জুতা বিক্রেতা আবু আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবু আলম আগারগাঁও-তালতলায় পুরোনো জুতা বিক্রি করেন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত ফুটপাতে জুতা নিয়ে বসে থাকেন। তিনি জানান, প্রতিদিন ৩০০-৪০০ টাকার মতো লাভ থাকে।আবু আলম তিন-চার দিন পরপর বেগমবাজার থেকে পুরোনো জুতা কিনে আনেন। একজোড়া জুতা কিনতে লাগে ৪০ থেকে ১০০ টাকা। পুরোনো জুতা মুচির কাছে নিয়ে সেলাই, রং করতে ৩০-৪০ টাকা খরচ পড়ে। একজোড়া বিক্রি করেন গড়ে ১৫০ টাকায়। বেগমবাজারে হাঁড়ি-পাতিলের ফেরিওয়ালারা ভোরবেলা বাজার বসান। তাঁরা হাঁড়ি-পাতিলের বিনিময়ে পুরোনো জামাকাপড়, জুতাসহ বিভিন্ন জিনিস আনেন। কিছু জুতাচোরও আসে বেগমবাজারে ভোরের বাজারে। আবু আলম জানান, পুরোনো জুতা বিক্রি করতে বসে মাঝেমধ্যে ঝামেলায় পড়েন। দু-একজন এসে জুতা নিয়ে গ্যাঞ্জাম করে। ‘তারা কয়, এই সেন্ডেল আমার, মসজিদ থেইকা চুরি হইছে। আমি কই, আমি বেগমবাজার থেইকা কিন্যা আনছি। পুরান জুতার বাজার ঢাকায় আছে ২০টির মতো। সব জাগায় একই কাহিনি।’আবু আলম ১৫ বছর ধরে জুতার ব্যবসায় আছেন। সকালের দিকে দুটি টিউশনি করেন। এতে হাজার চারেক টাকা পান। আবু আলম বলেন, ‘আমি শিক্ষকতা করতাম। আমার বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার কেশাড়পাড় গ্রামে। বাড়ির কাছে একটা স্কুলে ছয় বছর মাস্টারি করছি। লজিং থাকতাম এক বাড়িতে। সেখানে ছাত্রী পড়াই আর খাই। আমার টাকা-পয়সা নাই। ছাত্রী রিনার সঙ্গে প্রেম করতাম। ১৯৯০ সালের দিকে তাকে নিয়া পলাইয়া ঢাকায় আইসা বিয়া করি। রিকশা চালাইয়া, মেসিয়ারি কইরা বউ নিয়া মুগদাপাড়ায় ৮০০ টাকায় ঘরভাড়া দিয়া থাকছি। আমার শ্বশুর নারী অপহরণ মামলা করে আমার বিরুদ্ধে। রিনাও আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আমি নাকি জোর কইরা নিয়া আইছি। এ জন্য দুই বছর জেল খাটছি। আমি জেলে থাকতেই আবার রিনারে বিয়া দেয়। জেলে থাকতেই আমার মা মারা যায়। বাড়িতে কিছু জমি বিক্রি করি। বিদেশে যাবার লাইগা দালালরে দুই লাখ টাকা দেই। দুই-তিন বছর দালালের পিছনে ঘুরছি। বিদেশে যাইতে পারি নাই। নানান কিছু কইরা এখন জুতা বেচি আর টিউশনি করি।’ আবু আলম আর বিয়ে করেননি। একাই থাকেন তালতলায়।