জুনায়েদ-মুশফিকুরের প্রতিরোধে পঞ্চম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দিন শেষেইংল্যান্ড: ৫৯৯/৬ ডিক্লে. ও ২০৯/৭ ডিক্লে.বাংলাদেশ: ২৯৬ ও ১৯১/৫বড় কোনো দল প্রতিপক্ষ হলে ইংল্যান্ডও হয়তো এই টেস্টে জয়টা অবধারিত বলে ধরে নিত না। কিন্তু হাতে মাত্র ৫ উইকেট নিয়ে সারা দিন ব্যাট করার স্বপ্ন অন্তত বাংলাদেশের জন্য অলীক ব্যাপার, ৩২২ রান করে জেতাটা তো আরও বড় কষ্টকল্পনা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ পঞ্চম ও শেষ দিনের খেলা তাই কেবল দুটো প্রশ্ন সামনে রেখেই শুরু হবে—আর কতক্ষণ ব্যাট করবে বাংলাদেশ? কত রানে জিতবে ইংল্যান্ড?জিম্বাবুয়ের বিপক্ষে একটা জয় আগেই ছিল। তবে টেস্ট ক্রিকেটে নতুন দিনের দেখা গত ওয়েস্ট ইন্ডিজ সফরেই পেয়েছে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ড সফর হয়ে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট—ফলাফল শেষ পর্যন্ত যা-ই হোক, উন্নতির কক্ষপথে থাকার লক্ষণটা অন্তত দেখা যাচ্ছে! কাল দিন শেষের সংবাদ সম্মেলনে এসে স্টিভ ফ্লিন যতই বলে যান, চতুর্থ দিনেই টেস্ট জেতার আশা তাঁরা করেননি, ব্যাপারটা ‘আরেকবার সাধিলে খাইব’র মতো। বাংলাদেশ যদি কালই জয় ‘উপহার’ দিয়ে দিত, ইংল্যান্ড কি সেটা নিত না?দিন শেষে দ্বিতীয় ইনিংসের স্কোরবোর্ডে জমা হওয়া ৫ উইকেটে ১৯১ রান হয়তো এমন কিছু নয়। কিন্তু একবার ভাবুন, ১১০ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে এমন একটা শেষ বিকেল কদিন আগেও কি আশা করতে পারতেন? লাঞ্চের এক ঘণ্টা আগে ব্যাট করতে নেমে লাঞ্চে যাওয়ার আগেই দুই ওপেনারের ফিরে যাওয়ার পর আফতাব আহমেদ আর মাহমুদউল্লাহও যখন ব্যর্থ, এই টেস্ট পঞ্চম দিন দেখবে কি না—সেই প্রশ্নটাই জাগছিল সবার আগে। সাকিব আল হাসানের এলবিডব্লু-দুর্ভাগ্য সেই প্রশ্নটাকে আরও বড় করে দিল। টেলিভিশন রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, প্যাডে নয়, গ্রায়েম সোয়ানকে সুইপ করতে গিয়ে বলটা লেগেছে তাঁর গ্লাভসে। আম্পায়ার টনি হিলের চোখ অতটা তীক্ষ্ন হলে তো! সিরিজে আম্পায়ারদের বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ইংলিশদের আপিলে নির্দ্বিধায় আঙুল তুলে দিলেন তিনি।লাঞ্চের পর ২ উইকেটে ৪২ রান নিয়ে খেলতে শুরু করে চা-বিরতির আগেই ১২৫ রানে বাংলাদেশের ৫ উইকেট হারানোতে তাই ইংলিশ বোলারদের সাফল্যের সঙ্গে টনি হিলের দৃষ্টিবিভ্রমও দায়ী। তবে কালকের জন্য বাংলাদেশের ব্যাটিং-ব্যর্থতাটা যে ওখানেই শেষ, তার পুরো কৃতিত্ব ষষ্ঠ উইকেটে জুনায়েদ আর মুশফিকুরের ৮১ রানের জুটির। ৩৯তম ওভারের প্রথম বলে জুটি গড়ে ৩৭ ওভার অবিচ্ছিন্ন তারা, একসঙ্গে ব্যাট করেছেন ১৪২ মিনিট। ম্যাচের পরিস্থিতি মেনে এই সময়টায় খাঁটি টেস্ট ক্রিকেটই খেলেছেন দুজনে। চা-বিরতির পর ৩০ ওভারে রান এসেছে মাত্র ৬৬ রান। ১৯৯ বলে ৬৬ রানে অপরাজিত জুনায়েদ এর মধ্যেই পূর্ণ করেছেন ষষ্ঠ টেস্ট ফিফটি। আর ৪৭ রানে অপরাজিত মুশফিকুর শুধু পঞ্চম ফিফটিই নয়, আশা করছেন এই মাঠে টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করারও। ‘প্রথম ইনিংসে সেঞ্চুরিটা মিস করেছি। এবার তা করতে চাই। সেটি করতে পারলে দলেরও তা কাজে আসবে’—কাল দিন শেষে বললেন ব্যাটিংয়ে ধারাবাহিকতার প্রতীক হয়ে ওঠা বাংলাদেশের উইকেটকিপার।৪৩৪ রানের লিড আগের দিনই নেওয়া ছিল। বোঝাই যাচ্ছিল কাল যত দ্রুত সম্ভব লিডটা আরও বাড়িয়ে ইনিংস ঘোষণা করবে ইংল্যান্ড। হলোও সেটা। তৃতীয় দিন শেষে করা ৫ উইকেটে ১৩১ রানের সঙ্গে কাল আর মাত্র ৭৮ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে দেন অ্যালিস্টার কুক। ততক্ষণে অবশ্য পড়েছে তাদের আরও দুটি উইকেট এবং দুটিই সাকিবের। কুক ইনিংস ঘোষণা না করলে টেস্টে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার হাসি হাসতে পারতেন ৬২ রানে ৪ উইকেট নেওয়া সাকিব। সেটা যখন হলোই না, অপেক্ষা শেষ দিনের। জুনায়েদ-মুশফিকুর দলের মুখে হাসি এনে দিতে পারলে সবচেয়ে উজ্জ্বল হয়ে তো সেটা সাকিবের মুখেই ফুটবে!