জুনে টানা বৃষ্টি, জলাবদ্ধতার শঙ্কা
ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে রাজধানীসহ সারা দেশে আরও দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। তারপর কয়েক দিনের বিরতি। আবার জুনের শুরুতে মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপাতত এই হচ্ছে আবহাওয়া দপ্তরের দৃষ্টিতে বৃষ্টিপাতের রুটিন। এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের উত্তর অন্ধ্র প্রদেশের উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়ছে। এটি আরও উত্তরে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ফলে বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, লায়লার প্রভাবে আগামী দুই দিনও বৃষ্টি হতে পারে। তবে এর সঙ্গে চলতি মাসে ঝড় হবে কি না বা হলে কোন মাত্রার হবে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। গতকাল শুক্রবার ঢাকায় ১২ মিলিমিটার এবং বরিশালে সর্বাধিক ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঢাকায় সামান্য বৃষ্টিতেই অনেক এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের ভবিষ্যদ্বাণীর মতো আরও দুই দিন বৃষ্টি হলে জলাবদ্ধতাও বাড়তে পারে। তবে ওয়াসা বলেছে, জলাবদ্ধতা ঠেকাতে রামপুরা সেতুর পাশে পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেটের কাছে ৫০টিসহ বিভিন্ন স্থানে ১৭৯টি নিষ্কাশন পাম্প বসানো হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, এবার টানা অনেক দিন খরার পর বৃষ্টি হয়েছে। এপ্রিলে সিলেট ছাড়া অন্য বিভাগে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টি হয়েছে। ভবিষ্যতে একসঙ্গে বেশি বৃষ্টি হতে পারে এবং তা হলে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকার বিশেষজ্ঞ প্যানেলের (আইপিসিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া পরিবর্তনের ফলে কোথাও বর্ষায় দীর্ঘ সময় খরা থাকছে। বর্ষণ হচ্ছে স্বল্পস্থায়ী। তবে ক্ষণস্থায়ী হলে এ বর্ষণ হয় ভারী ও টানা। পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আইনুন নিশাত গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রধানত অল্প সময়ে বেশি বৃষ্টিপাতের কারণে ঢাকাসহ নগরগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ তথ্য মাথায় রেখে ঢাকায় নালা-নর্দমা ব্যবস্থাপনাসহ সার্বিক পানি নিষ্কাশনব্যবস্থা দ্রুত উন্নয়ন করা দরকার।সিলেটে অস্বাভাবিক, সারা দেশে কম বৃষ্টি: সিলেটে গত মাসে ২৯৬ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু হয়েছে প্রায় দ্বিগুণ, ৪৯৮ মিলিমিটার। আবার ঢাকাসহ অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হয়েছে। ঢাকা বিভাগে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৬৪ দশমিক ২ মিলিমিটার। চট্টগ্রামে ২৯, খুলনায় ৩৩, বরিশালে ১৮ ও রাজশাহীতে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়া-সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, আগামী মাসে দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে একাধিক নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিক বন্যার আশঙ্কা করছে। আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও এই আশঙ্কার কথা বলা হয়েছে।