জুনায়েদ-মুশফিকুরের প্রতিরোধ ভেঙে ইংল্যান্ড জিতলো ১৮১ রানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম টেস্টকে পঞ্চম দিনে নিয়ে যাওয়াই ছিল বাংলাদেশের একটি বড় সাফল্য। জুনায়েদ আর মুশফিকুরের অনবদ্য ব্যাটিং,আর ১৬৭ রানের জুঁটি ম্যাচে বাংলাদেশের নিশ্চিত ভরাডুবি বাঁচিয়েছে। ভরাডুবি বলতে বলা উচিত নিশ্চিতভাবেই টেস্টের অন্যতম বড় পরাজয় বাংলাদেশের ললাটে লেখা হয়নি। শেষ পর্যন্ত ১৮১ রানে ইংল্যান্ড ম্যাচটি জিতে নিলেও বাংলাদেশকে বাহবা দিতেই হবে তাঁদের লড়াইয়ের জন্য। অভিনন্দন পেতেই পারেন জুনায়েদ তাঁর শতরানের জন্য। কেবল ছোট্ট একটা আফসোস থেকে গেল মুশফিকুর রহিমের জন্য। ব্যক্তিগত ৯৫ রানে ওরকম একটি শট যদি তিনি না খেলতেন, তাহলে বাংলাদেশের লড়াইটা আরো একটু জমপেশ হতো। চট্টগ্রাম টেস্টের প্রথম থেকেই কোনো কিছুই বাংলাদেশের পক্ষে যায়নি। প্রথমেই টস জিতে সাকিবের আগে ফিল্ডিং নেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত, বোলারদের বাজে বোলিং আর প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতা- সবমিলিয়ে এই টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে যখন ৫১৩ রানে লক্ষ্য দাঁড়ালো, তখন ১৮১ রানের চেয়েও বড় পরাজয়ের কালিমা মাখার একটা সম্ভাবনা ছিল।তারপরেও একটি কথা থেকে যাচ্ছে। আর সেটা হলো, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। প্রতিটি ম্যাচেই একই ঘটনার পুনরাবৃত্তি। অল্পরানে গোটা ৪/৫ উইকেট নেই ,এরপর মিডল ও লোয়ার মিডল অর্ডারের স্রোতের বিরুদ্ধে একটা লড়াই, শেষের দিকে এসে নিশ্চিত একটা দীর্ঘ নিশ্বাস, এভাবে আর কতদিন? ৫১৩ রান করে টেস্ট ক্রিকেটের খুব কম দেশই জিতেছে। বাংলাদেশ জিতবে এমন আশা কেউ করেনি, কিন্ত ১১০ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও যেখানে বাংলাদেশ নিজেদের লক্ষ্যের পথে অনেকদূর গেল কেবল ২ জন ব্যাটসম্যানের কল্যাণে , সেখানে আরো একজন ব্যাটসম্যান ভালো খেললে ফলাফলটা একটু অন্যরকম হওয়াটা অবাস্তব ছিল না। চতুর্থ ও পঞ্চমদিনে ইংল্যান্ডের স্পিনার সওয়ান নিশ্চিতভাবেই কিছুটা টার্ন পেয়েছেন। এখানে ঔ টসের বিতর্কটা এসে যায়। গত শুক্রবার টেস্টের প্রথমদিনে সাকিব টসে জিতে যদি ইংল্যান্ডকে ব্যাটিংয়ে না পাঠাতেন, তাহলে ইংল্যান্ডকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হতো, আর বাংলাদেশের সাকিব-রাজ্জাক-মাহমুদউল্লাহ-নাঈমের বল সেখানে কার্যকরী হতে পারতো। চট্টগ্রাম টেস্টের শেষটা বাংলাদেশের ভালোই হল। জুনায়েদের ফর্মে ফেরা, মুশফিকুরের ধারাবাহিকতা আর টেস্ট ক্রিকেটে ক্রমন্নোতির গ্রাফটাকে আরও উপরে তুলে শেষ করা টেস্ট ভবিষ্যতের জন্য কিছুটা রসদও জমিয়ে রাখলো। এই রসদের কিছুটা ঢাকার শেষ টেস্টে ব্যবহার করতে পারলেই ভালো হয়।