জুনায়েদের সেঞ্চুরি, লড়ছেন মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বেশকিছু দিন ধরেই ফর্মটা ভালো যাচ্ছিল না তাঁর। কি টেস্ট, কি ওডিআই, সব শাখাতেই ধারাবাহিক ব্যর্থতার পর চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ালেন তিনি। এক রাজসিক শতকের মাধ্যমে আবার ফর্মে ফিরে এসে জুনায়েদ জানান দিলেন নিজের যোগ্যতার। তাঁর শতরান এল এমন এক সময়, যখন পাঁচ দিনের টেস্ট সাড়ে তিন দিনে হেরে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ। মুশফিকুর রহীমকে সঙ্গী করে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আশার ফানুসটি তিনি এখনো প্রজ্বলিত রেখেছেন। প্রায় অসম্ভব ৫১৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে জুনায়েদের চমত্কার এই শতরান বাংলাদেশকে অনেক কিছুরই স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর সোয়ানের বলে স্লিপে ক্যাচ দিয়ে ১০৬ রানে ফিরে সাজঘরে ফিরে যান জুনায়েদ। ফলে বাংলাদেশের স্বপ্নও কিছুটা ফিকে হয়ে গেছে। দৈর্ঘ্যের ভিত্তিতে এটি বাংলাদেশের পক্ষে চতুর্থ দীর্ঘতম টেস্ট শতক। জুনায়েদের চলমান এই ইনিংসের আগে অতীতে আরও তিনবার বাংলাদেশের ব্যাটসম্যানরা দীর্ঘক্ষণ উইকেটে টিকে থেকে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন। তাঁরা হলেন আমিনুল ইসলাম, জাভেদ ওমর ও নাফিস ইকবাল। বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে আমিনুল ইসলাম ৩৮০ বল খেলে ১৪৫ রান করেছিলেন। এরপর পাকিস্তানের বিপক্ষে পেশোয়ারে জাভেদ ওমর ৩৫৭ বলে ১১৯ রান ও ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নাফিস ইকবাল ১২১ রান করেছিলেন প্রায় দেড় দিন ব্যাট করে।জুনায়েদ আজ ইংল্যান্ডের বিপক্ষে তাঁর অপরাজিত ১০৬ রানের ইনিংসটি খেলেছেন ২৯২ বলে। বাংলাদেশের ব্যাটসম্যানদের বিরুদ্ধে যখন মাত্রাতিরিক্ত শট খেলার অভিযোগ, সবার ক্ষোভ ধৈর্যহীন ব্যাটিংয়ের কারণে, ঠিক তখনই জুনায়েদের ব্যাটিং যেন বাংলাদেশের ক্রিকেটের চরিত্র পরিবর্তনের একটি সুন্দর আভাস। জুনায়েদ সিদ্দিকী অপরাজিত ১০৬ রানের পথে ১৭টি চারের মার মেরেছেন। দুই-একটি শট বাদে গোটা ইনিংসই ভুলবিহীন, ধৈর্য আর সংযমের বিমূর্ত উদাহরণ। মধ্যাহ্ন বিরতির আগে শতরান পূরণ করে ফেলা জুনায়েদের কাজ শেষ হয়ে যায়নি; বরং এখনো অনেকটাই বাকি। এ মুহূর্তে জয়ের জন্য ২৩৬ রানের চেয়ে জুনায়েদের টিকে থাকাটা বড় জরুরি। আর তিনি টিকে থাকলে কী কী হতে পারে—সেটা বলাই বাহুল্য।