করেন। ‘জোতাজোড়া আমার মেয়েও শনাক্ত করেছে।’জোসনা বেগম আরও জানান, তাঁদের বাড়ি বগুড়া শহরে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বয়স ১৫ ও ছেলের বয়স চার বছর। স্বামী ওষুধ কোম্পানিতে চাকরি করতেন দাবি করে জোসনা বেগম বলেন, চাকরি থেকে অবসরে যাওয়ার পর কাজী নাসির দেশের বিভিন্ন এলাকা ঘুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের গান গাইতেন। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর স্বামীর সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়েছে। তখন কাজী নাসির জানিয়েছিলেন, তিনি সিলেটের মৌলভীবাজারে অবস্থান করছেন। এর পর থেকে আর কোনো যোগাযোগ নেই।যোগাযোগ করলে সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া প্রথম আলো অনলাইনকে বলেন, কেবল জুতা দেখে ওই পরিবার লাশটির দাবি করছে। তাঁরা কিছু ফাইল ছবি ও ভোটার আইডি কার্ড পুলিশকে দিয়েছে। এগুলো নিয়ে তদন্ত করা হচ্ছে। এ নিয়ে কোনো সিদ্ধান্তহীনতা থাকলে প্রয়োজনে লাশের ডিএনএ টেস্ট করে শনাক্ত করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।